২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি কমেছে: জার্মান চ্যান্সেলর

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কেবল পাল্টা পদক্ষেপ হিসেবে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা বলার পর জার্মান চ্যান্সেলর এই মন্তব্য করলেন।

রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি কমেছে: জার্মান চ্যান্সেলর

ছবি; রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2022, 08:42 PM

Updated : 08 Dec 2022, 08:42 PM

ইউক্রেইন যুদ্ধে রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি আপাতত কমেছে বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস।

তিনি বলেন, “আন্তর্জাতিক সম্প্রদায়ের শেষ সীমা টেনে দেওয়ার প্রতিক্রিয়ায় রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি বন্ধ করেছে।”

বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, কেবল পাল্টা পদক্ষেপ হিসেবে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। তারপরই জার্মান চ্যান্সেলর ওই মন্তব্য করলেন।

রাশিয়া গত ফেব্রুয়ারিতে ইউক্রেইনে আগ্রাসন শুরুর পর থেকেতাদের পারমাণবিক অস্ত্র ব্যবহারের সক্ষমতা নিয়ে অনেক চুলচেরা বিশ্লেষণ হয়েছে।

গত সেপ্টেম্বরে জাতির উদ্দেশে এক ভাষণে পুতিন বলেছিলেন, তার দেশের নানারকম গণবিধ্বংসী অস্ত্র আছে এবং তারা তাদের হাতে থাকা সব হাতিয়ারই ব্যবহার করবে। এটা ধাপ্পাবাজি নয় বলেও তিনি সতর্ক করে দিয়েছিলেন।

বৃহস্পতিবার জার্মান চ্যান্সেলর শলৎস এক সাক্ষাৎকারে বলেন, চীনে তার সাম্প্রতিক সফর পারমাণবিক হুমকি বেড়ে যাওয়া বন্ধে ভূমিকা রেখেছে।

শলৎস বলেন, তিনি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার পক্ষে একমত হয়েছিলেন। পরে জি২০ দেশগুলো এই অবস্থানকে সমর্থন করে।

বিবিসি জানায়, টিভিতে সম্প্রচারিত মানবাধিকার কাউন্সিলের একটি বৈঠকে প্রেসিডেন্ট পুতিন বলেছেন, রাশিয়া কোনও অবস্থাতেই পারমাণবিক অস্ত্র প্রথমে ব্যবহার করবে না এবং কাউকে এই অস্ত্র হাতে থাকা নিয়ে ভয়ও দেখাবে না।

তিনি বলেন, “আমরা পাগল হয়ে যাইনি, আমরা জানি পারমাণবিক অস্ত্র কী। আমরা এই অস্ত্রকে ক্ষুরের মতো করে বিশ্বকে দেখিয়ে বেড়াব না।”