২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চালক অচেতন, স্টিয়ারিং ধরে বাস থামিয়ে সহপাঠীদের বাঁচাল ১৩ বছরের ছাত্র

অন্য শিক্ষার্থীরা আতঙ্কে চেচাঁমেচি করলেও বুদ্ধি হারায়নি ডিলন; চালকের আসনের কাছে ছুটে এসে স্টিয়ারিংয়ের নিয়ন্ত্রণ নিয়ে ব্রেক চেপে বাসটিকে থামিয়ে দেয় সে।

চালক অচেতন, স্টিয়ারিং ধরে বাস থামিয়ে সহপাঠীদের বাঁচাল ১৩ বছরের ছাত্র

ছবি বিবিসিতে পাওয়া ভিডিও থেকে নেওয়া

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2023, 02:45 PM

Updated : 29 Apr 2023, 02:51 PM

চলন্ত অবস্থায় স্কুল বাসের চালক অচেতন হয়ে পড়ার পর ১৩ বছর বয়সী এক শিক্ষার্থীর উপস্থিত বুদ্ধিতে যুক্তরাষ্ট্রের মিশিগানের একটি স্কুলের ৬৬ শিক্ষার্থী অক্ষত অবস্থায় বাড়ি ফিরতে পেরেছে।

চালক অচেতন হয়ে পড়েছে বুঝতে পেরে ডিলন রিভস নামের ওই শিক্ষার্থী পেছনের সারি থেকে ছুটে এসে বাসের স্টিয়ারিংয়ের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং বাসটি থামায় বলে কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

এ সংক্রান্ত এক ভিডিওতে দেখা গেছে, চলন্ত অবস্থায় বাসটির নারী চালক তার অসুস্থতার বার্তা কর্মকর্তাদের জানানোর পর বাসটি পুরোপুরি থামানোর আগেই অচেতন হয়ে পড়েন।

স্টিয়ারিং হুইল থেকে চালকের হাত সরে যাওয়ার পর বাসটি তার লেন ছেড়ে বেরিয়ে যাচ্ছিল, তা দেখে অন্য শিক্ষার্থীরা আতঙ্কে চেচাঁমেচি শুরু করলেও বুদ্ধি হারায়নি ডিলন; দ্রুত চালকের আসনের কাছে ছুটে এসে স্টিয়ারিংয়ের নিয়ন্ত্রণ নিয়ে ব্রেক চেপে বাসটিকে থামিয়ে দেয় সে।

এই ঘটনা ডিলনকে পুরো শহরের কাছেই নায়ক বানিয়ে দিয়েছে।

“তোমার নায়কোচিত কর্মকাণ্ডে আমরা গর্বিত,” ফেইসবুকে লেখা এক পোস্টে এমনটাই বলেছেন ওয়ারেনের কাউন্সিলম্যান জনাথন লাফেরতি।

কার্টার মিডল স্কুলের সুপারিনটেন্ডেন্ট রবার্ট লিভারনয়েস জানান, বুধবার শিক্ষার্থীদের বাড়ি ফিরিয়ে নেওয়ার বাসে চলন্ত অবস্থায় চালকের জ্ঞান হারানোর এই ঘটনাটি ঘটে।

বৃহস্পতিবার এই ঘটনার ভিডিওটি প্রকাশিত হয়।

“ডিলন চালকের দুরাবস্থা দেখতে পেয়ে বাসের সামনের দিকে দৌড়ে চলে আসে এবং বাসটিকে থামাতে সাহায্য করে,” বলেন লিভারনয়েস।  

বাসটি থামানোর পর ডিলন চিৎকার করে বলে, “কেউ দয়া করে এখনি ৯১১ তে ফোন দাও।”

বাসচালক কেন অসুস্থ হয়ে পড়েছিল, তা এখনও জানা যায়নি।

স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, বাস থামানোর পর পুলিশ এসে যখন ডিলনের বাবা-মা’কে ফোন করে, তখন তার বাবা স্টিভ রিভস ফোন তুলে প্রথমেই জিজ্ঞেস করেছিলেন, “কী অকাজ করেছে ও?”

উত্তরে পুলিশ জানায়, “না, কোনো অকাজ নয়। তোমার ছেলে তো নায়ক।”

ডেট্রয়েট থেকে ৩০ মিনিট উত্তরে অবস্থিত শহরটির এক কাউন্সিলম্যান ডিলনের ভূয়সী প্রশংসা করে বলেছেন, “সে বাসটি থামিয়ে এমন এক দুর্ঘটনা এড়িয়েছে, যা হতে পারতো খুবই মর্মান্তিক।”

এই ঘটনার পর ডিলনের গর্বিত সৎমা ইরিটা রিভস ফেইসবুকে লিখেছেন, “সে বাড়িতে, সবাই ঠিক আছে, ধন্যবাদ ডিলনকে।

“ডিলনের জন্য এটি কেবল আরেকটি দিন। তার কোনো ধারণাই নেই, কী পরিমাণ মানুষ আজ তাকে নিয়ে গর্বিত।”