২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিন গ্যাং: অভাবনীয় উত্থানের পর রহস্যময় পতন

চীনের রাজনীতিতে উদীয়মান এই নেতাকে কোনও কারণ ব্যাখ্যা না করেই সরিয়ে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক রাজনীতিতেও আলোচিত হচ্ছে তার রহস্যময় অন্তর্ধান।

কিন গ্যাং: অভাবনীয় উত্থানের পর রহস্যময় পতন

ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2023, 10:36 PM

Updated : 26 Jul 2023, 10:36 PM

চীনের রাজনীতিতে যাদেরকে ভবিষ্যৎ নেতা হিসেবে দেখা হচ্ছিল তাদের অন্যতম ছিলেন কিন গ্যাং। স্বয়ং প্রেসিডেন্ট শি জিনপিং তাকে নিজের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বেছে নিয়েছিলেন। কিন্তু হঠাৎ করেই ‘উধাও’ হয়ে যাওয়া এই নেতাকে কোনো ব্যাখ্যা না দিয়েই সরিয়ে দেওয়া হয়েছে।

কিন গ্যাংকে জুন থেকেই দায়িত্বে দেখা যাচ্ছিল না। এ মাসের শুরু থেকে তাকে নিয়ে শোরগোল শুরু হয়। কোথায় আছেন কিন গ্যাং, জানে না কেউ। এমনকী তার মন্ত্রণালয়ের কাছেও এর কোনও উত্তর নেই।

চীনের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক রাজনীতিতেও আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠে কিন গ্যাংয়ের রহস্যময় অন্তর্ধান। কিন্তু বরাবরের মতই নিরব থেকেছে চীন। এবং নিরবেই তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

কেন এবং কী কারণে তাকে সরিয়ে দেওয়া হলো সে বিষয়ে কোনো ব্যাখ্যা না দিয়ে সিনহুয়া ছোট একটি বুলেটিনের আকারে কিন গ্যাংয়ের দায়িত্বচ্যুতির খবর প্রকাশ করে। এমনকী তিনি বর্তমানে কোথায় আছেন বা কেমন আছেন সে সম্পর্কেও কোনও তথ্য দেওয়া হয়নি।

কিন কে সর্বশেষ জনসম্মুখে দেখা যায় গত ২৫ জুন, বেইজিংয়ে। ওই দিন তিনি শ্রীলঙ্কা, রাশিয়া ও ভিয়েতনামের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তারপর থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু বৈঠক, যেখানে তার উপস্থিতি আবশ্যক ছিল, সেসব বৈঠকে তাকে দেখা যায়নি। কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক বাতিলও হয়েছে।

টানা কয়েক সপ্তাহ ধরে জনসম্মুখে তার অনুপস্থিতি নিয়ে গুঞ্জন থেকে শোরগোল শুরু হয়ে। প্রথমদিকে তার অনুপস্থিতির কারণ স্বাস্থ্যগত বলা হয়েছিল। এখন তার অপসারণের খবর দেওয়া হল এবং আশা করা হচ্ছে, চীনের জনগণ কোনও প্রশ্ন না করেই বিষয়টি মেনে নেবে।

এটা ঠিক যে, খুব বেশি মানুষ এটা নিয়ে কথা বলছেন না। কারণ, দেশটিতে বাকস্বাধীনতা তেমন একটা নেই। তাছাড়া, চীনের সরকার পরিচালনা কৌশল বরাবরই অস্বচ্ছ।

কিন্তু খুব বেশি মানুষ প্রশ্ন না তুললেও অনেকেই কিন গ্যাংয়ের ভাগ্যে ঠিক কী ঘটতে পারে তা জানতে চান, সেটি স্পষ্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ কিনের সম্প্রতি তোলা কিছু ছবি পোস্ট করে লিখেছেন, “তাকে কী দেখে অসুস্থ মনে হচ্ছে? দলের শীর্ষ পর্যায়ের কে তার শত্রু?

“কিভাবে তারা তাকে নিচে নামিয়ে আনল, যেখানে দেখে মনে হয়েছে চীনের সর্বময় ক্ষমতার অধিকারী নেতার তার প্রতি সমর্থন রয়েছে?”

