মাদক পাচার: সিঙ্গাপুরে ২০ বছরের মধ্যে প্রথম নারীর মৃত্যুদণ্ড কার্যকর
প্রায় ৩০ গ্রাম হেরোইন পাচারের অভিযোগে ২০১৮ সালের ৬ জুলাই এই নারীকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিয়েছিল আদালত।
সিঙ্গাপুরে প্রায় ২০ বছরের মধ্যে মাদক পাচারের অভিযোগে প্রথম ৪৫ বছর বয়সী এক নারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তার নাম সারিদেউই জামানি।
প্রায় ৩০ গ্রাম হেরোইন পাচারের অভিযোগে ২০১৮ সালের ৬ জুলাই জামানিকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিয়েছিল আদালত।
বিশ্বের যে কয়টি দেশে মাদকের বিরুদ্ধে কঠোর আইন জারি আছে সিঙ্গাপুর তার অন্যতম। দেশটিতে ১৫ গ্রামের বেশি হেরোইন এবং ৫০০ গ্রামের বেশি গাঁজা বহন করলেই মৃত্যুদণ্ডের সাজা হতে পারে।
বিবিসি জানায়, মাদক মামলায় সিঙ্গাপুরে এ সপ্তাহে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দ্বিতীয় ব্যক্তি জামানি। এর আগে বুধবার দেশটির আরেক নাগরিক মোঃ আজিজ বিন হুসাইনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
সিঙ্গাপুরের কেন্দ্রীয় মাদকদ্রব্য ব্যুরোর বিবৃতিতে বলা হয়েছে, মাদক পাচার মামলায় জামানির বিচারের ক্ষেত্রে আইনানুযায়ী সব প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়েছে।
মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন জামানি। কিন্তু গতবছর ৬ অক্টোবর তার আপিল খারিজ করে দেয় আপিল আদালত। জামানি সিঙ্গাপুরের প্রেসিডেন্টের কাছে ক্ষমা প্রার্থনা করলে সে আবেদনও খারিজ হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
২০২২ সালের মার্চ মাস থেকে এখন পর্যন্ত সিঙ্গাপুরে মাদক মামলায় দোষীসাব্যস্ত হওয়া ১৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।
গত এপ্রিলে তাঙ্গারাজু সুপিয়াহ নামে দেশটির আরেক নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর হয়। এক কেজি গাঁজা পাচারের অভিযোগে ওই ব্যক্তি দোষীসাব্যস্ত হয়েছিলেন। অথচ, ওই গাঁজা তিনি এমনকী ছুঁয়েও দেখেননি।
সিঙ্গাপুর কর্তৃপক্ষ আদালতে বলেছিল, তাঙ্গারাজু মোবাইল ফোনের মাধ্যমে গাঁজা বিক্রিতে সহযোগিতা করেছিলেন।
