২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্থায়ী যুদ্ধবিরতি শুরুর পর ইসরায়েলি জিম্মি মুক্তি নিয়ে ‘আলোচনায় রাজি হামাস’

মধ্যস্থতাকারীরা প্রথম পর্বে ছয় সপ্তাহের একটি অস্থায়ী যুদ্ধবিরতি, ত্রাণ সরবরাহ ও ইসরায়েলি সেনা প্রত্যাহারের নিশ্চয়তা দেবে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2024, 06:31 PM

Updated : 26 Aug 2026, 09:56 AM

গাজা যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের দেওয়া একটি প্রস্তাবে গ্রহণ করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। 

পরিচয় প্রকাশ না করার শর্তে হামাসের একজন ঊর্ধ্বতন নেতা শনিবার রয়টার্সকে জানিয়েছেন, সংশোধিত হামাস-ইসরায়েল চুক্তি প্রস্তাবে নিশ্চিত করা হয়েছে মধ্যস্থতাকারীরা প্রথম পর্বে ছয় সপ্তাহের একটি অস্থায়ী যুদ্ধবিরতি, ত্রাণ সরবরাহ ও ইসরায়েলি সেনা প্রত্যাহারের নিশ্চয়তা দেবে। প্রথম পর্ব শেষ হওয়ার ১৬ দিন পর সেনা ও অবশিষ্ট পুরুষসহ ইসরায়েলি জিম্মি মুক্তির বিষয়টি নিয়ে পরোক্ষ আলোচনা শুরু হবে। 

সমঝোতা চুক্তির দ্বিতীয় পর্বের বাস্তবায়ন নিয়ে পরোক্ষ আলোচনা যে পর্যন্ত চলবে তত দিন অস্থায়ী যুদ্ধবিরতি, ত্রাণ সরবরাহ ও ইসরায়েলে সেনা প্রত্যাহার অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি। 

এর আগে হামাস দাবি করেছিল, এই চুক্তিতে স্বাক্ষর করার আগে ইসরায়েলকে একটি স্থায়ী যুদ্ধবিরতির অঙ্গীকার করতে হবে; কিন্তু এবার এ দাবি বাদ দিয়েছে তারা। তার বদলে প্রথম ছয় সপ্তাহের পর্বজুড়ে আলোচনার মাধ্যমে স্থায়ী যুদ্ধবিরতির অর্জন করার বিষয়টি অনুমোদন করেছে।  

আন্তর্জাতিক মধ্যস্থতার মাধ্যম শান্তি প্রচেষ্টার এই উদ্যোগের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত এক ফিলিস্তিনি কর্মকর্তা জানিয়েছেন, হামাসের সম্মতি দেওয়া প্রস্তাবটি ইসরায়েল গ্রহণ করলে একটি কাঠামোগত চুক্তি হতে পারে এবং গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে নয় মাস ধরে চলা যুদ্ধ শেষ হতে পারে। 

ইসরায়েলের প্রতিনিধি দলের এক সদস্য পরিচয় প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এখন চুক্তি হওয়ার একটি বাস্তব সুযোগ তৈরি হয়েছে। এটি আগের দৃষ্টান্তের বিপরীত, তখন ইসরায়েল বলেছিল, হামাসের জুড়ে দেওয়া শর্ত পুরোপুরি অগ্রহণযোগ্য। 

শনিবার ইহুদিদের সাবাথ পর্ব (পবিত্রতা ও বিশ্রামের দিন) থাকায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এক মুখপাত্রের সঙ্গে রয়টার্স যোগাযোগের চেষ্টা করলেও তিনি সাড়া দেননি। এর আগে শুক্রবার নেতানিয়াহুর দপ্তর জানিয়েছিল, পরবর্তী সপ্তাহেও আলোচনা চলবে এবং এখনও দুই পক্ষের মধ্যে মতপার্থক্য রয়ে গেছে।    

নয় মাস ধরে চলা হামাস-ইসরায়েল যুদ্ধে ৩৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালানোর পর এ যুদ্ধ শুরু হয়। ইসরায়েলের দেওয়া তথ্য অনুযায়ী, হামাসের হামলায় ১২০০ জন নিহত হয় এবং ফিলিস্তিনি গোষ্ঠীটির যোদ্ধারা ২৫০ জনেরও বেশি মানুষকে ধরে নিয়ে গিয়ে জিম্মি করে। 

গাজায় একটি যুদ্ধবিরতি ও ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে ওয়াশিংটন, ইসরায়েল ও কাতারের মধ্যে কূটনৈতিক প্রচেষ্টা গত কয়েকদিনে অনেক জোরদার হয়। কাতারের রাজধানী দোহা থেকেই এই মধ্যস্থতা প্রচেষ্টার নেতৃত্ব দেওয়া হচ্ছে; হামাসের নির্বাসিত নেতৃবৃন্দ এখানেই থাকেন। 

আঞ্চলিক এক কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগেই একটি চুক্তি নিশ্চিত করার জন্য মার্কিন প্রশাসন জোর প্রচেষ্টা চালাচ্ছে। 

শুক্রবার নেতানিয়াহু জানিয়েছেন, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান কাতারে মধ্যস্থতাকারীদের সঙ্গে প্রাথমিক এক বৈঠকের পর দেশে ফিরেছেন এবং পরবর্তী সপ্তাহেও আলোচনা অব্যাহত থাকবে।

আরও পড়ুন: 

মোসাদ প্রধানের কাতার সফর: গাজা যুদ্ধবিরতি নিয়ে আশার আলো