২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় হামলা: আক্রমণকারী নৌবহর মোতায়েন রাখার মেয়াদ বাড়াল যুক্তরাষ্ট্র

বহরটি ইউরোপিয়ান কমান্ডের আওতাধীন এলাকাতেই থাকবে বলে অনুমান করা হচ্ছে, বলেছেন এক মার্কিন কর্মকর্তা।

সিরিয়ায় হামলা: আক্রমণকারী নৌবহর মোতায়েন রাখার মেয়াদ বাড়াল যুক্তরাষ্ট্র

মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ। ফাইল ছবি। রয়টার্স থেকে নেওয়া

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2023, 05:41 PM

Updated : 01 Apr 2023, 05:41 PM

সিরিয়ায় গত সপ্তাহে ইরান সমর্থিত বাহিনীর প্রাণঘাতী হামলার পর নীতি নির্ধারকদের হাতে যেন আরও বিকল্প থাকে, তা নিশ্চিতে যুক্তরাষ্ট্র রণতরী ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ নেতৃত্বাধীন দ্রুততম সময়ে হামলা চালাতে সক্ষম নৌবহর মোতায়েন রাখার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

শুক্রবার মার্কিন সামরিক কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে এই কথা জানিয়েছেন।

এই সিদ্ধান্তের ফলে এখন ইউরোপিয়ান কমান্ডের আওতাধীন থাকা ওই নৌবহর এবং এর ৫ হাজারের বেশি মার্কিন সেনা নির্ধারিত সময়ে যুক্তরাষ্ট্রে তাদের নিজস্ব বন্দরে ফিরতে পারছে না।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) মুখপাত্র কর্নেল জো বুচিনো হামলাকারী নৌবহর মোতায়েনের মেয়াদ বাড়ানোর কথা নিশ্চিত করেছেন।

“ইউএসএস লেইটি গালফ, ইউএসএস ডেলবার্ড ডি ব্ল্যাক ও ইউএসএনএস আর্কটিকসহ হামলাকারী বহর জর্জ এইচ ডব্লিউ বুশ মোতায়েনের মেয়াদ বাড়ানোর ফলে মধ্যপ্রাচ্যে বিস্তৃত পরিসীমার মধ্যে সম্ভাব্য যে কোনো ঘটনার ক্ষেত্রে সেন্টকমের প্রতিক্রিয়া আরও জোরদার করার সুযোগ করে দেয়,” বিবৃতিতে বলেছেন বুচিনো।

বর্ধিত মেয়াদেও ওই নৌবহরটি ইউরোপিয়ান কমান্ডের আওতাধীন এলাকাতেই থাকবে বলে মনে করা হচ্ছে, বলেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা।

সিরিয়ায় গত সপ্তাহে হওয়া হামলাগুলোতে আহতের সংখ্যা ৬ থেকে ১২তে উন্নীত হয়েছে জানানোর একদিন পর মোতায়েন রাখা নৌবহরের মেয়াদবৃদ্ধির খবর এল।

গত সপ্তাহে হওয়া হামলার একটিতে মার্কিন এক ঠিকাদার নিহতও হয়েছিলেন। এর পরপরই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানকে হুঁশিয়ার করেছিলেন।

২৩ মার্চ সিরীয় শহর হাসাকার কাছে অবস্থিত মার্কিন ঘাঁটিতে প্রথম হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র দুটি ইরান সংশ্লিষ্ট স্থাপনায় বিমান হামলা চালায়, এতে অন্তত ৮ সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছে বলে অনুমান পেন্টাগনের।

সিরিয়ায় এসব হামলার পরও যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের দেশটি ছাড়ার কথা বিবেচনা করছে না বলে সোমবার হোয়াইট হাউস জানিয়েছিল। বাশার আল-আসাদের দেশটিতে প্রায় ৮ বছর ধরে মার্কিন সেনা মোতায়েন আছে; এখন এই সেনারা ও তাদের কুর্দি নেতৃত্বাধীন অংশীদাররা জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) অবশিষ্টাংশের সঙ্গে লড়ছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে এখন মধ্যপ্রাচ্যের চেয়েও রাশিয়া, ইউক্রেইন ও এশিয়া-প্যাসিফিক অঞ্চল বেশি অগ্রাধিকার পাচ্ছে, যে কারণে মধ্য প্রাচ্যে দেশটির সেনা ও স্থাপনার সংখ্যা অনেকখানি কমেছে, বলছে রয়টার্স।