২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

সৌদি আরবের রাজধানীতে হামলার দায় স্বীকার হুতিদের

রিয়াদের বিমানবন্দরের কাছে আগুনের শিখা ও ধোঁয়ার বিশাল কুণ্ডুলি দেখা যাওয়ার কয়েক ঘণ্টা পর হুতিরা হামলার দায় স্বীকার করে।

সৌদি আরবের রাজধানীতে হামলার দায় স্বীকার হুতিদের

রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি সংরক্ষণ এলাকা থেকে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠছে। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Sep 2026, 02:16 PM

Updated : 20 Sep 2026, 02:16 PM

ইয়েমেনের হুতিরা জানিয়েছে, তারা সৌদি আরবের রাজধানী রিয়াদের ‘সংবেদনশীল’ স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোনযোগে হামলা চালিয়েছে।

শনিবার রিয়াদের প্রধান বিমানবন্দরের কাছে আগুনের শিখা ও কালো ধোঁয়ার বিশাল কুণ্ডুলি দেখা যাওয়ার কয়েক ঘণ্টা পর হুতিরা সৌদির রাজধানীতে হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয়।

সৌদি আরবের বিরুদ্ধে ইরান সমর্থিত হুতি বাহিনীর আক্রমণ জোরদার হওয়ার পর এবারই প্রথম রাজধানী রিয়াদে হামলার ঘটনা ঘটল। রিয়াদ ও এর আশপাশে সম্ভাব্য বিপদের শঙ্কা প্রকাশ করে শনিবার ভোররাতে বাসিন্দাদের সতর্ক বার্তা পাঠিয়েছিল সৌদি কর্তৃপক্ষ।

রয়টার্সের ভিডিও ও ছবিগুলোতে রিয়াদ বিমানবন্দরের মহাসড়ক ধরে সামনে ধোঁয়ার বিশাল কুণ্ডুলি উঠতে দেখা গেছে। কাছাকাছি বিমানবন্দরের প্রধান টার্মিনালের ভবন ও অন্যান্য স্থাপনাও দেখা গেছে। ভিডিওতে এক পর্যায়ে একটি সম্ভাব্য জ্বালানি ট্যাংকের পেছন থেকে আগুনের শিখা উঠতে দেখা যায়।

হুতিরা জুলাই থেকেই সৌদি আরবের বিভিন্ন শহর ও স্থাপনায় একের পর এক হামলা চালিয়ে আসছে, কিন্তু চলমান সংঘাত শুরু হওয়ার পর এই প্রথম তারা রিয়াদে হামলার দাবি করল।

তবে রিয়াদের কোন কোন স্থাপনাকে তারা লক্ষ্যস্থল করেছে হুতিরা তা নির্দিষ্ট করে জানায়নি। তারা লোহিত সাগরের তীরবর্তী শহর ইয়ানবুতে আরামকোর স্থাপনায় হামলা চালিয়েছে বলে জানিয়েছে। ইয়ানবু সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ তেল কেন্দ্র।

হুতিরা জানিয়েছে, ইয়েমেনের রাজধানী সানায় সৌদি আরবের হামলার জবাবে এসব আক্রমণ চালিয়েছে তারা।

হুতিদের সঙ্গে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী জানিয়েছে, শনিবার ভোররাতে রিয়াদের দিকে হুতিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে তাদের এয়ার ডিফেন্স।

এক বিবৃতিতে জোট বাহিনী জানিয়েছে, তারা সৌদি আরবের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় শহর বিশ ও ফারাসানে এবং পশ্চিমাঞ্চলীয় তায়িফে এবং ইয়ানবুতে হুতিদের হামলার প্রচেষ্টা রুখে দিয়েছে। তবে এসব ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা জানায়নি তারা।

শনিবার ভোররাতে রিয়াদে কয়েক ঘণ্টার মধ্যে দুইবার সতর্কতা জারি করা হয়। এ সময় কিছু বিস্ফোরণের শব্দ শুনেছেন স্থানীয় প্রত্যক্ষদর্শীরা। তবে সেগুলো ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার সময় ঘটা ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণও হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

চলতি বছর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর রিয়াদে কিছু সতর্কর্তা জারি করা হলেও জুলাইতে হুতিদের সঙ্গে সংঘাত উস্কে উঠার পর এই প্রথম নগরীটিতে সতর্কতা জারি করা হল।

পুরানো খবর:

রিয়াদ বিমানবন্দরের কাছে ‘আগুন, কালো ধোঁয়া’