২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিখ নেতা পান্নুন হত্যা ষড়যন্ত্র: যুক্তরাষ্ট্রের অভিযোগ নিয়ে মুখ খুললেন মোদী

নিউ ইয়র্কে শিখ নেতা ও স্বাধীন শিখ রাষ্ট্র খালিস্তানের সমর্থক গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার চক্রান্তের জন্য নভেম্বরে এক ভারতীয়কে অভিযুক্ত করেছিল যুক্তরাষ্ট্র।

শিখ নেতা পান্নুন হত্যা ষড়যন্ত্র: যুক্তরাষ্ট্রের অভিযোগ নিয়ে মুখ খুললেন মোদী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2023, 06:40 PM

Updated : 20 Dec 2023, 06:44 PM

যুক্তরাষ্ট্রে খালিস্তানপন্থি শিখ নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে খুন করার ষড়যন্ত্রে জড়িত থাকা নিয়ে অভিযোগের তীর উঠেছিল ভারতের দিকে। দীর্ঘ একমাস পর সেই অভিযোগ নিয়ে এই প্রথম জনসম্মুখে মুখ খুললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তিনি বলেন, “কোনও প্রমাণ পেলে, তা অবশ্যই খতিয়ে দেখা হবে। বিক্ষিপ্ত কিছু ঘটনা বা অভিযোগে ভারত-যুক্তরাষ্ট্রের সম্পর্ক নষ্ট হবে না।” ব্রিটিশ পত্রিকা ‘দ্য ফিন্যান্সিয়াল টাইমস’কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মোদী একথা বলেন।

বিবিসি জানায়, গত নভেম্বরে যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কে শিখ নেতা ও স্বাধীন শিখ রাষ্ট্র খালিস্তানের সমর্থক গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার চক্রান্ত করার জন্য এক ভারতীয়কে অভিযুক্ত করে।

‘দ্য ফিন্যান্সিয়াল টাইমস’ই প্রথম খবর প্রকাশ করেছিল যে, যুক্তরাষ্ট্র সেই চক্রান্ত নস্যাৎ করেছে এবং ভারতকে এ ব্যাপারে সতর্কও করেছে।

গোটা চক্রান্তে ভারতের একজন কূটনীতিক জড়িত বলে প্রতিবেদন প্রকাশের কিছুদিনের মধ্যেই যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে পান্নুন হত্যা চক্রান্তে ভারতের জড়িত থাকার অভিযোগ তোলে।

এরপর ভারত বিষয়টি আনুষ্ঠানিকভাবে তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছিল এবং উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি গঠনের কথাও তারা সরকারিভাবে জানায়।

কিন্তু ভারতের প্রধানমন্ত্রী মোদী এতদিন ধরে ওই অভিযোগ নিয়ে কিছুই বলেননি। অবশেষে ফিন্যান্সিয়াল টাইমস পত্রিকায় মোদী প্রসঙ্গটি তুললেন।

বুধবার প্রকাশিত সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেই বলেছেন, “যদি কেউ আমাদের কোনও তথ্য দিতে পারে, তবে আমরা অবশ্যই খতিয়ে দেখব। যদি আমাদের কোনও নাগরিক ভাল বা খারাপ কাজ করেন, তবে আমরা সেই বিষয়ে দৃষ্টিপাত করতে প্রস্তুত। আইন মেনে চলাই আমাদের অঙ্গীকার।”

বিদেশের মাটিতে কিছু উগ্রপন্থি সংগঠনের গতিবিধি নিয়ে মোদী উদ্বেগ প্রকাশ করেছেন। বলেছেন, “বাকস্বাধীনতার আড়ালে এ সংগঠনগুলো সন্ত্রাসে হুমকি ও উস্কানি দিচ্ছে।”

ভারত-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষীয় সম্পর্ক নিয়েও কথা বলেন মোদী। তিনি বলেন, “আমাদের সম্পর্ককে মজবুত করতে দ্বিপক্ষীয় সমর্থন মিলছে, যা আমাদের স্থিতিশীল সম্পর্কের স্পষ্ট ইঙ্গিত। নিরাপত্তা ও সন্ত্রাস দমন আমাদের অংশীদারিত্বের সম্পর্কের মূলমন্ত্র। কিছু বিক্ষিপ্ত ঘটনা ভারত ও যুক্তরাষ্ট্রের বন্ধনে প্রভাব ফেলবে বলে আমি মনে করি না।

“আমাদের এটা মানতেই হবে যে, আমরা বহুপাক্ষিকতার যুগে বাস করছি। বিশ্বের সবাই একে অন্যের সঙ্গে যুক্ত এবং পরস্পরের ওপর নির্ভরশীল। এই বাস্তবতাই আমাদের স্বীকার করতে বাধ্য করে যে,সব বিষয়ে সবাই সহমত হবে,সেটি সহযোগিতার সম্পর্ক গড়ার পূর্বশর্ত হতে পারে না,” বলেন মোদী।

যুক্তরাষ্ট্র এবং কানাডার নাগরিক গুরপতবন্ত সিং পান্নুন ভারতে নিষিদ্ধ খলিস্তানপন্থি সংগঠন শিখ ফর জাস্টিস (এসএফজে)-এর নেতা। যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য-সহ কয়েকটি দেশে সক্রিয় রয়েছে এসএফজে। ভারতের পাঞ্জাবে ‘স্বাধীন ও সার্বভৌম’ খালিস্তান রাষ্ট্র গড়ার দাবি তুলেছে তারা। পান্নুনকে ২০২০ সালে 'জঙ্গি' ঘোষণা করেছে ভারত।

গত জুন মাসে কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদী হরদীপ সিং নিজ্জার হত্যার পরই আরেক খালিস্তানি নেতা পান্নুনকে হত্যার চক্রান্তের তথ্য মিত্র দেশগুলোকে জানায় যুক্তরাষ্ট্র।

কানাডা সরকার নিজ্জার হত্যাকাণ্ডে ভারতীয় চরদের জড়িত থাকার অভিযোগ করেছিল। তবে ভারত এসব অভিযোগ প্রত্যাখ্যান করে তা অযৌক্তিক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করে। এ নিয়ে দু’দেশের সম্পর্ক তিক্ত হয়।

ভারত-কানাডা সম্পর্ক তলানিতে ঠেকার দু’মাস পরই পান্নুন হত্যা চক্রান্ত নিয়ে ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন প্রকাশিত হয়। পান্নুনকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ প্রথমে উঠেছিল ভারতীয় নাগরিক নিখিল গুপ্তার বিরুদ্ধে। যুক্তরাষ্ট্র তার প্রত্যর্পণ দাবি করছে।

মার্কিন কৌঁসুলিরা বলছেন, নিখিল গুপ্তা শিখ নেতা পান্নুনকে হত্যার জন্য নগদ ১ লাখ ডলার দিয়ে একজন খুনি ভাড়া করেন। আর পান্নুনকে হত্যার জন্য নিখিলকে নির্দেশ দিয়েছিলেন ভারতীয় এক সরকারি কর্মকর্তা।