পূর্ব ইউক্রেইনে রাশিয়ার হামলায় নিহত ৫১
টেলিগ্রামে এক পোস্টে ইউক্রেইনের প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়া একটি মুদি দোকানকে হামলার নিশানা করেছিল।
ইউক্রেইনের উত্তর-পূর্বাঞ্চলে রাশিয়ার হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫১ হওয়ার খবর জানিয়েছেন কর্মকর্তারা।
খারকিভ অঞ্চলের কুপিয়ানস্কের কাছে এই হামলা হয়। টেলিগ্রামে এক পোস্টে বৃহস্পতিবার জেলেনস্কি বলেছেন, রাশিয়া একটি মুদি দোকানকে হামলার নিশানা করেছিল।
দোকানে এই হামলাকে রাশিয়ার ‘বর্বরোচিত অপরাধ’ বলে বর্ণনা করেছেন জেলেনস্কি। মস্কো ‘গণহত্যামূলক আগ্রাসন’ চালাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
খারকিভের গভর্নর ওলেহ টেলিগ্রামে জানান, গ্রামের একটি ক্যাফেতেও হামলা হয়েছে। হামলার সময় মুদি দোকান এবং ক্যাফেতে প্রচুর মানুষ ছিল।
নিহতদের মধ্যে ৬ বছরের একটি শিশুও আছে। আহত হয়েছে আরও অনেকে। ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে। উদ্ধারকাজের ভিডিও ফুটেজ পোস্ট করেছেন কর্মকর্তারা। তাতে ধ্বংসস্তুপের মধ্যে মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে।
রুশ বাহিনী গ্রামটিতে গোলা নাকি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট জানা যায়নি।
২০২২ সালে ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকেই খারকিভ অঞ্চলটি লড়াইয়ের ফ্রন্টলাইনে আছে। কুপিয়ানস্কের অবস্থান পূর্বদিকে এবং এটি রুশ বাহিনীর জন্য প্রধান একটি সরবরাহ কেন্দ্র।
গতবছরের সেপ্টেম্বরে কিইভ কয়েকমাসের লড়াইয়ের পর খারকিভের কিছু অংশ পুনরুদ্ধারের দাবি করেছিল।
