১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল পানামা

শুরুতে প্রতিবেশী ১১টি দেশে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থা জানায়, এমন দুর্যোগের শঙ্কা নেই।

৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল পানামা

পানামা সিটির দক্ষিণ উপকূলের কাছে ভূমিকম্পের পর উপর থেকে ধ্বংসাবশেষ পড়ে একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Oct 2026, 09:56 AM

Updated : 10 Oct 2026, 09:56 AM

মধ্য আমেরিকার দেশ পানামায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিবিসি লিখেছে, দেশটির বিভিন্ন এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়েছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পে প্রায় ৪৬ লাখ মানুষ মাঝারি থেকে তীব্র কম্পন অনুভব করেন।

Image

ভূমিকম্পের পর পানামা সিটির দক্ষিণ উপকূলের কাছে একটি সড়কে সময় কাটাচ্ছেন মানুষ। ছবি: রয়টার্স

এর প্রভাব বিস্তীর্ণ এলাকায় পড়তে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

স্থানীয় সময় শুক্রবার বিকাল ৩টার আগ মুহূর্তে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল পানামার দক্ষিণ-মধ্যাঞ্চলের পিতালোচা আরিবা শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে পেনোনোমে ও সোনার শহরে ভবন ধসে পড়তে দেখা গেছে। একটি ভিডিওতে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছেন কি না, তা জানতে এক ব্যক্তিকে চিৎকার করতে শোনা যায়।

Image

পানামার দক্ষিণ উপকূলের কাছে ভূমিকম্পের পর ধ্বংসাবশেষ পড়ে ক্ষতিগ্রস্ত একটি গাড়ি। ছবি: রয়টার্স

বিবিসিরি যাচাই করা ভিডিওতে পেনোনোমের একটি ক্যাথেড্রালের এক পাশ ও একটি চূড়া ধসে পড়তে দেখা গেছে। আরেকটি ভিডিওতে স্থানীয় একটি হোটেল প্রায় পুরোপুরি ধসে পড়ার চিত্র উঠে এসেছে।

দক্ষিণাঞ্চলীয় হেরেরা প্রদেশের লাস মিনাস এলাকার বাসিন্দা রিকার্ডো ব্রাউন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ভূমিকম্পে তার এলাকার কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

৭৪ বছর বয়সি ব্রাউন বলেন, “আমরা ভয়ে আছি। এখানে আমরা কেবল দুজন বয়স্ক মানুষ আছি।

“বাড়িতে ফাটল ধরেছে। আমরা ভয় পাচ্ছি, এটা আমাদের ওপর ধসে পড়তে পারে।”

ভূমিকম্পে সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। ভূমিকম্পের পরপর কয়েকটি শক্তিশালী আফটারশক হয়েছে।

বিবিসি লিখেছে, ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠের মাত্র ১২ কিলোমিটার গভীরে। সাধারণত ভূমিকম্পের উৎপত্তিস্থল যত কম গভীরে হয়, ভূপৃষ্ঠে এর ক্ষয়ক্ষতির আশঙ্কা তত বেশি থাকে।

ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে রাজধানী পানামা সিটির বিভিন্ন ভবন থেকেও মানুষকে সরিয়ে নেওয়া হয়। কম্পন থামার অপেক্ষায় অনেকে রাস্তায় ও কাছের পার্কগুলোতে অবস্থান করেন। রাজধানীতে এখন পর্যন্ত ছাদ থেকে ধ্বংসাবশেষ পড়ে কিছু ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

ভূমিকম্পের পর সরকারের সব বিভাগকে উদ্ধার ও জরুরি কার্যক্রমে যুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো।

Image

পানামার পেনোনোমে শহরে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত গভর্নর প্রাসাদ। ছবি: রয়টার্স

তিনি বলেন, “যা ঘটেছে, তা নিয়ে আতঙ্ক বা বিশৃঙ্খলা সৃষ্টি করা উচিত নয়।”

প্রাথমিকভাবে পানামার প্রতিবেশী ১১টি দেশের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়। পরে যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা ব্যবস্থা জানায়, সুনামির কোনো আশঙ্কা নেই।

আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করা গুরুত্বপূর্ণ জলপথ পানামা খাল ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানিয়েছে খালটির নৌযান চলাচল তদারককারী কর্তৃপক্ষ।

বিবিসি লিখেছে, পানামায় শক্তিশালী ভূমিকম্প এমন সময়ে ঘটল, যার তিন দিন বাদে সেখানে ভূমিকম্প মোকাবিলার মহড়া হওয়ার কথা ছিল।

এ বছরের শুরুর দিকে কলম্বিয়া ও ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের পর পানামায় এ ভূমিকম্প আঘাত হানল।