২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উপসাগরীয় স্রোত বন্ধ হতে পারে ২০২৫ সালেই?

এই উষ্ণ স্রোত প্রক্রিয়া বন্ধ হয়ে গেলে তা জলবায়ুর ওপর বিপর্যয়কর প্রভাব ফেলবে। এতে ভুগবে বিশ্ব।

উপসাগরীয় স্রোত বন্ধ হতে পারে ২০২৫ সালেই?

ছবি: ইউটিউব ভিডিও

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2023, 07:25 PM

Updated : 28 Jul 2023, 02:41 AM

মহাসাগরের ঊষ্ণ স্রোতপ্রবাহের উপসাগরীয় স্রোত (গাল্ফ স্ট্রিম) প্রক্রিয়া ২০২৫ সাল নাগাদ ভেঙে পড়তে পারে। এমনই সতর্কবার্তা দেওয়া হয়েছে নতুন এক বৈজ্ঞানিক গবেষণায়।

মহাসাগরের গুরুত্বপূর্ণ এই স্রোত প্রবাহ ‘আটলান্টিক মেরিডিওনাল ওভারটার্নিং সার্কুলেশন’ (অ্যামোক) নামে পরিচিত। এ প্রক্রিয়া বন্ধ হয়ে গেলে তা জলবায়ুর ওপর বিপর্যয়কর প্রভাব ফেলবে। এতে ভুগবে বিশ্ব।

‘নেচার কমিউনিকেশনস’ সাময়িকীতে মঙ্গলবার নতুন গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। গবেষণার নেতৃত্ব দেন ডেনমার্কের কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিটার ডিটলভসেন।

তিনি জানান, গবেষকরা অ্যামোকে গুরুতর পরিবর্তনের ‘আগাম কিছু সতর্ক সংকেত’ পেয়েছেন। এ থেকেই তারা ধারণা করছেন যে, এই স্রোতপ্রবাহ খুব তাড়াতাড়ি হলে ২০২৫ সালেই বন্ধ হতে পারে কিংবা ভেঙে পড়তে পারে। আর এত জলদি যদি নাও হয়, তবে সেটি হবে ২০৯৫ সালের মধ্যেই। বিশেষ করে যদি কার্বন নিঃসরণ কমানো না যায়।

পিটার ডিটলভসেন বলছেন, স্রোতপ্রবাহটি বন্ধ হওয়া কিংবা ভেঙে পড়ার সবচেয়ে বেশি সম্ভাবনা আছে ২০৩৯ সাল থেকে ২০৭০ সালের মধ্যে। কারণ, অ্যামোক দুর্বল হয়ে পড়ছে। উদ্বেগটা এখানেই।

সিএনএন-কে তিনি বলেন, আগামী কয়েকদশকে এই স্রোতপবাহ আরও দুর্বল হয়ে পড়বে এটি একরকম স্পষ্ট।

জলবায়ু পরিবর্তনের কারণে গবেষকেরা ২০২১ সালেই অ্যামোকে পরিবর্তন লক্ষ্য করেছিলেন। পৃথিবীর জলবায়ু ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই উষ্ণ স্রোত। বিশ্বে আবহাওয়ার ধরণ কেমন হবে তা অনেকাংশেই নির্ভর করে এর ওপর।

এই স্রোতপ্রবাহ বিষুবরেখার উষ্ণ পানি উত্তরে মেরুর দিকে নিয়ে যায়। সেখানে এই পানি ঠান্ডা হয়ে মহাসাগরের তলদেশে তলিয়ে গিয়ে আবার বিষুবরেখার দিকে ফিরে যায়। উত্তর গোলার্ধে উপসাগরীয় স্রোতে সম্পন্ন হয় এই প্রক্রিয়া।

ফ্লোরিডা উপকূল থেকে শুরু হয়ে এই স্রোত উত্তর-পূর্ব দিকে বয়ে যায়। মেক্সিকো উপসাগরের উষ্ন পানি বয়ে নিয়ে যায় এ স্রোতপ্রবাহ। সেখানেই এটি উপসাগরীয় স্রোত নামে পরিচিত।

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল এবং কানাডার নিউফাউন্ডল্যান্ডের দিকে বয়ে গিয়ে এই সমুদ্রস্রোত উত্তর ও দক্ষিণ দুই ভাগে ভাগ হয়ে যায়। উত্তর আটলান্টিক স্রোত বয়ে যায় উত্তর ইউরোপ হয়ে আর দক্ষিণের ক্যানারি স্রোত আবর্তিত হয় পশ্চিম আফ্রিকা উপকূলে।

