২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে গিরিসঙ্কটে বাস পড়ে নিহত ১২, আহত ২৭

একটি সঙ্গীত দলের সদস্যরা প্রাইভেট বাসে পুনে থেকে মুম্বাই যাওয়ার পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গিরিসঙ্কটে পড়ে যায়।

ভারতে গিরিসঙ্কটে বাস পড়ে নিহত ১২, আহত ২৭

স্থানীয় পুলিশের একটি দল ও একটি ট্রেকার গ্রুপ উদ্ধার অভিযানে অংশ নিচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2023, 12:18 PM

Updated : 15 Apr 2023, 12:18 PM

ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুরনো মুম্বাই-পুনে মহাসড়কের একটি গিরিসঙ্কটে যাত্রীবাহী বাস পড়ে অন্তত ১২ জন নিহত হয়েছেন।

শনিবার স্থানীয় সময় ভোর ৪টা ৫০ মিনিটের দিকে রাইগাদ জেলার খপোলিতে ঘটা এ ঘটনায় আরও ২৭ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

খপোলি শহরটি মুম্বাই থেকে প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণপূর্বে।

একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ঐতিহ্যবাহী একটি সঙ্গীত দলের সদস্যরা একটি প্রাইভেট বাসে পুনে থেকে মুম্বাই যাচ্ছিলেন, পথে মহাসড়কের শিনগ্রোবা মন্দিরের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গিরিসঙ্কটে পড়ে যায়।

তিনি বলেন, “বাসটি মুম্বাইয়ের গোরেগাওয়ের ‘বাজি প্রভু বাদক গোষ্ঠী’র সদস্যদের বহন করে নিয়ে আসছিল। পুনে জেলায় অনুষ্ঠান করার পর তারা গোরেগাওয়ে ফিরছিলেন। শনিবার রাত ১টার দিকে তারা রওনা হয়েছিলেন।”

এ দুর্ঘটনায় ১২ জন নিহত ও আরও ২৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি, খবর এনডিটিভির।

আহতদের নিকটবর্তী খপোলি রুরাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের সবার বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার অতুল জান্দে।

স্থানীয় পুলিশের একটি দল ও একটি ট্রেকার গ্রুপ উদ্ধার অভিযানে অংশ নিচ্ছে বলে পুলিশ জানিয়েছে।