২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মৃতদেহের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি করায় হার্ভার্ড মর্গের ম্যানেজার অভিযুক্ত

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড মেডিকেল স্কুলের মর্গে দান করা মৃতদেহ থেকে বিভিন্ন অঙ্গ নিয়ে ম্যানেজার সেগুলো অনলাইনে বিক্রি করতেন বলে অভিযোগ আছে।

মৃতদেহের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি করায় হার্ভার্ড মর্গের ম্যানেজার অভিযুক্ত

ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2023, 09:41 PM

Updated : 15 Jun 2023, 09:42 PM

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড মেডিক্যাল স্কুলের মর্গের ম্যানেজার এবং অন্য আরও তিনজনের বিরুদ্ধে মৃতদেহের অঙ্গ-প্রত্যঙ্গ চুরি করে কেনা-বেচার অভিযোগ আনা হয়েছে।

বিবিসি জানায়, ম্যানেজার সেড্রিক লজ মেডিক্যাল স্কুলে গবেষণার জন্য দান করা মৃতদেহ থেকে মাথা, মস্তিষ্ক, চামড়া,হাড় নিয়ে নিতেন এবং সেগুলো অনলাইনে বিক্রি করতেন বলে অভিযোগ আছে।

লজের সঙ্গে তার স্ত্রী ডেনিসও মানুষের দেহাবশেষ পেনসিলভেইনিয়া এবং ম্যাসাচুসেটস এ বিক্রি করেছেন বলে জানানো হয়েছে অভিযোগনামায়।

২০১৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত এমন দেহাবশেষ বিক্রির কাজ চলেছে।

কৌঁসুলিরা বলছেন, হার্ভার্ড মেডিক্যাল স্কুলের ‘অ্যানাটমিক্যাল গিফটস প্রোগ্রাম’ এর ম্যানেজার হওয়ার সুবাদে লজ তার অবস্থানকে কাজে লাগিয়ে এই অপকর্ম করেছেন।

অভিযোগপত্রে বলা হয়েছে, হার্ভার্ড মেডিক্যাল স্কুলের শিক্ষার্থীরা মর্গে আসা মৃতদেহ পড়াশুনা এবং চিকিৎসা পদ্ধতির অনুশীলনের জন্য ব্যবহার করে থাকে। অনুশীলন শেষের পর মৃতদেহগুলো প্রায়শই বিশ্ববিদ্যালয়ের সমাধিতে সমাহিত করা হয় বা দেহাবশেষ তাদের পরিবারের কাছে ফেরত দেওয়া হয়।

কিন্তু লজ এবং তার স্ত্রী এসব মৃতদেহ থেকে অঙ্গ-প্রত্যঙ্গ কেটে নিয়েছেন, সেগুলো বিক্রি এবং সরবরাহ করেছেন।

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নির কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, “অনেক সময় সেড্রিক লজ হার্ভার্ড মেডিকেল স্কুলে অন্যদের ঢুকতে দিতেন এবং ক্রয়ের জন্য অঙ্গ-প্রত্যঙ্গ বাছাই করতে মৃতদেহ পরখ করতে দিতেন।”