২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩ কর্মী নিহত, সুদানে কার্যক্রম স্থগিত করেছে ডব্লিউএফপি

সুদানের সেনাবাহিনী এবং দেশটির প্রভাশালী আধাসামরিক বাহিনী আরএসএফ এর মধ্যে শনিবার থেকে ক্ষমতার দখল নিয়ে তুমুল লড়াই শুরু হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2023, 08:42 PM

Updated : 16 Apr 2023, 08:42 PM

সুদানের চলমান সংঘাতে জাতিসংঘের খাদ্য বিষয়ক সংস্থা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি) এর তিনজন কর্মী নিহত এবং আরো দুই কর্মী আহত হয়েছেন।

যে কারণে সংস্থাটি সুদানে তাদের সব ধরণের কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন বলে রোববার এক বিবৃতিতে জানিয়েছেন ডব্লিউএফপির নির্বাহী পরিচালক সিন্ডি ম্যাককেইন।

বিবৃতিতে বলা হয়, ‘‘সুদানে চলমান নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে আমরা সেখানে আমাদের সব ধরণের কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।

‘‘সুদানে চরম খাদ্য নিরাপত্তাহীনতায় থাকা মানুষদের সহায়তা করতে ডব্লিউএফপি প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু আমাদের দল এবং অংশীদারদের নিরাপত্তা ও সুরক্ষার নিশ্চয়তা না পেলে আমাদের পক্ষে সেখানে জীবনরক্ষাকারী কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব না।”

সুদানের ক্ষমতার নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে শনিবার থেকে দেশটির প্রভাশালী আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এবং সেনাবাহিনীর মধ্যে তুমুল লড়াই শুরু হয়েছে।

ওইদিন দেশটির নর্থ দারফুর কাবকাবিয়া অঞ্চলে সংঘর্ষে ডব্লিউএফপি-র তিনজন কর্মী নিহত এবং দুইজন আহত হন বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানান সংস্থাটির একজন মুখপাত্র। নিহত তিনজনই সুদানের নাগরিক।

পুরনো খবর:

সুদানে আধাসামরিক বাহিনী-সেনাবাহিনী ক্ষমতার লড়াইয়ে নিহত ৫৬

ডব্লিউএফপির কর্মী নিহতের ঘটনায় জাতিসংঘের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে বলে ‍জানায় বিবিসি।

শুধু কর্মীরা হতাহত হয়েছে তাই নয়, বরং শনিবার গোলাগুলি চলার সময় রাজধানী খার্তুমের আন্তর্জাতিক বিমানবন্দরে ডব্লিউএফপির একটি উড়োজাহাজও ক্ষতিগ্রস্ত হয় বলে বিবৃতিতে জানানো হয়েছে। যার ফলে কর্মীদের নিরাপদে সরিয়ে নেওয়া এবং সুদানে বিপদগ্রস্ত মানুষদের সহায়তা কার্যক্রম ব্যহত হবে বলেও জানিয়েছেন তারা।