বাবার রাজ্যাভিষেক অনুষ্ঠানে একাকী প্রিন্স হ্যারি
নানা কারণে ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে হ্যারির সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে।
বাবা রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দিতে প্রিন্স হ্যারি যুক্তরাষ্ট্র থেকে লন্ডনে উড়ে গেলেও খুব বেশিক্ষণ থাকেননি, ওয়েস্টমিনস্টার অ্যাবিতে অভিষেক অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষে সেখান থেকেই একা তিনি বিমানবন্দরের পথে রওয়ানা হন। যোগ দেননি বাকিংহাম প্যালেসে দুপুরের খাবারের আয়োজনে।
নানা কারণে ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে চার্লস এবং প্রয়াত প্রিন্সেস ডায়ানা দম্পতির ছোট ছেলে হ্যারির সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে।
অভিষেক অনুষ্ঠানে আনুষ্ঠানিক কোনো দায়িত্বে ছিলেন না প্রিন্স হ্যারি। বসে ছিলেন রাজপরিবারের দ্বায়িত্বরত সদস্যদের পেছনে, আসনের তৃতীয় সারিতে। ২০২০ সালে স্বেচ্ছায় রাজকীয় দায়িত্ব থেকে সরে দাঁড়ান হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কল। ফলে তারা এখন আর ‘সিনিয়র রয়্যাল’ নন।
হ্যারি বসেছিলেন প্রিন্সেস ইউজেনির স্বামী জ্যাক ব্রুকসব্যাংকের পাশে। উসখুস করছিলেন, দেখে মনে হচ্ছিল, কতক্ষণে তিনি সেখান থেকে বের হতে পারবেন।
একজন ‘লিপ রিডারের’ বরাত দিয়ে দ্য মিরর জানায়, হ্যারি তার ব্যস্ত দিন নিয়ে জ্যাকের সঙ্গে মজা করেছিলেন এবং বলেছিলেন, তিনি চারটার আগেই চলে যাবেন।
অভিষেক অনুষ্ঠানের কয়েকঘণ্টা পর জনগণকে অভিবাদন জানাতে বাকিংহাম প্যালেসের বারান্দায় উপস্থিত হন রাজপরিবারের সদস্যরা। সেখানে হ্যারিকে আমন্ত্রণ জানানো হয়নি বলে ধারণা প্রকাশ করেছে বিবিসি।
৬ মে রাজা চার্লসের অভিষেকের দিনই হ্যারির বড় ছেলে প্রিন্স আর্চির জন্মদিন। ছেলের চতুর্থ জন্মদিন আয়োজনে যেকোনো মূল্যে উপস্থিত থাকতে চেয়েছেন হ্যারি।
ছেলে আর্চি ও মেয়ে লিলিবেটকে নিয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজ বাড়িতে অবস্থান করছেন মেগান। তিনি রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দেননি এবং তার অনুপস্থিতির কারণ হিসেবে আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে, একই দিনে ছেলে আর্চির জন্মদিন পড়েছে।
