২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে বাড়ছে কোভিড সংক্রমণ, ভারতে মাস্ক পরার নির্দেশনা

শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তারা জনগণকে দ্রুত টিকা গ্রহণের এবং যারা টিকার দুই ডোজ গ্রহণ করেছেন তাদের বুস্টার ডোজ গ্রহণেরও পরামর্শ দিয়েছেন।

চীনে বাড়ছে কোভিড সংক্রমণ, ভারতে মাস্ক পরার নির্দেশনা

ছবি: ইউটিউব ভিডিও

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2022, 08:48 PM

Updated : 22 Dec 2022, 08:48 PM

প্রতিবেশী দেশ চীনে বাড়ছে কোভিড-১৯ সংক্রমণ। এ অবস্থায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভারতের স্বাস্থ্যমন্ত্রী জনসম্মুখে মাস্ক পরাসহ মহামারীর সময়কার যথাযথ আচরণবিধি ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন।

সেইসঙ্গে শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তারা জনগণকে দ্রুত টিকা গ্রহণের এবং যারা টিকার দুই ডোজ গ্রহণ করেছেন তাদের বুস্টার ডোজ গ্রহণের পরামর্শ দিয়েছেন।

দেশে কোভিড সংক্রমণের হার ‍অনেকটা হ্রাস পাওয়ায় এ বছরের শুরুর দিকেই ‍মাস্ক পরার বাধ্যবাধকতা তুলে নেয় ভারত সরকার। কিন্তু বর্তমানে চীনে যেভাবে করোনা ভাইরাস সংক্রমণের দ্রুত বিস্তার ঘটছে তাতে ভারত সতর্ক অবস্থানে যেতে বাধ্য হচ্ছে।

বিবিসি জানায়, চীনে করোনা ভাইরাসের দ্রুত সংক্রামক ধরণ ওমিক্রনের উপধরণ বিএফ.৭ ভাইরাসটি মূলত ছড়াচ্ছে। গত কয়েক মাসে ভারতে বিএফ.৭ উপধরণে আক্রান্ত চারজন রোগী শনাক্ত হয়েছে।

তাদের মধ্যে তিনজন গুজরাটে এবং একজন ওডিশায়। গত জুলাই, সেপ্টেম্বর ও নভেম্বরে মাসে শনাক্ত হওয়া ওইসব রোগীরা বর্তমানে সুস্থ হয়ে উঠেছেন বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যকর্মীরা।

সরকারি হিসাব অনুযায়ী, ভারতে বর্তমানে মাত্র সাড়ে তিন হাজারের মত কোভিড ‘পজিটিভ’ রোগী রয়েছে। ২০২০ ও ২০২১ সালে ভারতকে কোভিড-১৯ এর ভয়াবহ দুইটি ঢেউ দেখতে হয়েছে। যা বহু মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে।

তবে চীনে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়লেও এখনই ভারতীয়দের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলেই মত কয়েকজন স্বাস্থ্য বিশেষজ্ঞর।

বৃহস্পতিবার ভারতের স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া পার্লামেন্টে একটি অধিবেশনে বলেন, ‘‘যদিও চীনে সংক্রমণ বাড়ছে। ভারতে তা কমছে।’’

তার মন্ত্রণালয় থেকে ভাইরাসের নতুন ধরণের উপর কঠোর নজরদারি করা হচ্ছে জানিয়ে তিনি রাজ্য সরকারগুলোকে ভাইরাসের ‘জিনোম সিকোয়েন্স’ এর উপর জোর দেয়ার পরামর্শ দেন।

ভারতের কেন্দ্রীয় সরকার এ সপ্তাহের শুরুতে সব রাজ্য সরকারকে কোভিড ‘পজিটিভ’ রোগীদের নমুনা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ফোরাম দ্বারা পরিচালিত গবেষণাগারে পাঠাতে বলেছে। ফোরাম পরিচালিত গবেষণাগারে ভারতে শনাক্ত হওয়া করোনা ভাইরাসের বিভিন্ন ধরণ নিয়ে পরীক্ষা করা হচ্ছে।

শীতে ভারতে নানা ধরণের পারিবারিক, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা হয়। এই সময়ে শারীরিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক পরার মত কোভিড বিধি মেনে চলতে জনগণকে উৎসাহিত করতে রাজ্য সরকারগুলোকে ব্যবস্থা গ্রহণ করতে বলেছেন স্বাস্থ্যমন্ত্রী।

এর পাশাপাশি ভারত আবারও বিমানবন্দরে আন্তর্জাতিক যাত্রীদের ‘র‌্যানডম’ কোভিড পরীক্ষা শুরু করেছে।