এই স্রোতপ্রবাহ টিকে থাকা নির্ভর করে পানির তাপমাত্রা এবং লবণাক্ততার ভারসাম্যের ওপর। আর পানির ঘনত্ব নির্ভর করে লবণের পরিমাণের ওপর। জলবায়ু পরিবর্তনের কারণে এই ভারসাম্য নষ্ট হওয়ার ঝুঁকির বিষয়ে বিজ্ঞানীরা বহু বছর থেকেই সতর্ক করে এসেছেন।

বিশ্বের তাপমাত্রা বাড়ার কারণে মহাসাগরের পানি উত্তপ্ত হতে থাকলে এবং গ্রিনল্যান্ডের বরফ কিংবা অন্য কোনও মেরু অঞ্চলের বরফ গলে গেলে অ্যামোকে প্রবাহিত হবে অনেক বেশি বিশুদ্ধ বা মিঠা পানি। এতে উত্তর আটলান্টিকের পানির ঘনত্ব কমে গিয়ে একপর্যায়ে তা আর ঠান্ডা হয়ে তলিয়ে যাওয়ার মতো অবস্থায় থাকবে না। ফলে বন্ধ হয়ে যাবে উপসাগরীয় স্রোত প্রবাহ প্রক্রিয়া।

এ প্রক্রিয়া ভেঙে পড়লে ইউরোপে তাপমাত্রা ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসতে পারে। যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে সমুদ্রস্তর বেড়ে যেতে পারে।

উপসাগরীয় স্রোত উষ্ণ হওয়ার কারণে ইউরোপের পশ্চিম উপকূলে শীতের সময় আবহাওয়া কিছুটা উষ্ণ থাকে। শীতকালে তাপমাত্রা এই স্রোতের প্রভাবে উষ্ন থাকে। আর ফ্লোরিডার পূর্ব উপকূলে গরমের সময় তামপাত্রা থাকে কিছুটা শীতল।

স্রোতপ্রবাহটি বন্ধ হয়ে গেলে ওই অঞ্চলগুলোতে আর উষ্ণ পানির প্রবাহ থাকবে না। ফলে পশ্চিম ইউরোপ বরফে ঢাকা পড়ে অবস্থা হয়ে যাবে ডিপ ফ্রিজের মতো। উত্তর আমেরিকার অবস্থাও হবে একইরকম। তুষার ঝড় তাণ্ডব ঘটাবে স্পেন, ফ্রান্স,পর্তুগাল এবং যুক্তরাজ্যেও।

অনেক শহরের মতো লন্ডনও সপ্তাহের পর সপ্তাহ ধরে ঢাকা পড়ে থাকবে বরফে। যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল পড়বে আরেক ধরনের সমস্যায়। সমুদ্রস্তর বেড়ে গিয়ে পানিতে ভেসে যাবে বহু এলাকা। ক্ষতিগ্রস্ত হবে কৃষি। বিশ্বের পূর্বপ্রান্তে বাড়তে থাকবে তাপমাত্রা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সেখানে একইসময়ে হতে থাকবে দাবানল, সুনামি, হারিকেন। বদলে যাবে পৃথিবীর চিত্র।

বিবিসি জানায়, ১১৫,০০০ থেকে ১২,০০০ বছর আগে বরফ যুগের চক্রে অ্যামক একসময় বন্ধ হয়ে আবার চালুও হয়েছিল। সর্বশেষ বরফ যুগের শেষ দিকে প্রায় ১৪,৫০০ বছর আগে পৃথিবী উষ্ন হতে শুরু করার সময় এই স্রোত প্রবাহ ধীরগতির হয়ে প্রায় বন্ধ হয়ে যেতে বসেছিল।

পৃথিবীর উষ্ণতা দিন দিনই বাড়ছে। এর প্রভাবে দ্রুতই গলছে পৃথিবীর বরফ। এতে বেড়ে যাচ্ছে সমুদ্রস্তরের উচ্চতা। এখন সবকিছুই ঘটছে পুরোদমে। ফলে “আমাদের উদ্বিগ্ন হওয়া উচিত” বলেই মনে করেন গবেষক পিটার ডিটলভসেন।