হামাসকে সমর্থন দিলে যুক্তরাষ্ট্রে অভিবাসন নিষিদ্ধ হবে: ট্রাম্প
দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়ে হোয়াইট হাউজে গেলে, যারা ইসরায়েলের অস্তিত্বে বিশ্বাস করে না তাদের যুক্তরাষ্ট্রে ঢুকতে দেবেন না এবং ‘ইহুদিবিদ্বেষী’ বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল করবেন বলে জানান ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি আবার প্রেসিডেন্ট নির্বাচিত হলে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসকে যারা সমর্থন করবে সেইসব অভিবাসীকে যুক্তরাষ্ট্রে ঢুকতে দেওয়া হবে না।
তাছাড়া, হামাসের সমর্থনে কোনও বিক্ষোভ হলে তা দমন করতে পুলিশ পাঠাবেন এবং প্রকাশ্যে হামাসকে সমর্থন দেওয়া অভিবাসীদের গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেবেন বলেও জানিয়েছেন ট্রাম্প।
২০১৭-২০২১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন রিপাবলিকান নেতা ট্রাম্প। আগামী ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও লড়তে চান তিনি। এ জন্য তিনি প্রচারাভিযানও শুরু করেছেন।
স্থানীয় সময় সোমবার আইওয়ার নির্বাচনী প্রচারে অংশ নিয়ে ট্রাম্প গত ৭ অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলা প্রসঙ্গে কথা বলার সময় অভিবাসন নিয়ে ওইসব কথা বলেন।
ট্রাম্প বলেন, দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়ে হোয়াইট হাউজে গেলে তিনি যারা ইসরায়েলের অস্তিত্বে বিশ্বাস করে না, তাদের যুক্তরাষ্ট্রে ঢুকতে দেবেন না এবং ‘ইহুদিবিদ্বেষী’ বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল করে দেবেন।
ভ্রমণ নিষেধাজ্ঞাও জোরদার করার অঙ্গীকার করে ট্রাম্প বলেছেন, সন্ত্রাস-জর্জরিত দেশগুলোর মানুষের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করবে তার প্রশাসন। তবে কীভাবে এসব প্রতিবন্ধকতা কার্যকর করবেন সে ব্যাপারে সুনির্দিষ্ট কিছু বলেননি ট্রাম্প।
তবে ট্রাম্পের এমন নীতি আদালতে চ্যালেঞ্জের মুখে পড়বে বলে মনে করা হচ্ছে। কারণ, প্রেসিডেন্ট থাকাকালেও ট্রাম্পের অভিবাসন নীতি আদালতে চ্যালেঞ্জের মুখে পড়েছিল।
ট্রাম্পের আমলে কয়েকটি মুসলিম দেশের নাগরিকের যুক্তরাষ্ট্রে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছিল। পরবর্তীতে জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্পের সেই নীতি বাতিল করেন।
সোমবারের ভাষণে ট্রাম্প বলেন, তিনি লিবিয়া, সোমালিয়া, সিরিয়া, ইয়েমেন এবং নিরাপত্তায় হুমকি হয় এমন যে কোনও জায়গা থেকে অভিবাসী নেওয়া নিষিদ্ধ করবেন।
