ভারতে নতুন বছরের বাজেটে আয়করে ছাড়, ব্যয় বৃদ্ধি
দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী মোদী সরকারের এটিই শেষ পূর্ণাঙ্গ বাজেট। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে আর বাজেট পেশের সুযোগ নেই এ সরকারের।
ভারতের পার্লামেন্টে নতুন ২০২৩-২৪ অর্থবছরের সাধারণ বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
দ্বিতীয় মেয়াদে নরেন্দ্র মোদী সরকারের এই শেষ পূর্ণাঙ্গ বাজেটে মধ্যবিত্তদের জন্য আয়করে ছাড় এবং মূলধনী ব্যয় একলাফে অনেকখানি বাড়ানো হয়েছে।
এখন থেকে নতুন কর কাঠামো ব্যবহার হবে। তবে পুরনো কর কাঠামোর সুবিধাও থাকবে।
বছরে ৭ লাখ রুপি পর্যন্ত আয় হলে আয়করে ছাড় থাকবে। আয়কর ছাড়ের সীমা ৫ লাখ রুপি থেকে বাড়িয়ে ৭ লাখ রুপি করা হচ্ছে।
তাছাড়া, কারও বছরে ৯ লাখ রুপি পর্যন্ত আয় হলে ৪৫ হাজার রুপি আয়কর দিতে হবে, যা আগের তুলনায় ২৫ শতাংশ কম।
কারো ১৫ লাখ রুপি বাৎসরিক আয় হলে তাকে দেড় লাখ রুপি কর দিতে হবে। আগে দিতে হত ১ লাখ ৮৭ হাজার রুপি। আর ০ থেকে ৩ লাখ রুপি পর্যন্ত বছরে আয় করলে কোনও কর দিতে হবে না।
ভারতে ব্যক্তিগত আয়করের ওপর সর্বোচ্চ হারও ৪২ শতাংশ থেকে ৩৯ শতাংশে নামিয়ে আনা হয়েছে।
আয়করে সাশ্রয় হলে সাধারণ মানুষের হাতে খরচ করার মতো বাড়তি অর্থ আসবে।মুদ্রাস্ফীতির কারণে ভারতে মানুষের হাতে খরচ করার মতো অর্থ কমেছে।
অবকাঠামোতে ব্যয় বৃদ্ধি:
আয়করে ছাড়ের পাশাপাশি ২০১৪ সাল থেকে সরকারের সড়ক, মহাসড়ক, ভবন, রাস্তাঘাট এবং বিদ্যুৎকেন্দ্র তৈরির পরিকল্পনা মোতাবেক এবার বাজেটে মূলধনী ব্যয় ৩৩ শতাংশ বাড়ানো হয়েছে, যা গত বাজেটের অঙ্কের ৩৫দশমিক ৪ শতাংশর তুলনায় সামান্য কম।
তবে এই বাজেটে মূলধনী খরচের মোট অঙ্ক ধরা হয়েছে ১২ হাজার ২০০ কোটি ডলার, যা ২০১৯ সালের অঙ্কের চেয়ে প্রায় তিনগুণ বেশি।
কেন্দ্রীয় এই বাজেটে মধ্যবিত্তের ভরসা ভারতীয় রেল ইতিহাসে সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে বলে জানিয়েছে বিবিসি। রেলের জন্য বরাদ্দ হয়েছে ২,৪০০ কোটি ডলার। এই বরাদ্দ কেন্দ্রে প্রধানমন্ত্রী মোদীর আমল শুরু হওয়ার আগে রেলের পাওয়া বরাদ্দের ৯ গুণ।
বাজেটে নতুন রেলপথ তৈরি, আরও রেলপথের বৈদ্যুতিকরণ, রেলস্টেশন, ট্রেনের পরিচ্ছন্নতা, রেল পরিকাঠামোর উন্নতি, রেল সুরক্ষা ব্যবস্থা, নতুন আরও বন্দে ভারত ট্রেন, বুলেট ট্রেন এবং হাইড্রোজেন জ্বালানিতে ট্রেন চালানো খাতে খরচ করা হবে বরাদ্দ অর্থ।
এছাড়া, ভারতের বিভিন্ন অঞ্চলে যোগাযোগ ও আকাশপথে সংযোগ বাড়াতে অর্থমন্ত্রী ৫০টি নতুন বিমানবন্দর, এরোড্রোম ও হেলিপোর্ট বানানোর কথাও ঘোষণা করেছেন।
সাধারণ মানুষের জন্য আবাসনের ব্যবস্থা করে দিতে আবাসন প্রকল্পতেও ব্যয় প্রায় ৬৬ শতাংশ বাড়িয়ে প্রায় ১০০০ কোটি ডলার করা হয়েছে।
বাজেট ঘাটতিতে রাশ টানা:
সরকারের এবারের লক্ষ্য, বাজেট ঘাটতি (মোট আয় ও ব্যয়ের মধ্যকার ফারাক) অন্তত ০ দশমিক ৫ শতাংশ কমানো। ২০২২-২৩ অর্থবছরে ভারতে এ ঘাটতি ছিল ৬ দশমিক ৪ শতাংশ, এবছরে সেই ঘাটতি ৫দশমিক ৯ শতাংশে নামিয়ে আনা সরকারের লক্ষ্য।
মোট ব্যয় বৃদ্ধি সাত শতাংশে সীমাবদ্ধ রেখে সরকার এ লক্ষ্য পূরণ করতে চায়,তবে বিশ্লেষকরা অনেকেই মনে করছেন, ভারতে সাধারণ নির্বাচনের আগে এমন রাশ টানা কঠিন।
তবে ২০২৫-২৬ অর্থবছরের মধ্যে বাজেট ঘাটতি আরও কমিয়ে ৪ দশমিক ৫ শতাংশ করার যে মধ্য-মেয়াদী লক্ষ্য সরকার আগেই ঘোষণা করেছিল, নির্মলা সীতারামন সেই অঙ্গীকারই এবার পুনর্ব্যক্ত করেছেন।
কোভিড মহামারির সময় ভারতে সাধারণ মানুষকে বিনা পয়সায় টিকা ও গরিব মানুষের খাবারের সংস্থান করতে গিয়ে ২০২০-২১ অর্থ বছরে বাজেট ঘাটতি রেকর্ড ৯ দশমিক ৩ শতাংশে পৌঁছায়।
