রাজতন্ত্রের সমালোচনা করে পোস্ট, থাই এমপি’র কারাদণ্ড
রাজধানী ব্যাংককের একটি আদালত দুটি টুইটার পোস্টে রাজতন্ত্রকে অপমান করার অভিযোগে নারী এমপি শ্রীনর্ককে দোষী সাব্যস্ত করে।
থাইল্যান্ডে কঠোর লিজ-ম্যাজিস্টি আইনে এক নারী এমপি কে ৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রুকচানোক আইস শ্রীনর্ক নামের এই এমপি’র বিরুদ্ধে রাজতন্ত্রের সমালোচনা করে টুইট পোস্ট করার অভিযোগ আনা হয়।
তবে শ্রীনর্ক নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন এবং সাজার বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন। তিনি আবারও রাজতন্ত্রের সমালোচনা করবেন না- এই শর্তে ১৪ হাজার ডলারে শ্রীনর্কের জামিন মঞ্জুর করা হয়েছে। তার জামিন বাতিল করা হলে এবং তিনি জেলে গেলে এমপি পদ হারাতে পারেন।
শ্রীনর্কের মুভ ফরওয়ার্ড পার্টি এবছর নির্বাচনে জিতেছে। লিজ-ম্যাজিস্টি আইন সংস্কারের আহ্বান জানিয়েছে তার দল। আর মূলত এ কারণেই দলটিকে সরকার গঠনে বাধা দেওয়া হচ্ছে।
বুধবার রাজধানী ব্যাংককের একটি আদালত দুটি টুইটার পোস্টে রাজতন্ত্রকে অপমান করার অভিযোগে শ্রীনর্ককে দোষী সাব্যস্ত করে। এই পোস্ট দুটি তিনি করেছিলেন মুভ ফরোয়ার্ড পার্টিতে যোগ দেওয়ার আগে।
এর একটি পোস্টে শ্রীনর্ক থাইল্যান্ডের মহামারী পরিস্থিতি সামাল দেওয়া নিয়ে সমালোচনা করেন। আর দ্বিতীয়টি ছিল, রাজতন্ত্রের সমালোচনামূলক একটি টুইটের পুনঃপোস্ট।
লিজ-ম্যাজিস্টি আইনের বিরোধিতা করে ২০২০ সালে একটি যুব-বিক্ষোভ হয়েছিল। সেই বিক্ষোভে একজন অধিকারকর্মী হিসাবে জড়িত ছিলেন শ্রীনর্ক। থাইল্যান্ডের ধনাঢ্য এবং চরম প্রভাবশালী রাজপরিবারের সংস্কারসহ দেশকে আরও গণতান্ত্রিক করার দাবি উঠেছিল সে বিক্ষোভে। কয়েকমাস স্থায়ী হয় সে বিক্ষোভ।
থাই লইয়ার্স ফর হিউম্যান রাইটসের হিসাবমতে, ২০২০ সাল থেকে লিজ-ম্যাজিস্টি আইনের আওতায় প্রায় ২৬০টি অভিযোগ দায়ের হয়েছে। বিক্ষোভে জড়িত থাকায় প্রায় ২ হাজার জনকে বিভিন্ন আইনে বিচার করা হয়েছে।
এমনকি চলতি সপ্তাহের শুরুর দিকেও ২৬ বছর বয়সী এক ব্যক্তিকে একটি রাজকীয় মোটর বহরের পাশে চিৎকার করার জন্য কারাদণ্ড দেওয়া হয়। পরে তিনি জামিনে মুক্তি পেয়েছেন।
থাইল্যাওন্ড গত মে মাসের সাধারণ নির্বাচনে শ্রীনর্কের মুভ ফরোয়ার্ড পার্টির তরুণ প্রার্থীরা নাটকীয় জয় পায়। শ্রীনর্ক ব্যাংককের কাছের ব্যাং বন নির্বাচনী আসন থেকে জিতেছিলেন।
এ আসনটি কয়েক দশক ধরে থাইল্যান্ডের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দলগুলোর দখলে ছিল। একজন রাজনৈতিক হেভিওয়েট নেতাকে পরাজিত করে আসনটিতে জয়লাভের জন্য থাইল্যান্ডের গণমাধ্যম শ্রীনর্ককে ‘জায়ান্ট-কিলার’ তকমা দেয়।
