খুলেছে রহস্যের জট, স্ত্রীকে হত্যার ৪০ বছর পর দোষী সাব্যস্ত
একজন অনুসন্ধানী সাংবাদিক এক অনুষ্ঠানে লিনেট হত্যা মামলার বিষয়টি তুলে ধরলে অস্ট্রেলিয়া জুড়ে এ ঘটনা নিয়ে তোলপাড় হয়েছিল।
ছাত্রীকে বিয়ে করে নতুন জীবন শুরু করতে খুন করেছিলেন স্ত্রীকে। ৪০ বছর পর খুলেছে সে মামলার জট। দোষী সাব্যস্ত হয়েছেন সাবেক শিক্ষক ক্রিস ডসন। ১৯৮২ সালে হওয়া খুনের এ মামলা অস্ট্রেলিয়ায় সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা মামলাগুলোর একটিতে পরিণত হয়।
তিন মাস শুনানির পর মঙ্গলবার বিচারপতি ইয়ান হ্যারিসন ৭৪ বছর বয়সের ডসনকে দোষী সাব্যস্ত করেন বলে জানায় সিএনএন।
ডসনের স্ত্রী লিনেট নিখোঁজ হয়ে যাওয়া নিয়ে পুলিশ চার দশক ধরে তদন্ত করে। ডসন দীর্ঘ সময় ধরে অন্যায় কিছু করার অভিযোগ অস্বীকার করে এসেছেন।
তার দাবি ছিল, তার স্ত্রী তাকে ও তাদের দুই সন্তানকে ছেড়ে চলে গেছে। ওই সময়ে তার দুই সন্তানের বয়স ছিল চার ও দুই বছর।
লিনেটের হঠাৎ করে গায়েব হয়ে যাওয়ার কারণে অনেক বছর ধরেই ডসনকে ঘিরে সন্দেহ ছিল। স্ত্রী নিখোঁজ হওয়ার পর তার সন্ধানে ডসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছিল।
২০১৮ সালে ডসন-লিনেট ঘটনা অস্ট্রেলিয়ায় নতুন করে আলোড়ন তোলে। অনুসন্ধানী সাংবাদিক হেডলি থমাস ‘টিচার্স পেট’ নামে একটি অনুষ্ঠানে তাদের ঘটনা তুলে ধরেন।
অনুষ্ঠানে পুলিশি তদন্তের বিষয়গুলো পর্যালোচনা করা হয় এবং সেইসঙ্গে নতুন নতুন প্রমাণও তুলে ধরা হয়। যার মধ্যে ছিল ডসনের সেই সময়ের এক ছাত্রীর জবানবন্দি। জে সি (ছদ্মনাম) নামে ওই ছাত্রী স্বীকার করেছেন যখন ডসনের স্ত্রী নিখোঁজ হয়, তখন ডসন তার সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়েছিলেন।
আদালতে বেশ কয়েকজন সাক্ষী অবশ্য ১৯৮২ সালের পরও লিনেট ডসনকে দেখার দাবি করেছিলেন। কিন্তু তাদের সবার দাবিই মিথ্যা বা ভুল প্রমাণিত হয়।
বিচারপতি হ্যারিসন বলেন, তিনি যে রায় দিয়েছেন সেটি প্রত্যক্ষ প্রমাণের ভিত্তিতে হয়নি। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী যে যুক্তি তুলে ধরেছেন তাতে তিনি সন্তুষ্ট।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জে সি’র প্রতি ডসনের মুগ্ধতার কথা আদালতে তুলে ধরেন এবং বলেন, ডসন তার সাবেক ছাত্রী জে সির প্রতি তখন এতটাই মোহাবিষ্ট হয়েছিলেন যে, তিনি লিনেটকে হত্যা করা ছাড়া জে সির সঙ্গে থাকার আর কোনও উপায় দেখতে পাননি।
“আদালতে যেসব তথ্যপ্রমাণ উপস্থাপন করা হয়েছে তাতে আমার মনে হয়েছে লিনেট ডসন মারা গেছেন, তিনি ১৯৮২ সালের ৮ জানুয়ারি মারা গিয়েছেন এবং তিনি স্বেচ্ছায় তার বাড়ি ছেড়ে যাননি।লিনেট ডসন মারা গেছেন বা ১৯৮২ সালের ৮ জানুয়ারি জনাব ডসন ইচ্ছাকৃতভাবে তার স্ত্রীকে হত্যা করেছেন।”
এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে আদালতের বাইরে সাংবাদিকদের জানিয়েছেন ডসনের আইনজীবী।
‘লিনেট ডসন মৃত’
কিশোরী লিনেটের সঙ্গে পরিচয় হওয়ার পর ডসন তাকে বিয়ে করেন এবং তাদের দুই সন্তান হয়। ডসনের দীর্ঘদিনের দাবি তার স্ত্রী তাদের ছেড়ে চলে গেছেন এবং নিখোঁজ হওয়ার কয়েক সপ্তাহ পর তিনি তার স্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।
আদালত ডসনের এ দাবি বাতিল করে দেয়। বিচারপতি হ্যারিসন বলেন, ‘‘ধরেই নিলাম একজন নারী যিনি তার বৈবাহিক সম্পর্ক ত্যাগ করতে মরিয়া, তিনি বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর তার স্বামীকে বাড়ি ছাড়ার সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করতে ফোন করবেন! সাধারণ জ্ঞানে আমি এটা মানতে পারছি না।”
‘‘এবং আমি সন্দেহাতীতভাব বিশ্বাস করি, ১৯৮২ সালের জানুয়ারির পর ডসন তার স্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলার যে দাবি করছেন সেটা মিথ্যা।”
নিখোঁজ হয়ে যাওয়ার পর লিনেট তার ক্রেডিট কার্ড ব্যবহার করেছেন বলে বিবাদী পক্ষ যে দাবি করেছে তাও মিথ্যা বলেই রায় দিয়েছেন বিচারক।
টেলিভিশনে এ ঘটনা প্রচারের পরও কেউ লিনেটকে দেখেছেন এমন দাবি নিয়ে সামনে না আসার বিষয়টিও বিচারক বিবেচনায় নিয়েছেন বলে জানায় সিএনএন।
বেবিসিটার থেকে প্রেমিকা
বিচারক রায় ঘোষণার আগে জে সির সঙ্গে ডসনের সম্পর্কের বিষয়টি তুলে ধরেন। ডসন যাকে পরে বিয়ে করেন।
সিডনির ক্রোমার হাই স্কুলের শিক্ষক ডসনের শারীরিক শিক্ষা ক্লাসের ছাত্রী ছিলেন জে সি।
ওই সময়ে জে সি স্কুল ছেড়ে গেলেও ডসনের সঙ্গে তিনি যৌন সম্পর্কে থাকার কথা স্বীকার করেছেন। ডসন জে সির প্রতি মুগ্ধ ছিলেন। ওই সময় জে সির বয়স ছিল মাত্র ১৬ বছর।
জে সির কাছ থেকে যেসব প্রমাণ পাওয়া গেছে তা ‘সত্য এবং বিশ্বাসযোগ্য’ বলে বর্ণনা করেন বিচারক হ্যারিসন।
কিশোরী জে সির পারিবারিক অবস্থা জটিল ছিল। তিনি তার সৎবাবার সঙ্গে একটি ছোট্ট অ্যাপার্টমেন্টে থাকতেন। জে সির সৎবাবা ছিলেন ‘মদ্যপ, হিংস্র, আক্রমণাত্মক এবং নিয়ন্ত্রণকারী’।
ফলে সমর্থন ও পথপ্রদর্শক হিসেবে ডসনের প্রতি অনুরক্ত হয়ে পড়েন জে সি। ১৯৮০ সালের দিকে ডসনের বাড়িতে বেবিসিটারের কাজ করা শুরু করেন জে সি। ওই সময় ডসন তাকে গাড়ি চালানো শেখাতেন।
এভাবেই তারা একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন এবং গাড়িতেই অন্তরঙ্গ সময় কাটাতে শুরু করেন। জে সির সঙ্গে সময় কাটানো নিয়ে ডসন তার স্ত্রীকে মিথ্যা বলতেন। বলতেন, তিনি ওই সময় লাইব্রেরিতে থাকেন।
ওই বছরই জে সির বাড়িতে তার প্রতি অত্যাচার এত বেড়ে যায় যে তিনি ডসনের বাড়িতে থাকতে চলে আসেন।
