মিশরে একাধিক যানবাহনের সংঘর্ষে নিহত ৩২
যাত্রীবাহী একটি বাসের সঙ্গে কয়েকটি গাড়ির সংঘর্ষ হয়। এতে কিছু গাড়িতে আগুন ধরে যায়। অনেকেই পুড়ে মারা গেছে।
মিশরে একাধিক যানবাহনের সংঘর্ষে অন্তত ৩২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৬৩ জন। স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর জানিয়েছে।
বিবিসি জানায়, রাজধানী কায়রো থেকে প্রায় ১৩১ কিলোমিটার (৮২ মাইল) উত্তরে কায়রো- আলেক্সান্দ্রিয়া সড়কে বেহেরা গভর্নরেটে শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটেছে।
সরকারি আল-আহরাম পত্রিকা জানিয়েছে, যাত্রীবাহী একটি বাসের সঙ্গে কয়েকটি গাড়ির সংঘর্ষ হয়। এতে কিছু গাড়িতে আগুন ধরে যায়। অনেকেই পুড়ে মারা গেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনাস্থলে অন্তত ২০ টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী খালেদ আব্দুল গাফফার বলেছেন, আহতদেরকে ওয়াদি আল-নাতরুন হাসপাতালে নেওয়া হয়েছে এবং অন্য আরও কয়েকজনকে আল-নুবারিয়ায় নেওয়া হয়েছে।
মিশরে প্রায়ই যানবাহনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সড়কগুলোর অবস্থা প্রায়ই খারাপ থাকে এবং মহাসড়কে চলাচলের নিয়ম প্রায়ই মানা হয় না।
