২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিউকেমিয়ায় মৃত্যুর আগে ছেলেবন্ধুকে ‘বিয়ে’ করলেন ১০ বছরের বালিকা 

জুনে জাঁকালো একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাদের বিয়ে হয়, কিন্তু এর ১২ দিন পর বালিকা এমার মৃত্যু হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2023, 05:25 PM

Updated : 09 Aug 2023, 05:25 PM

বিবাহিত হওয়ার বাসনা পোষণ করা লিউকেমিয়ায় আক্রান্ত যুক্তরাষ্ট্রের ১০ বছর বয়সী এক বালিকা তার শৈশবের প্রিয় বন্ধুকে বিয়ে করার কয়েক দিনের মধ্যেই মৃত্যুবরণ করেছে।

নিউ ইয়র্ক পোস্টের খবর অনুযায়ী, এমা এডওয়ার্ড ও ড্যানিয়েল মার্শাল ক্রিস্টোফার ‘ডিজে’ উইলিয়ামস ২৯ জুন জাঁকালো একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিয়ে করেন, এর মাত্র ১২ দিন পর ১০ বছর বয়সী এমার মৃত্যু হয়।

গত বছরের এপ্রিলে এমার তীব্র লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া (এএলএল) ধরা পড়ে। কিন্তু সে তার অসুস্থতাকে পরাজিত করতে পারবে বলে তার মা আলিনা ও বাবা অ্যারন এডওয়ার্ডস আশবাদী ছিলেন। কিন্তু চলতি বছরের জুনে তাদের জানানো হয়, এমার ক্যান্সার নিরাময়যোগ্য নয় এবং সে আর কয়েকদিন মাত্র বাঁচবে।  

এমার মা আলিনা বলেন, “আমরা অন্য ধরনের চিকিৎসা নিতে গেলাম আর তারা জানাল, সে কয়েক সপ্তাহ নয়, সে সম্ভবত কয়েকদিন বা বড়জোর এক সপ্তাহ বাঁচবে।

“আমরা কোনোভাবেই এটা শোনার আশা করিনি। আমরা ভাবলাম, অন্য ধরনের চিকিৎসা নেবো ও সেটি কাজ করবে। এটা পেটে সজোরে ঘুষি মারার মতো। আমরা কল্পনাও করতে পারিনি তারা বলবে, তারা ওর জন্য আর কিছু করতে পারবে না।” 

এই দুঃখজনক খবর জানার পর আলিনা ও ডেজের মা কাজে নেমে পড়েন, তারা একটি নকল ‘বিয়ের’ পরিকল্পনা করেন। 

“এটা অতি দ্রুত করা দরকার ছিল। দুই দিনেরও কম সময়ের মধ্যে আমরা সবকিছুর আয়োজন করে ফেলি। সবকিছু দানের মধ্যে দিয়ে শেষ হয়,” বিয়ের অনুষ্ঠানের বিষয়ে বলে আলিনা।

একটি বাগানে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল। প্রায় ১০০ জন অতিথি এতে উপস্থিত ছিলেন। 

আলিনা বলেন, “এটি মহামূল্যবান অনুষ্ঠান ছিল আর সবকিছু এতো ভালোভাবে হয়েছে। ওর বাবা বলেছে, সে তাকে তুলে দিয়েছে। আমাদের এক বন্ধু প্রতিনিধিত্ব করেছে, আরেক বন্ধু বাইবেল থেকে ত্রোস্ত পাঠ করেছে আর তার প্রিয় বন্ধু সম্মানিক দাসীর ভূমিকা পালন করেছে।”

আলিনা তার নতুন জামাইয়েরও প্রসংশা করেছেন। বলেছেন, “ডিজে সবচেয়ে মিষ্টি মনের ছেলে। সোনার তৈরি একটি হৃদয় আছে ওর আর ও সত্যিই এমাকে ভালোবাসত।”

আলিনা এডওয়ার্ড আরও জানান, এমা দেখতে হৃষ্টপুষ্ট ছিল, কিন্তু একদিন পরে যাওয়ার পর তারা তাকে হাসপাতালে নিয়ে যান, সেখানে ২০২২ এর এপ্রিলে ওর পায়ের হাড়ে ক্যান্সার ধরা পড়ে।

কিন্তু চিকিৎসকরা তাকে জানিয়েছিলেন, শিশুদের ‘প্রায়ই’ ক্যান্সার হয় আর সেটি নিরাময়যোগ্য হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু দুঃখজনকভাবে এমার ক্ষেত্রে তাদের কথা সত্য হয়নি।