২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্রোপচারের সময় রোগীকে চিকিৎসকের ঘুষি, চীনে ক্ষোভ

চীনে ঘটনাটি ঘটেছিল ২০১৯ সালে। এ সপ্তাহে স্যোশাল মিডিয়ায় ভিডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর মানুষজন ক্ষুব্ধ হয়েছে।

অস্ত্রোপচারের সময় রোগীকে চিকিৎসকের ঘুষি, চীনে ক্ষোভ

ছবি: উইবো/বিবিসি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2023, 07:15 PM

Updated : 22 Dec 2023, 07:22 PM

চীনে একটি হাসপাতালে অস্ত্রোপচারের সময় এক চিকিৎসকের রোগীকে ঘুষি মারার ভিডিও ক্লিপ এ সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর অনলাইনে মানুষজনের মধ্যে ক্ষোভ সঞ্চার হয়েছে।

বিবিসি জানায়, ২০১৯ সালে এ ঘটনা ঘটেছিল। সম্প্রতি ভিডিও প্রকাশের পর হাসপাতালটির প্যারেন্ট গ্রুপ আইয়ার চায়না ওই চিকিৎসকসহ হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তাকে বরখাস্ত করেছে।  

চীনের বিখ্যাত এক চিকিৎসক আই ফেন ২০১৯ সালের ওই অস্ত্রোপচারের সিসিটিভি ফুটেজ তার উইবো অ্যাকাউন্টে শেয়ার করার পর এ সপ্তাহে বিষয়টি সবার নজরে আসে।

চীন কর্তৃপক্ষ ওই হাসপাতালের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। হাসপাতালের প্যারেন্ট গ্রুপ আইয়ার চায়না জানিয়েছে, চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর গুইগাংয়ে তাদের হাসপাতালে একটি অপারেশন চলাকালে ঘটনাটি ঘটে।

রোগী ছিলেন ৮২ বছর বয়সী এক নারী। এক বিবৃতিতে বলা হয়, “অস্ত্রোপচারের সময় স্থানীয় চেতনানাশকের (লোকাল অ্যানেস্থেশিয়া) কারণে রোগী অসহিষ্ণু ছিলেন।”

সেকারণে তিনি একাধিকবার মাথা ও চোখ নাড়িয়েছেন। রোগী কেবল স্থানীয় একটি ভাষায় কথা বলতে পারদর্শী ছিলেন। ফলে তিনি মান্দারিন ভাষায় কথা বলা চিকিৎসকের সতর্কবার্তায় সাড়া দিতে পারেননি।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আঘাতের কারণে রোগীর কপালে কালশিরা পড়ে গিয়েছিল।

অস্ত্রোপচারের পর হাসপাতালের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ক্ষমা চেয়েছে এবং ক্ষতিপূরণ হিসাবে ৫০০ ইউয়ান (৭০ ডলার) দিয়েছে বলে স্থানীয় গণমাধ্যমে জানিয়েছেন রোগীর ছেলে।

তিনি আরও বলেন, তার মা এখন বাম চোখে দেখতে পান না। তবে এর সঙ্গে চিকিৎসকের আঘাতের কোনও সম্পর্ক আছে কিনা তা স্পষ্ট নয়।