শুধু স্বাস্থ্যগত কারণ নয় বরং কিনের অন্তর্ধানের পেছনে একজন টেলিভিশন উপস্থাপিকার সঙ্গে তার প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ার গুঞ্জনও রটেছে।

সেই উপস্থাপিকাও ‘নিখোঁজ’। অনেক সাধারণ মানুষ সেটি নিয়েও প্রশ্ন তুলছেন। ওই উপস্থাপিকা কিনের জন্মদিনে তাকে গোপনে ম্যাসেজ পাঠিয়েছেন বলেও শোনা যাচ্ছে। কেউ কেউ সেই ম্যাসেজ দেখতে চেয়েছেন।

চীনের উপর নজর রাখেন এমন কয়েকজন রাজনীতি বিশ্লেষক মনে করেন, একই সময়ে এই দুটো ঘটনার সম্ভাব্য ব্যাখ্যা হতে পারে যে, কমিউনিস্ট পার্টিতে কিনের বিরোধী পক্ষ নৈতিক স্খলনের কারণ দেখিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। তাই কোনও গুঞ্জনকেই একেবারে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই।

কিনের সঙ্গে যদি ওই উপস্থাপিকার সত্যি কোনো প্রেমের সম্পর্ক গড়ে ওঠেও, সেটা চীনের আইনে অবৈধ নয়। কিন্তু একে দলীয় শৃঙ্খলা ভঙ হিসেবে দেখা হতে পারে।

যুক্তরাষ্ট্রে চীনের রাষ্ট্রদূত থাকা কালে গত ডিসেম্বরে দেশে ফিরেয়ে এনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মত একটি মহাগুরুত্বপূর্ণ দায়িত্ব তার হাতে তুলে দেন শি।

তখন ধরেই নেওয়া হয়েছিল, চীনের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিটির নেক নজর যেহেতু কিনের উপর আছে তাই ক্ষমতায় তার উত্থান দ্রুতগতিতেই হবে।

বিশ্লেষকরাও বিশেষভাবে তার উপর নজর রাখা শুরু করেন। নতুন দায়িত্বে তিনি কতটা দৃঢ়ভাবে চীনের ‘উল্ফ ওয়ারিয়র’ বা ‘নেকড়ে যোদ্ধা’ হয়ে ওঠেন সেটা দেখা হচ্ছিল।

চীনের কূটনীতিকদের একটি দলকে পশ্চিমারা ‘উল্ফ ওয়ারিয়র’ বলে। যারা চীনের সমর্থনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার চালায়। চীনের দিক থেকে মনযোগ সরাতে যদি কাউকে এমনকি গালি দিতেও হয়, তারা পিছপা হন না।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিসেবে কিন যখন কাজ করতেন তখন থেকেই তিনি চীনের সমর্থনে দৃঢ় অবস্থান গ্রহণের জন্য সুপরিচিত ছিলেন। ঝরঝরে ইংরেজিতে কথা বলতে পারদর্শী, উৎসাহী ক্রীড়া অনুরাগী, দারুণ স্মার্ট এই নেতা নিজের ব্যক্তিত্বের কারণে অন্যদের থেকে নিজেকে খুব ভালো ভাবে আলাদা করে চেনাতে এবং মনযোগ আকর্ষণ করতেও সফল হয়েছিলেন। 

তবে কী কিন গ্যাং এমন কিছু করেছেন যেটা কমিউনিস্ট পার্টির ক্ষমতা উপর নিয়ন্ত্রণকে হুমকিতে ফেলে দিয়েছিল? যদি সেটা সামান্য কিছুও হয় তবুও তাকে ছুড়ে ফেলা হবে।

কিংবা তার রকেট গতির উত্থান অন্য কারো পতন ডেকে আনার ঝুঁকি তৈরি করেছিল, যদি তাই হয়ে তবেও একই ভাগ্য বরণ করতে হবে।

ঠিক কী ঘটেছে কিন গ্যাংয়ের ভাগ্যে?

তার এভাবে পতন শি জিনপিংয়ের একচ্ছত্র আধিপত্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও কেউ কেউ মনে করছেন। কারণ, কিন প্রেসিডেন্ট শির পছন্দ হিসেবেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন এবং মাত্র সাত মাসের মাথায় কি এমন ঘটলো যে তাকে এভাবে সরিয়ে দেওয়া হল। পররাষ্ট্রমন্ত্রী বাছাইয়ে শি’র বিবেচনা বোধ নিয়ে তাই প্রশ্ন উঠতেই পারে।

তবে এখানে একটি বিষয় স্পষ্ট যে, চীনে ক্ষমতার অবকাঠামোতে কেউ আসলে নিরাপদ নয়। যে কোনো সময় যে কেউ প্রতিশোধের শিকার হতে পারে।

কিনের ভাগ্যে ঠিক কী ঘটেছে তা হয়তো একসময় জানা যাবে। হয়তো তাকে আটকে রাখা হয়েছে, সাজা দেওয়া হয়েছে।

কিংবা কখনোই হয়ত তার সম্পর্কে আর কোনো কিছু প্রকাশ পাবে না, এক সময় সবাই ভুলে যাবে কিন গ্যাংকে।