জে সি বলেছেন, লিনেট যখন গোসল করতেন বা ঘুমিয়ে থাকতেন তখন তারা যৌনসংসর্গে লিপ্ত হতেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে বলেন, ডসন জে সির প্রতি পাগল ছিলেন এবং স্ত্রী লিনেট নিখোঁজ হওয়ার কয়েকদিনের মধ্যে তিনি নিজে গাড়ি চালিয়ে তার সাবেক ছাত্রীকে বাড়িতে নিয়ে আসেন।
ছাত্রীকে নিয়ে নতুন জীবন শুরুর তাড়না
তিন মাস ধরে শুনানি চলার পর মঙ্গলবার কয়েক ঘণ্টা ধরে ডসনের মামলার রায় ঘোষণা করেন বিচারক হ্যারিসন। শুনানিতে বিভিন্ন সাক্ষী যেসব প্রমাণ উপস্থাপন করেছেন সেগুলো নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেন।
লিনেটের নিখোঁজ হওয়া এবং গত মে মাসে মামলার শুনানি শুরু হওয়ার সময়ের মধ্যেই অনেক সাক্ষী মারা গেছেন। তবে তারা যে সাক্ষী দিয়েছেন বা যেসব প্রমাণ উপস্থাপন করেছেন সেগুলো মামলার রায়ের ক্ষেত্রে ততটা গুরুত্বপূর্ণ নয় বলেই মত দেন বিচারক।
বিচারক বলেন, ডসন তার স্ত্রী লিনেটের প্রতি নৃশংস আচরণ করতেন এমনটা তিনি বিশ্বাস করেন না। তবে তাদের বৈবাহিক জীবনে যে সংকট চলছিল তাতে কোনও সন্দেহ নেই।
“যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তাতে জনাব ডসন সিদ্ধান্ত নিয়েছিলেন, তিনি তার বিবাহিত জীবনের ইতি টানবেন এবং জে সিকে নিয়ে নতুন জীবন শুরু করবেন।”
ডসন-জে সির বিয়েও অবশ্য শেষ পর্যন্ত টেকেনি। ১৯৯১ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়।
যার জন্য এত কিছু সেই খুলেছে রহস্যের জট
লিনেট নিখোঁজ মামলায় জে সি যেসব তথ্য-প্রমাণ দিয়েছেন সেগুলো অস্বীকার করে ডসন বলেছেন, সেগুলো একজন ক্ষুব্ধ প্রাক্তন স্ত্রীর কথা।
হ্যারিসন দেখতে পান, জে সি এমন একটি পরিস্থিতিতে বিপথগামী হয়ে পড়েছিলেন যার উপর তার সামান্য নিয়ন্ত্রণ ছিল।
জে সি বলেছেন, ডসন তাকে নিয়ন্ত্রণ করতেন। তিনি কোথায় যেতেন, কাদের সঙ্গে মিশতেন এমনকি কী কাপড় পরবেন সেটাও নিয়ন্ত্রণ করতেন।
হ্যারিসন বলেন, জে সির প্রতি এই অতিরিক্ত মোহ ডসনকে তার প্রথম স্ত্রী লিনেটকে হত্যা করতে উদ্ভুব্ধ করার জন্য যথেষ্ট। তবে লিনেটের সঙ্গে আসলে ঠিক কী হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
হ্যারিসন বলেন, ডসন কীভাবে তার স্ত্রীকে হত্যা করেছেন তা এখনো জানা যায়নি। তিনি কাউকে দিয়ে লিনেটকে খুন করিয়েছেন নাকি নিজেই করেছেন তা এখনও প্রমাণ হয়নি।
হ্যারিসন বলেন, ‘‘যেসব প্রমাণ মিলেছে তাতে ডসন নিজে খুন করেছেন নাকি কাউকে দিয়ে করিয়েছেন সেটা বোঝা যাচ্ছে না। লিনেটের মৃতদেহ কোথায় আছে সেটাও জানা যায়নি। এখানে হত্যার যে অভিযোগ তোলা হয়েছে সেটার প্রত্যক্ষ কোনো প্রমাণ নেই।”
তবে রাষ্ট্রপক্ষ যেসব তথ্য প্রামণ উপস্থাপন করেছে সেগুলো তার কাছে ‘বিশ্বাসযোগ্য এবং আমলে নেওয়ার যোগ্য’ মনে হয়েছে।
রায় ঘোষণার সময় ডসন আদালতে উপস্থিত ছিলেন এবং বিচারক তাকে কারা হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন।
