১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

যুক্তরাষ্ট্রে বজ্রঝড় ও টর্নেডোতে ৩ মৃত্যু

ঝড় ও টর্নেডোতে যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে তাদের জন্য ইন্ডিয়ানার মধ্যাঞ্চলে জরুরি আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে। 

যুক্তরাষ্ট্রে বজ্রঝড় ও টর্নেডোতে ৩ মৃত্যু

ইন্ডিয়ানার গ্রিনউডের কাছে একটি টর্নেডোর কারণে উড়তে থাকা আবর্জনা দেখা যাচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2023, 03:21 PM

Updated : 27 Jun 2023, 03:21 PM

যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে ও দক্ষিণাঞ্চলে বজ্রঝড় ও টর্নেন্ডোর তাণ্ডবে অন্তত তিনজন নিহত ও বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার দেশটির জাতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, রোববার ইন্ডিয়ানা ও আরকানস অঙ্গরাজ্যে বেশ কয়েকটি টর্নেডো ও তীব্র ঝড় বয়ে যায়। 

ইন্ডিয়ানার মার্টিন কাউন্টির জরুরি পরিষেবার কর্মকর্তারা তাদের এলাকায় একজনের মৃত্যু নিশ্চিত করেছেন।

অঞ্চলটির জরুরি পরিষেবার পরিচালক ক্যামেরন উলফ জানিয়েছেন, ঝড়ে দোতলা এক লগ কেবিন বিধ্বস্ত হয়ে ওই ব্যক্তি নিহত হন, তার আহত সঙ্গীকে হেলিকপ্টার যোগে হাসপাতালে নেওয়া হয়েছে।  

আরকানসর লোনক কাউন্টির শেরিফ দপ্তর জানিয়েছে, তীব্র ঝড়ের মধ্যে কার্লাইল এলাকায় একটি বাড়ির ওপর গাছ উপড়ে পড়ে দুইজন নিহত হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় গণমাধ্যমে আসা ছবি ও ফুটেজগুলোতে উপড়ে পড়া গাছের কারণে রাস্তা বন্ধ হয়ে থাকতে ও ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি দেখা গেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, ইন্ডিয়ানা ও প্রতিবেশী অঙ্গরাজ্যগুলোতে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে।

ঝড় ও টর্নেডোতে যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে তাদের জন্য ইন্ডিয়ানার মধ্যাঞ্চলে জরুরি আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে। 

সোমবার সকাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণাঞ্চলের প্রায় পাঁচ লাখ গ্রাহক বিদ্যুৎবিহীন ছিলেন বলে পাওয়ারআউটেজ.ইউএস ওয়েবসাইট জানিয়েছে।