২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে কিডনি পাচার চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

চক্রটি পূর্বের পাঞ্জাব রাজ্য থেকে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মির পর্যন্ত সক্রিয় বলে ধারণা পুলিশের।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2023, 02:22 AM

Updated : 14 Oct 2023, 02:22 AM

বেশিরভাগ সময় মানুষকে না জানিয়ে তাদের শরীর থেকে কিডনি বের করে ধনীদের কাছে চড়া দামে বিক্রি করে দিতেন ফাওয়াদ মুক্তার ও তার দল। এভাবে তিনশ’র বেশি মানুষের শরীর থেকে কিডনি বের করে নেওয়া অঙ্গ পাচারকারী চক্রটির ৮ সদস্যকে পাকিস্তানের উত্তরপূর্বাঞ্চল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অবৈধ কাজ করার অভিযোগে এর আগে ফাওয়াদ আরও পাঁচবার গ্রেপ্তার হলেও কোনো না কোনোভাবে জেল থেকে জামিনে বেরিয়ে এসেছিলেন। তার চক্রের খপ্পরে পড়ে অন্তত তিনজন মারা গেছেন। অঙ্গ পাচার চক্রটি পূর্বের পাঞ্জাব রাজ্য থেকে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মির পর্যন্ত সক্রিয় বলে বিশ্বাস পুলিশের।

ফাওয়াদ তার দলবল নিয়ে বাড়ির ভেতর গোপনে মানুষের দেহ থেকে কিডনি বের করে নিতেন। বেশিরভাগ সময় এমনকি যাদের শরীর থেকে কিডনি নেওয়া হত তারাও কিছু জানতে পারত না বলে এক সংবাদ সম্মেলনে জানান পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মহসিন নাকভি।

একজন মটর মেকানিক ফাওয়াদের সহকারী হিসেবে অস্ত্রোপচারের সময় কাজ করত। হাসপাতাল থেকে রোগীদের লোভ দেখিয়ে ওই মেকানিকই ফাওয়াদের কাছে নিয়ে আসত। ওই সব কিডনি এক কোটির বেশি রুপিতে বিক্রি হয়েছে।

পাকিস্তানে ২০১০ সালে বাণিজ্যিকভাবে মানবদেহের অঙ্গ কেনাবেচা নিষিদ্ধ করা হয়। দোষী সাব্যস্ত হলে ১০ বছরের জেল এবং বড় অংকের জরিমানার বিধান রয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সঙ্গে তাল মেলাতে হিমশিম খাওয়া পাকিস্তানের দারিদ্রপীড়িত মানুষ অনেক সময় সামান্য অর্থের জন্য স্বেচ্ছায়ও কিডনি বিক্রি করে, যা বন্ধ করতেই আইন করে এ কাজ নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দেশটিতে অঙ্গ পাচার কারবার রমরমিয়ে চলছে। সংবাদ সূত্র: বিবিসি

প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ৩ অক্টোবর ২০২৩ তারিখে:

https://www.facebook.com/bdnews24/posts/pfbid02CK9jPes6D16g9n45kHp6BFk2318eL6gXAfgNxc3oESzy7GowArNqPBnFWkmy1ThPl