১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

‘হামমুক্ত’ দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র

দেশটিতে টিকাদানের হার কমেছে এবং টিকা নিয়ে মানুষের দ্বিধা বেড়েছে।

‘হামমুক্ত’ দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র

ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Nov 2026, 03:26 PM

Updated : 14 Nov 2026, 03:26 PM

টানা এক বছরের বেশি সময় ধরে সংক্রমণ ছড়িয়ে পড়ায় হামমুক্ত দেশের স্বীকৃতি হারিয়েছে যুক্তরাষ্ট্র। ২৬ বছর পর দেশটির এ স্বীকৃতি প্রত্যাহার করেছে প্যান আমেরিকান স্বাস্থ্য সংস্থা (পিএএইচও)।

শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে বলে লিখেছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদন অনুযায়ী, অত্যন্ত সংক্রামক এই ভাইরাসের বিস্তার এক বছরের বেশি সময় ধরে বন্ধ করতে না পারায় যুক্তরাষ্ট্রের হাম নির্মূলের স্বীকৃতি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আমেরিকা অঞ্চলের কার্যালয় প্যান আমেরিকান স্বাস্থ্য সংস্থা।

তবে এ বিষয়ে রয়টার্সের বক্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে দেয়নি সংস্থাটি।

রয়টার্স লিখেছে, তিন দশকের বেশি সময়ের মধ্যে সবচেয়ে বেশি হাম সংক্রমণের মুখে রয়েছে যুক্তরাষ্ট্র। ২০২৫ সাল থেকে দেশটিতে প্রায় ৭ হাজার ৫০০ জন হামে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ১৩ জন।

এ সময়ে দেশটিতে টিকাদানের হার কমেছে এবং টিকা নিয়ে মানুষের দ্বিধা বেড়েছে। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়রও বছরের পর বছর ধরে হামের টিকার নিরাপত্তা নিয়ে বৈজ্ঞানিক প্রমাণ ছাড়াই সন্দেহ ছড়িয়ে আসছেন।

প্যান আমেরিকান স্বাস্থ্য সংস্থা তাদের মূল্যায়নে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) দেওয়া রোগতাত্ত্বিক ও পরীক্ষাগার সংক্রান্ত তথ্য পর্যালোচনা করেছে। দেশটিতে একই ধরনের হাম ভাইরাসের সংক্রমণ টানা ১২ মাস বা তার বেশি সময় ধরে চলছে কি না, তা যাচাই করা হয়।

এর মাধ্যমে বিদেশ থেকে আসা সংক্রমণের বদলে স্থানীয়ভাবে ভাইরাসের বিস্তার ঘটছে কি না, তা নির্ধারণ করা হয়।

সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞদের পর্যালোচনার পর কানাডা, স্পেন ও যুক্তরাজ্যও হাম নির্মূলের স্বীকৃতি হারিয়েছে। যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে গেলেও প্যান আমেরিকান স্বাস্থ্য সংস্থার সদস্য রয়েছে।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের পরিচালক এরিকা শোয়ার্টজ সিদ্ধান্তের আগে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, হাম নির্মূলের স্বীকৃতি হারালেও সংস্থাটি আগের মতোই অঙ্গরাজ্যগুলোর সঙ্গে কাজ করে টিকাদানে উৎসাহিত করবে।

চলতি বছরে বৃহস্পতিবার পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৪৫টি অঙ্গরাজ্য, নিউ ইয়র্ক সিটি ও ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ায় ৫ হাজার ১৮২ জনের হাম শনাক্ত হয়েছে। গত বছর আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ২৮৯। কয়েক দশকের মধ্যে এটি দেশটিতে হামের অন্যতম বড় প্রাদুর্ভাব।

নর্থ ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিভাগের অধ্যাপক নোয়েল ব্রিউয়ার বলেন, “এটি সম্পূর্ণ প্রতিরোধযোগ্য একটি রোগ। এত বেশি হামের সংক্রমণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

হামবিষয়ক একটি স্বাধীন পরামর্শক প্যানেলের প্রধান ব্রিউয়ার মঙ্গলবার প্যান আমেরিকান স্বাস্থ্য সংস্থার কাছে সিডিসির প্রতিবেদন এবং তার দলের মূল্যায়ন তুলে ধরেন।

ওই প্রতিবেদন গোপন রাখা হয়েছে। তবে সিডিসির তথ্য সম্পর্কে অবগত একটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রে টানা ১২ মাস ধরে হাম ভাইরাসের সংক্রমণ চলছে বলে সংস্থাটি নির্ধারণ করেছে।

২০০০ সালে হাম নির্মূলের স্বীকৃতি পেয়েছিল যুক্তরাষ্ট্র। কোনো দেশের ৯৫ শতাংশ মানুষকে টিকার আওতায় আনা গেলে ভাইরাসের সংক্রমণ বন্ধ করা সম্ভব হয়। এতে হার্ড ইমিউনিটি তৈরি হয়, যা টিকা নিতে অক্ষম মানুষকেও সুরক্ষা দেয়।

সংক্রমণ ও ভাইরাসের বিস্তার ঠেকানোর সবচেয়ে কার্যকর উপায় দুই ডোজ হামের টিকা নেওয়া। এতে প্রায় ৯৭ শতাংশ সুরক্ষা পাওয়া যায়। হাম থেকে অন্ধত্ব, বধিরতা, মস্তিষ্কের ক্ষতি এমনকি মৃত্যুও হতে পারে।

জনস হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের অধ্যাপক উইলিয়াম মস বলেন, হাম নির্মূলের স্বীকৃতি হারানো জনস্বাস্থ্য খাতে যুক্তরাষ্ট্রের সুনামের জন্য বড় ধাক্কা। এতে অন্য দেশগুলোও নিরুৎসাহিত হতে পারে।

রয়টার্স লিখেছে, সাধারণ মার্কিন নাগরিকদের জন্য এর অর্থ হলো, দেশটিতে বড় আকারে হামের প্রাদুর্ভাব অব্যাহত থাকতে পারে। এতে মানুষ সংক্রমণ, হাসপাতালে ভর্তি হওয়া ও মৃত্যুর ঝুঁকিতে পড়বে।

হাম নির্মূলের স্বীকৃতি ফিরে পেতে হলে কোনো দেশকে সংক্রমণ বন্ধ করে অন্তত ১২ মাস প্রাদুর্ভাবমুক্ত থাকতে হবে।

এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ সাড়া দেয়নি।