ছয়শ কোটি ডলার ছাড়ের পর বন্দি বিনিময় করছে যুক্তরাষ্ট্র ও ইরান
পাঁচ আমেরিকান তেহরান থেকে দোহা হয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছাবেন। তার বদলে পাঁচ ইরানি বন্দিকে মুক্তি দেবে যুক্তরাষ্ট্র।
ওয়াশিংটনের নিষেধাজ্ঞার কারণে দক্ষিণ কোরিয়ায় আটকা পড়া তেহরানের ছয় বিলিয়ন ডলারের একটি তহবিল ছাড়ের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বন্দি বিনিময় হতে যাচ্ছে।
সোমবার উভয় দেশ পাঁচজন করে বন্দিকে পরস্পরের সঙ্গে বিনিময় করছে। আর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞায় ছাড় দেওয়ার পর এতদিন জব্দ থাকা ইরানের ছয় বিলিয়ন ডলার কাতারের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোতে পাঠানো হয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি জানান, দক্ষিণ কোরিয়ায় জব্দ থাকা তহবিল সোমবার ইরানের হাতে যাবে। এর মধ্য দিয়ে কাতারের মধ্যস্থতায় কয়েক মাস আলোচনার মাধ্যমে হওয়া চুক্তিটি বাস্তবায়িত হবে। তবে যুক্তরাষ্ট্র তাৎক্ষণিকভাবে এ চুক্তির বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, কাতার উভয় পক্ষকে জানিয়েছে, ছয়শ কোটি ডলারের পুরোটাই সুইজারল্যান্ড থেকে কাতারের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোতে পাঠানো হয়েছে। শিগগিরই মুক্তি পেতে যাওয়া পাঁচ মার্কিন নাগরিক এবং তাদের দুই আত্মীয়কে দোহায় নিতে আসতে কাতারের একটি বিমান ইরানে প্রস্তুত রাখা হয়েছে।
চুক্তি অনুযায়ী, দ্বৈত নাগরিক ওই পাঁচ আমেরিকান তেহরান থেকে কাতারের রাজধানী দোহায় যাবেন এবং তারপর যুক্তরাষ্ট্রে পৌঁছাবেন। তার বদলে পাঁচ ইরানি বন্দিকে মুক্তি দেবে যুক্তরাষ্ট্র।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্র থেকে যারা মুক্তি পাবেন, তাদের মধ্যে দুইজন ইরানে ফিরে যাবেন, আর দুইজন যুক্তরাষ্ট্রে থাকবেন। অপর ব্যক্তি তৃতীয় আরেকটি দেশে তার পরিবারের সঙ্গে মিলিত হবেন।
১০ অগাস্ট প্রথম এই চুক্তির কথা প্রকাশ করা হয়েছিল। এ চুক্তির মাধ্যমে ওয়াশিংটন ও ইরানের মধ্যে বিদ্যমান উত্তেজনার প্রশমন হবে। তারপরও ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা, মধ্যপ্রাচ্যে এর প্রভাব, ইরানের ওপর আরোপ করা মার্কিন নিষেধাজ্ঞা ও পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি নিয়ে দুই পক্ষের গভীর মতভেদ থাকবে।
সোমবার দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তি অনুযায়ী সবকিছু যেন মসৃণভাবে অগ্রসর হয়, তা নিশ্চিত করতে সব পক্ষের সঙ্গে কাজ করছে তারা।
চুক্তির প্রথম পদক্ষেপ অনুযায়ী, দক্ষিণ কোরিয়ায় আটকা পড়ে থাকা ইরানি তহবিল কাতারে পাঠানোর বিষয়টি অনুমোদন করতে ওয়াশিংটন নিষেধাজ্ঞায় ছাড় দেয়। এক সময় সিউল ইরানি তেলের অন্যতম প্রধান ক্রেতা ছিল । যুক্তরাষ্ট্র ইরানের ওপর কঠোর আর্থিক নিষেধাজ্ঞা আরোপের পর ইরানের ওই তহবিল দক্ষিণ কোরিয়ায় আটকা পড়ে।
চুক্তি অনুযায়ী, ছাড়কৃত অর্থ তেহরান খাদ্য ও ওষুধের মত এমন পণ্য কিনতে ব্যয় করবে, যার ওপর নিষেধাজ্ঞা নেই। আর দোহা বিষয়টি তদারক করবে।
সংবাদসূত্র: রয়টার্স
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
