২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাম্বোডিয়াকে চুরি যাওয়া ব্রোঞ্জ ভাস্কর্য ফেরত দিচ্ছে অস্ট্রেলিয়া

ভাস্কর্যগুলো আসলেই কোথাকার তা নিয়ে দীর্ঘ এক দশক তদন্ত করার পর অস্ট্রেলিয়া এ পদক্ষেপ নিয়েছে।

ক্যাম্বোডিয়াকে চুরি যাওয়া ব্রোঞ্জ ভাস্কর্য ফেরত দিচ্ছে অস্ট্রেলিয়া

ছবি: ইউটিউব ভিডিও।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2023, 08:54 PM

Updated : 03 Aug 2023, 08:54 PM

অস্ট্রেলিয়ার ন্যাশনাল গ্যালারি নবম ও দশম শতাব্দীর তিনটি ব্রোঞ্জ ভাস্কর্য ক্যাম্বোডিয়াকে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ক্যাম্বোডিয়া থেকে এগুলো চুরি হয়ে গিয়েছিল। ভাস্কর্যগুলো আসলেই কোথাকার তা নিয়ে দুই দেশ দীর্ঘ এক দশক তদন্ত করার পর এই পদক্ষেপ এল।

ক্যাম্বোডিয়ার সরকার অস্ট্রেলিয়ার ঐতিহাসিক এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। সেইসঙ্গে প্রত্নবস্তু ফেরত দেওয়ার এই সিদ্ধান্তকে ‘অতীতের অন্যায় সংশোধনের গুরুত্বপূর্ণ উদ্যোগ’ বলেও তারা অভিহিত করেছে।

বিবিসি জানায়, লুট হওয়া সাংস্কৃতিক নিদর্শন ও প্রত্নসামগ্রী ফেরত দেওয়ার জন্য বিশ্বজুড়ে চাপের মুখে অস্ট্রেলিয়া এমন সিদ্ধান্ত নিয়েছে।

এ তিনটি শিল্পকর্মই মূলত চম্পা রাজতন্ত্রের সময়কার, যা একসময় ভিয়েতনাম এবং ক্যাম্বোডিয়ার কিছু অংশজুড়ে ছিল।

অস্ট্রেলিয়ার ন্যাশনাল গ্যালারি (এনজিএ) বলছে, তারা ২০১১ সালে ব্রিটিশ প্রত্নসামগ্রী পাচারকারী ডগলাস ল্যাচফোর্ডের কাছ থেকে ১৫ লাখ মার্কিন ডলার দিয়ে এ ভাস্কর্যগুলো কিনেছিল। ২০২০ সালে মারা যান ডগলাস।

এনজিএ’র তথ্যানুযায়ী, ২০১৬ সাল থেকে অবৈধ প্রত্নসামগ্রী বাণিজ্যে জড়িত ছিলেন ডগলাস। ২০১৯ সালে তার বিরুদ্ধে ক্যাম্বোডিয়ার প্রত্নবস্তু পাচার, চুরি এবং লুট সংক্রান্ত অভিযোগ আনা হয়।

সংবাদমাধ্যম এবিসি জানায়, ১৯৯৪ সালে ক্যাম্বোডিয়ার পূর্বাঞ্চলে অবস্থিত তুবাং খমুমের একটি মাঠে মাটি খুঁড়ে এ তিনটি ব্রোঞ্জ মূর্তি পাওয়া গিয়েছিল। পরে তা থাইল্যান্ডের সীমান্ত পেরিয়ে প্রত্নসামগ্রীর আন্তর্জাতিক ব্যবসায়ীদের কাছে পাচার  হয় এবং শেষ পর্যন্ত সেগুলো ডগলাসের সংগ্রহে চলে যায়।

এনজিএ এবং ক্যাম্বোডিয়ার সংস্কৃতি ও চারুকলা মন্ত্রণালয়ের গবেষকদের পাশে থেকে কাজ করে ঐতিহাসিক এসব জিনিস ফেরত দিতে সহায়তা করেছেন ডগলাসের মেয়ে নওয়াপান ক্রিয়াংসাক। যদিও এই প্রত্নবস্তুগুলো এখনই হাতে পাচ্ছে না ক্যাম্বোডিয়া।

নবম এবং দশম শতাব্দীর তিনটি ব্রোঞ্জ ভাস্কর্য আগামী তিন বছর ক্যানবেরায় অস্ট্রেলিয়ার ন্যাশনাল গ্যালারির ডিসপ্লেতে রাখা হবে। আর এই সময়ের মধ্যে ক্যাম্বোডিয়া রাজধানী নম পেনে এই মূর্তিগুলো রাখার জন্য নতুন জায়গা তৈরি করবে।

ক্যাম্বোডিয়া তাদের প্রাচীন মন্দির থেকে চুরি যাওয়া হাজারো পুরাকীর্তি ফিরে পাওয়ার জন্য বিভিন্ন দেশের সরকারকে আহ্বান জানিয়ে আসছে। ক্যাম্বোডিয়ার লুট হওয়া পুরাকীর্তিগুলোর কিছু ভিক্টোরিয়া, অ্যালবার্ট এবং ব্রিটিশ মিউজিয়ামেও রাখা রয়েছে। এগুলোও ফেরত দেওয়ার আহ্বান জানিয়ে আসছে দেশটি।