রক্তক্ষয় বন্ধে গাজা-ইসরায়েল যুদ্ধবিরতির আহ্বান চীনের
ইসরায়েল-হামাস সংঘাতের মূলে আছে ফিলিস্তিনিদের প্রতি ন্যায়বিচারের অভাব- বলেছে রাশিয়া ও চীন।
রক্তক্ষয় বন্ধ এবং মানবিক বিপর্যয় এড়াতে ইসরায়েল এবং গাজার মধ্যে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
ইসরায়েল এবং হামাসের মধ্যকার চলমান সংঘাত নিয়ে বেইজিংয়ে বৈঠক করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
সেই বৈঠকেই সোমবার বিশ্বের শক্তিধর দেশগুলোকে মানবিক বিপর্যয় এড়ানোর পরামর্শ দিয়ে যুদ্ধবিরতির আহ্বান জানান ওয়াং।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চীন সফরের আগে দিয়ে দুই পররাষ্ট্রমন্ত্রীর এই বৈঠক হয়।
ল্যাভরভকে ওয়াং বলেছেন, “জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে ব্যবস্থা নিতেই হবে। অন্যান্য বড় শক্তিগুলোকেও সক্রিয় ভূমিকা নিতে হবে। একটা যুদ্ধবিরতি হওয়া এবং দুই পক্ষকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনা জরুরি। সেইসঙ্গে আরও মানবিক বিপর্যয় যাতে না হয়, সেজন্য জরুরি একটি মানবিক চ্যানেল প্রতিষ্ঠা করা দরকার।”
চীন এবং রাশিয়া দুই দেশই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। দেশ দুটি বলছে, ইসরায়েল-হামাস সংঘাতের মূলে আছে ফিলিস্তিনিদের প্রতি ন্যায়বিচারের অভাব।
ফিলিস্তিনিরা জেরুজালেমকে রাজধানী করে পশ্চিম তীর এবং গাজা মিলে একটি রাষ্ট্র চায়। যে অঞ্চল ১৯৬৭ সালের যুদ্ধে দখল করে নিয়েছিল ইসরায়েল।
রাশিয়া ইহুদি এবং ফিলিস্তিন দুইপক্ষেরই সহিংসতার নিন্দা করেছে। তবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিকে আমল না দেওয়ার জন্য রাশিয়া বারবার যুক্তরাষ্ট্রের সমালোচনা করে এসেছে।
চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর রুশ পররাষ্ট্রমন্ত্রী জানান, তাদের মধ্যে আন্তর্জাতিক ও আঞ্চলিক নানা বিষয় নিয়ে বিস্তারিত মত বিনিময় হয়েছে। এর মধ্যে মধ্যপ্রাচ্যের গুরুতর বিষয়ও স্থান পেয়েছে।
