১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চুক্তি না করলে ইরানে আরও নৃশংস হামলা চালাবে ইসরায়েল: ট্রাম্প

ইরানকে পারমাণবিক চুক্তি করতে হবে, নাহলে তাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না- বলেছেন মার্কিন প্রেসিডেন্ট।

চুক্তি না করলে ইরানে আরও নৃশংস হামলা চালাবে ইসরায়েল: ট্রাম্প
ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2025, 06:07 PM

Updated : 26 Aug 2026, 01:11 PM

ইরানকে ইসরায়েলের আরও হামলার মুখে পড়া নিয়ে হুঁশিয়ার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, ইরান এখনও তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তি না করলে এরপর তাদেরকে ‘আরও নৃশংস’ ইসরায়েলি হামলার শিকার হতে হবে।

ট্রাম্প বলেন, তিনি ইরানকে পারমাণবিক চুক্তি করার জন্য সুযোগের পর সুযোগ দিয়েছেন।

বিবিসি জানায়, পারমাণবিক চুক্তি নিয়ে রোববার ষষ্ঠ দফায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনা হওয়ার কথা রয়েছে।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ স্যোশালে লিখেছেন, “আমি তাদেরকে সবচেয়ে কড়া ভাষায় বলেছি পারমাণবিক চুক্তি করতে। কিন্তু তারা এটি করতে পারেনি।”

ইরানকে সতর্ক করে দিয়ে ট্রাম্প লেখেন, “ইতোমধ্যেই ব্যাপক প্রাণহানি ও ধ্বংসসাধন হয়েছে। কিন্তু এখনও সময় আছে। এই রক্তপাত বন্ধ করা সম্ভব। কারণ, পরবর্তী হামলার পরিকল্পনা ইতোমধ্যেই করা হয়ে গেছে। এই হামলা আরও নৃশংস হবে।”

তিনি আরও লেখেন, “ইরানকে (পারমাণবিক) চুক্তি করতে হবে, নাহলে তাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না। ইরান এক সময় ইরানি সাম্রাজ্য নামে যে পরিচিতি পেয়েছিল সেটাকে বাঁচান। আর প্রাণহানি নয়, আর ধ্বংস নয়। এখনই কাজ শুরু করুন, আরও বেশি দেরি হয়ে যাওয়ার আগেই।”

ইরানে ইসরায়েলের হামলার পরই যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট  ট্রাম্পের এমন হুঁশিয়ারি আঞ্চলিক উত্তেজনা আরও বাড়াতে পারে বলেই আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা।

ইরান যাতে পরমাণু অস্ত্র বানাতে না পারে তা নিশ্চিত করতে দেশটির একাধিক পারমাণবিক ও সামরিক স্থাপনা এবং সামরিক বাহিনীর কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীদের ওপর হামলা চালায় ইসরায়েল।

এতে নিহত হন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরের প্রধান হোসেইন সালামিসহ এক শীর্ষ সামরিক কর্মকর্তা এবং দুজন পরমাণু বিজ্ঞানী।

ইরান বলেছে, তারা শুক্রবারের এ হামলার ‘তিক্ত ও বেদনাদায়ক’ পাল্টা প্রতিশোধ নেবে। তেহরান দীর্ঘদিন ধরেই বলে আসছে, পরমাণু অস্ত্র বানানোর লক্ষ্য নেই, তাদের কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ। তবে ইসরায়েল তা মানতে নারাজ।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প এরআগে বলেছিলেন, ইরানে ইসরায়েল হামলা চালানোর আগে থেকেই তিনি তাদের এই পরিকল্পনার কথা জানতেন। তবে এই হামলায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী কোনও ভূমিকা রাখেনি বলেও তিনি স্পষ্ট করে জানিয়েছেন।