২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি-সিরিয়া পররাষ্ট্র মন্ত্রীদ্বয়ের বৈঠক, মাদকের বিরুদ্ধে লড়াইয়ে সমঝোতা

সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার কয়েক দিন আগে মেকদাদ মিশর এবং জর্ডানের পররাষ্ট্র মন্ত্রীদের সঙ্গেও বৈঠক করেছেন।

সৌদি-সিরিয়া পররাষ্ট্র মন্ত্রীদ্বয়ের বৈঠক, মাদকের বিরুদ্ধে লড়াইয়ে সমঝোতা

ছবি রয়টার্সের

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2023, 05:30 PM

Updated : 13 Apr 2023, 05:30 PM

সৌদি আরব ও সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠকে কনসুলার সেবা ও ফ্লাইট পুনরায় চালুসহ দ্বিপাক্ষিক সম্পর্কের বরফ গলাতে নেওয়া নানান পদক্ষেপকে স্বাগত জানানোর পাশাপাশি আরব জোটে সিরিয়ার প্রত্যাবর্তনকে সহজ করা এবং মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতার বিষয়ে মতৈক্য হয়েছে।

এই বৈঠকে অংশ নিতে বুধবার লোহিত সাগর তীরবর্তী শহর জেদ্দায় নামেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদ। এর মাধ্যমে এক দশকেরও বেশি সময় পর সিরিয়ার কোনো ঊর্ধ্বতন কূটনীতিক সৌদি আরব গেলেন।

সিরিয়ার আঞ্চলিক বিচ্ছিন্নতা যে প্রায় শেষের পথে, মেকদাদের এই সফর সেই সংকেতই দিচ্ছে বলে এক প্রতিবেদনে বলেছে বার্তা সংস্থা রয়টার্স।

২০১১ সালে শান্তিপূর্ণ বিক্ষোভে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারের নির্মম দমনপীড়নের পর মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ সৌদি আরব দামেস্কের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল। পরে তারা আসাদকে উৎখাতে যুদ্ধে নামা বিদ্রোহীদের সমর্থন দিয়েছিল, এরপর আরব লিগে সিরিয়ার সদস্যপদও স্থগিত হয়।  

এখন সৌদি আরব-সিরিয়া সম্পর্ক পুনর্বহালের মাধ্যমে আসাদের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিকের কাজও অনেকদূর এগিয়ে দেবে। সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার আগে মেকদাদ মিশর এবং জর্ডানের পররাষ্ট্র মন্ত্রীদের সঙ্গেও বৈঠক করেছেন। এমন বৈঠকও হল এক দশকের বেশি সময় পর। 

আসাদ তার মূল মিত্র ইরান ও রাশিয়ার সহযোগিতায় সিরিয়ার বেশিরভাগ অংশের কর্তৃত্বই ফিরে পেয়েছেন; তাকে ‘একঘরে করে রাখা’ যে কাজে দেয়নি, এখন তা সৌদি আরবও বলছে।

পুরনো খবর:

এক যুগ পর প্রথম সৌদি আরব সফরে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী

বুধবার সিরীয় পররাষ্ট্রমন্ত্রীর সৌদি সফরের শেষপ্রান্তে দেওয়া যৌথ বিবৃতিতে সিরীয় ভূখণ্ডের পুরোটাজুড়ে রাষ্ট্রের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা এবং দেশটিতে ‘সশস্ত্র মিলিশিয়াদের উপস্থিতির অবসানে’ দুই পক্ষের একমত হওয়ার কথা জানা গেছে।

‘আরব অঙ্গনে সিরিয়ার প্রত্যাবর্তনের’ ক্ষেত্রে সিরীয় সংকটের রাজনৈতিক সমাধানে যেসব পদক্ষেপ গুরুত্বপূর্ণ দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে তা নিয়েও আলাপ হয়েছে; মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা জোরদারের ব্যাপারেও তারা একমত হয়েছেন।

যুক্তরাষ্ট্রসহ বেশকিছু দেশের অভিযোগ, সিরিয়ায় উৎপাদিত এমফেটামাইন মাদক ক্যাপ্টাগনের কয়েকশ কোটি ডলারের বাণিজ্যে আসাদের পরিবার নেতৃস্থানীয় ভূমিকা পালন করছে এবং ওই ব্যবসার টাকা সিরিয়ার সরকারের কাছেও যাচ্ছে।

এই মাদকের বেশিরভাগটাই সৌদি আরবসহ উপসাগরের আরব দেশগুলোতে বিক্রি হচ্ছে।

আসাদ সরকার এই মাদক উৎপাদন ও পাচারে যুক্ত থাকার অভিযোগ অস্বীকার করে আসছে।

মেকদাদের এই সফরের পরপরই সৌদি আরবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠক হতে যাচ্ছে, ওই বৈঠকে সিরিয়ার আরব লিগে প্রত্যাবর্তনের ব্যাপারেও আলোচনা হবে বলে জানা গেছে।

একাধিক সূত্র রয়টার্সকে জানিয়েছে, রিয়াদে আগামী ১৯ মে হতে যাওয়া আরব লীগের সম্মেলনে আসাদকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছে সৌদি আরব। তেমনটা হলে সিরিয়ার প্রেসিডেন্টের আঞ্চলিক বিচ্ছিন্নতার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।

অবশ্য আরব জোটের অন্য সদস্যরা আসাদকে সম্মেলনে আমন্ত্রণ জানাতে রাজি হবে কিনা, তা এখনও স্পষ্ট নয়।

বুধবার সিরিয়া ও তিউনিসিয়া একে অপরের দেশে দূতাবাস খুলতে সমঝোতার বিষয়টিও নিশ্চিত করেছে।