বাটার চিকেন কার আবিষ্কার? দিল্লির দুই রেস্তোরাঁর মামলা গড়াল হাই কোর্টে
এক পক্ষে আছে মোতি মহল রেস্তোরাঁ। আর অন্য পক্ষে আছে দরিয়াগঞ্জ রেস্তোরাঁ। দু’টিই ভারতের রাজধানীর দুই নামী রেস্তোরাঁ চেইন।
দুটি এমন খাবার যার নাম শুনলে জিভে জল আসবেই। একটি বাটার চিকেন, অপরটি ডাল মাখানি। ভারতের রাজধানী নয়াদিল্লির দুই রেস্তোরাঁর মধ্যে এ দুটি খাবার নিয়ে তুমুল ঠোকাঠুকি শুরু হয়েছে।
বিশ্বব্যাপী জনপ্রিয় এবং সুস্বাদু এই খাবারের স্রষ্টা কে মূলত সে প্রশ্নেই গোল বেধেছে। বাটার চিকেন ও ডাল মাখানি আবিষ্কারের কৃতিত্ব কার তা নিয়ে মামলা গড়িয়েছে দিল্লি হাইকোর্ট পর্যন্ত।
এক পক্ষে আছে মোতি মহল রেস্তোরাঁ। আর অন্য পক্ষে আছে দরিয়াগঞ্জ রেস্তোরাঁ। দু’টিই দিল্লির দুই নামী রেস্তোরাঁ চেইন। বাটার চিকেন ও ডাল মাখানি আবিষ্কারের মুকুট কে পরবে, তা নিয়ে দু’পক্ষের মধ্যে এ আইনি লড়াই চলছে।
মামলা করেছে মোতি মহল রেস্তোরাঁ। দরিয়াগঞ্জ রেস্তরাঁর বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা ঠুকেছে তারা। মোতি মহল এই রেসিপি আবিষ্কারের কৃতিত্ব দিয়েছে তাদের প্রতিষ্ঠাতা প্রয়াত কুন্দললাল গুজরালকে।
মোতি মহল বলছে, ১৯৩০ এর দশকে পাকিস্তানের পেশাওয়ারে প্রথম রেস্তোরাঁ খোলার সময় গুজরালই এই খাবার আবিষ্কার করেছিলেন। পরে রেস্তোরাঁটি দিল্লিতে স্থানান্তর করা হয়। দরিয়াগঞ্জ মিথ্যা করে এই খাবার আবিষ্কারের দাবি করছে বলে অভিযোগ তাদের।
ওদিকে, গুজরালের পরিবারের দরিয়াগঞ্জের বিরুদ্ধে আরও অভিযোগ,তারা মোতি মহলের ওয়েবসাইটের লে আউট কপি করেছে এবং তাদের রেস্তোরাঁকে একইরকম বানানোর চেষ্টা করেছে। গুজরাল পরিবার ২৪০,০০০ ডলার ক্ষতিপূরণও দাবি করছে।
কিন্তু মোতি মহলের কোনও অভিযোগ মানতে রাজি নয় দরিয়াগঞ্জ। এই রেস্তোরাঁটি প্রতিষ্ঠিত হয়েছে তুলনমূলক সাম্প্রতিক সময়ে ২০১৯ সালে। তারা বলছে, তাদের পারিবারিক প্রয়াত সদস্য কুন্দন লাল জগ্গির সঙ্গে কুন্দন লাল গুজরালের যৌথ অংশীদারিত্ব ছিল।
১৯৪৭ সালে দিল্লিতে গুজরালের সঙ্গে মিলেই রেস্তোরাঁ খুলেছিলেন জগ্গি। দুজনই এসেছিলেন পেশাওয়ার থেকে। দরিয়াগঞ্জ রেস্তোরাঁ দুইজন মিলেই চালাতেন। খাবারটি সেখানেই আবিষ্কার হয়েছিল। সে কারণে খাবারটির আবিষ্কর্তা হিসাবে নিজেদের দাবি করার অধিকার তাদেরও আছে।
দরিয়াগঞ্জ তাদের এই দাবির সপক্ষে প্রমাণ হিসাবে বহু পুরোনো হাতে লেখা একটি অংশীদারিত্বের নথি বার্তা সংস্থা রয়টার্সকে দিয়েছে। নথিটি ১৯৪৯ সালে নিবন্ধিত।
তবে মোতি মহল বলছে, দরিয়াগঞ্জ দেখাতে চাইছে মোতি মহলের সঙ্গে তাদের কোনও যোগ রয়েছে। কিন্তু বাস্তবটা তা নয়। মোতি মহলের সঙ্গে নিজেদের নাম জড়িয়ে মানুষকে বিভ্রান্ত করছে দরিয়াগঞ্জ।
দিল্লি হাইকোর্টের বিচারপতি সঞ্জীব নারুলার বেঞ্চে মামলাটি উঠেছে। এক মাসের মধ্যে দরিয়াগঞ্জ রেস্তোরাঁকে লিখিতভাবে তাদের বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি।
দিল্লির হাইকোর্টে গত সপ্তাহে মামলার শুনানি হয়েছে। পরবর্তী শুনানি হবে আগামী ২৯ মে। ডাল মাখানি আর বাটার চিকেন নিয়ে লড়াইয়ে শেষ পর্যন্ত কে পরবে স্রষ্টার মুকুট, তা জানতে অপেক্ষা করতে হবে মামলা নিষ্পত্তি হওয়া পর্যন্ত।
দুই রেস্তোরাঁর এই ঠোকাঠুকি ভারতে সবার নজর কেড়েছে। ভারতের টিভি সম্প্রচারে দেখানো হচ্ছে বাটার চিকেন, ডাল মাখানির ইতিহাস। স্যোশাল মিডিয়াতেও এ দুই খাবার নিয়ে তুমুল তর্ক-বিতর্ক চলছে।
ভারতের এক আইনজীবী অমিত দত্ত বলেছেন, “এ এক অভিনব, অনন্য মামলা। আপনি সত্যিই জানেন না প্রথম বাটার চিকেন খাবারটি কে আবিষ্কার করেছিল। আদালতকে মামলা নিষ্পত্তিতে বেগ পেতে হবে। নির্ভর করতে হবে পরিস্থিতিগত প্রমাণের ওপর।”
