২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পার্লামেন্টে যৌন হেনস্তার শিকার অস্ট্রেলীয় আইনপ্রণেতা

নারীদের কাজ করার জন্য অস্ট্রেলিয়ার পার্লামেন্ট ‘নিরাপদ জায়গা নয়’ বলে মন্তব্য করেছেন আইনপ্রণেতা লিডিয়া থর্প।

পার্লামেন্টে যৌন হেনস্তার শিকার অস্ট্রেলীয় আইনপ্রণেতা

ছবি: ফেইসবুক/এনডিটিভি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2023, 11:04 PM

Updated : 15 Jun 2023, 11:05 PM

অস্ট্রেলিয়ার পার্লামেন্টে যৌন হেনস্তার শিকার হয়েছেন একজন নারী আইনপ্রণেতা।

বৃহস্পতিবার আইনপ্রণেতা লিডিয়া থর্প এ বিষয়ে বিস্তারিত অভিযোগ সামনে এনেছেন।

নারীদের কাজ করার জন্য অস্ট্রেলিয়ার পার্লামেন্ট ‘নিরাপদ জায়গা নয়’ বলেও মন্তব্য করেছেন তিনি।

এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, সিনেটে কান্নাজড়িত কণ্ঠে এক ভাষণে লিডিয়া বলেছেন, তিনি ‘যৌন মন্তব্যর’ শিকার হয়েছেন।

তাকে সিঁড়িতে কোণঠাসা করা হয়েছিল এবং ‘প্রভাবশালী পুরুষ আইনপ্রণেতারা’ তাকে ‘অন্যায্যভাবে শারীরিক স্পর্শ করেছিল’।

লিডিয়া থর্প বুধবার তার সহকর্মী এক সিনেটরের বিরুদ্ধে ‘যৌন নিপীড়ন’ করার অভিযোগ করেন। পরে পার্লামেন্টের নিষেধাজ্ঞার হুমকির মুখে অভিযোগ প্রত্যাহার করতে বাধ্য হন লিডিয়া।

কিন্তু বৃহস্পতিবার কনজারভেটিভ ডেভিড ভ্যানের বিরুদ্ধে আবারও অভিযোগ করেছেন লিডিয়া থর্প। তবে এ অভিযোগ দৃঢ়তার সঙ্গে অস্বীকার করেছেন ভ্যান।

ভ্যান বৃহস্পতিবার বলেছেন, তিনি এসব অভিযোগের কারণে ‘বিপর্যস্ত, বিধ্বস্ত’। এমনকী এসব অভিযোগ ‘সম্পূর্ণ অসত্য’ বলেও স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন তিনি।

তবে অভিযোগ ওঠার কারণে ভ্যানের দল লিবারেল পার্টি বৃহস্পতিবার তাকে বরখাস্ত করেছে।

২০২১ সাল থেকে পার্লামেন্টের ভেতর যৌন-নিপীড়ন ও হয়রানির নানা অভিযোগ নিয়ে অস্ট্রেলিয়ার রাজনীতিতে জলঘোলা হয়েছে।

সাবেক রাজনৈতিক সহকারী ব্রিটনি হিগিন্স কনজারভেটিভ পার্টির এক সহকর্মীর বিরুদ্ধে পার্লামেন্টে কেবিনেট মন্ত্রীর কার্যালয়ে তাকে ধর্ষণ করার অভিযোগ তুলেছিলেন। ২০১৯ সালের এক রাতে ধর্ষণের শিকার হওয়ার দুই বছর পর এমন অভিযোগ করেন তিনি।

ওই সময় এক জরিপে দেখা যায়, অস্ট্রেলিয়ার পার্লামেন্টে কাজ করা প্রতি তিনজনে একজনই কোনও না কোনওভাবে যৌন হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন।