২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইমরানের ওপর হামলা: পাকিস্তান জুড়ে বিক্ষোভ

ইমরান খানকে গুলি করে হত্যার চেষ্টার প্রতিবাদে পাকিস্তান জুড়ে পিটিআই কর্মীরা সড়কে নেমে বিক্ষোভ করছেন।

ইমরানের ওপর হামলা: পাকিস্তান জুড়ে বিক্ষোভ

ছবি: টুইটার

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2022, 11:23 PM

Updated : 04 Nov 2022, 12:54 AM

নতুন করে নির্বাচনের দাবিতে তেহরিক-ই-ইনসাফ পাকিস্তানের (পিটিআই) বিক্ষোভযাত্রার সময় ইমরান খান গুলিবিদ্ধ হওয়ার পর পাকিস্তান জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার পাঞ্জাবের ওয়াজিরাবাদে পায়ে গুলিবিদ্ধ হন ইমরান। তার ডান পায়ের হাঁটুর নিচে গুলি লাগে। তাকে লাহোরের শওকত খানম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের এক সময়ের স্বাস্থ্য সহকারী ডাঃ ফয়সাল সুলতান হাসপাতালের বাইরে সংবাদকর্মীদের বলেন, ‘‘পিটিআই চেয়ারম্যান ইমরান খানের অবস্থা স্থিতিশীল।

‘‘তার পায়ের এক্স-রে ও স্ক্যান করে দেখা গেছে, ভেতরে গুলির শার্পনেল রয়েছে।”

গত শুক্রবার লাহোর থেকে রাজধানী ইসলামাবাদ অভিমুখে বিক্ষোভযাত্রা শুরু করে পিটিআই। যার নেতৃত্ব দিচ্ছেন ইমরান খান।

তাকে গুলি করে হত্যার চেষ্টার প্রতিবাদে পাকিস্তান জুড়ে পিটিআই কর্মীরা সড়কে নেমে বিক্ষোভ করছেন।

পিটিআই থেকে টুইট করে বিভিন্ন নগরীতে তাদের কর্মী-সমর্থকদের বিক্ষোভের খবর জানানো হয়েছে। ফয়সালাবাদে পিটিআই নেতা ফারুখ হাবিবের নেতৃত্বে বিক্ষোভ চলছে।

রাওয়ালপিন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহর বাসভবনের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন পিটিআই কর্মীরা। তারা বর্তমান সরকারের বিরুদ্ধেও স্লোগান দিচ্ছে বলে জানায় পাকিস্তানের ইংরেজি ভাষার দৈনিক ডন।

করাচিতে পিটিআই সমর্থকরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করলে পুরো নগরজুড়ে ভয়ঙ্কর যানজট তৈরি হয়। করাচির শারে ফয়সাল, নর্থ নাজিমাবাদ, লন্ধি, কাউইদাবাদ, নর্থ করাচি, হাব রিভার রোড ও মাউরিপুরে বিক্ষোভ হচ্ছে।

বেলুচিস্তানের কোয়েটা শহরেও ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। সেখানকার বিমানবন্দর সড়ক বন্ধ করে দিয়েছে বিক্ষোভকারীরা। পেশাওয়ারে সেনা কমান্ডারের বাড়ির বাইরেও বিক্ষোভ হচ্ছে। খাইবার পাখতুনখাওয়াতেও বিক্ষোভের খবর পাওয়া গেছে।