মেক্সিকোতে বাস-ট্রেইলার সংঘর্ষে নিহত ১৬
মেক্সিকোর মিয়াওয়াতলান-কোয়িক্সলাওয়াকা মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। বাসটিতে ১০ ভেনেজুয়েলানসহ ৫২ জন যাত্রী ছিলেন।
মেক্সিকোর মধ্যাঞ্চলে যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ট্রেইলারের সংঘর্ষে ১৬ জন নিহত হয়েছেন; এদের মধ্যে ১৫ জন মেক্সিকোর ও একজন ভেনেজুয়েলার নাগরিক।
মঙ্গলবার ভোররাতে মেক্সিকোর মিয়াওয়াতলান-কোয়িক্সলাওয়াকা মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে বলে এক বিবৃতিতে জানিয়েছেন দেশটির আইএনএম ইমিগ্রেশন ইনস্টিটিউটের কর্মকর্তারা।
তারা জানান, বাসটিতে ৫২ জন যাত্রী ছিলেন, তাদের মধ্যে ১০ জন ভেনেজুয়েলার নাগরিক। ভেনেজুয়েলার নাগরিকরা বৈধ ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছিলেন।
পুয়েবলা রাজ্যের কর্মকর্তারা পৃথক এক বিবৃতিতে জানিয়েছেন, দুর্ঘটনায় ৩৬ জন যাত্রী আহত হয়েছেন, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আইএনএম জানিয়েছে, আহতদের মধ্যে নয়জন ভেনেজুয়েলান, তাদের মধ্যে তিনজনের আঘাত গুরুতর হওয়ায় তারা এখনো হাসপাতালে আছেন।
নিহত ভেনেজুয়েলানের দেহ দেশে ফেরত পাঠাতে তারা সহায়তা করবে বলে আইএনএম জানিয়েছে।
রয়টার্স জানিয়েছে, স্থানীয় রেডক্রস এক্স (সাবেক টুইটার) এ একটি ভিডিও শেয়ার করেছে, তাতে একটি সাদা রঙের বাসকে রাস্তার ওপর একপাশে কাত হয়ে পড়ে থাকতে আর উদ্ধারকারীদের কাজ করতে দেখা গেছে।
