২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থায়ন স্থগিতের নিন্দায় জাতিসংঘের ফিলিস্তিন ত্রাণ সংস্থা

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় ইউএনআরডব্লিউএ’র কিছু কর্মচারি জড়িত বলে ইসরায়েল অভিযোগ করার পর ৮ দেশ এই জাতিসংঘ সংস্থায় অর্থায়ন স্থগিত করে।

অর্থায়ন স্থগিতের নিন্দায় জাতিসংঘের ফিলিস্তিন ত্রাণ সংস্থা

ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2024, 03:21 PM

Updated : 28 Jan 2024, 03:21 PM

গাজায় জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ এই সংস্থায় কয়েকটি দেশের অর্থায়ন স্থগিতের নিন্দা জানিয়েছে। সংস্থাটির প্রধান ফিলিপ ল্যাজারিনি মর্মন্তুদ এই সিদ্ধান্ত আরেকবার ভেবে দেখার আহ্বান জানিয়েছেন দাতাদেশগুলোর কাছে।

তিনি বলেন, গাজার ২০ লাখেরও বেশি মানুষ জীবনধারণের জন্য এই ত্রাণ সংস্থার ওপর নির্ভরশীল। মাত্র গুটিকয়েক স্টাফের বিরুদ্ধে ওঠা অভিযোগের কারণে সংস্থাটিতে তহবিল দেওয়া বন্ধ করাটা বেদনাদায়ক। বিশেষ করে যেখানে ইউএনআরডব্লিউএ তাদের এই স্টাফদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এবং নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের উদ্যোগ নিচ্ছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হামলায় ইউএনআরডব্লিউএ- এর কিছু কর্মচারি জড়িত বলে ইসরায়েল অভিযোগ করার পর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ৮ টি দেশ জাতিসংঘ এই সংস্থাটিতে অর্থায়ন স্থগিত করে।

ইউএনআরডব্লিউএ বলেছে, তারা অভিযোগ তদন্ত করে দেখছে এবং অভিযোগ ওঠা স্টাফদের এরই মধ্যে বরখাস্ত করেছে।

ইসরায়েল দীর্ঘদিন ধরেই ইউএনআরডব্লিউএ এবং জাতিসংঘের অন্যান্য শাখা বিরুদ্ধে পক্ষপাতদুষ্টতা এবং ইহুদিবিদ্বেষের সমালোচনা করে আসছে। তারা নতুন করে ওই অভিযোগ তোলার পর যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য, ইতালি, অস্ট্রেলিয়া, ফিনল্যান্ড,নেদারল্যান্ডস ও কানাডা তহবিল বন্ধের ঘোষণা দিয়েছে।

ফিলিস্তিনিদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান সংস্থা ইউএনআরডব্লিউএ প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৪৯ সালে। গাজায় এটিই সবচেয়ে বড় জাতিসংঘ সংস্থা। গাজার ফিলিস্তিনিদেরসহ পশ্চিম তীর, জর্ডান,লেবানন এবং সিরিাতেও স্বাস্থ্যসেবা, শিক্ষা ও অন্যান্য মানবিক ত্রাণকাজ করে থাকে সংস্থাটি। গাজায় এ সংস্থার প্রায় ১৩ হাজার কর্মী আছে।

গাজায় ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে ইউএনআরডব্লিউএ সেখানে তাদের স্থাপনাগুলোতে হাজার হাজার বাস্তুচ্যুত মানুষকে আশ্রয় দিয়েছে।

সংস্থাটির প্রধান ল্যাজারিনি বলেন, “মাত্র কয়েকজনের বিরুদ্ধে অপরাধের অভিযোগের কারণে একটি সংস্থা এবং এর পরিষেবার আওতায় থাকা একটি গোটা সম্প্রদায়কে নিষেধাজ্ঞায় ফেলা, বিশেষ করে এই যুদ্ধের সময়ে খুবই দায়িত্বজ্ঞানহীন ব্যাপার।”