২৪ অক্টোবর ২০২৬, ০৯ কার্তিক ১৪৩৩

ময়মনসিংহ মেডিকেলে অব্যবস্থাপনা দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, তদন্তের নির্দেশ

ব্যবহৃত চিকিৎসা সরঞ্জাম ময়লার ভাগাড়ে পাওয়ার ঘটনায় তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলেন স্বাস্থ্যমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Oct 2026, 09:17 PM

Updated : 24 Oct 2026, 09:17 PM

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ময়লার ভাগাড়ে ক্যানুলা-সিরিঞ্জসহ চিকিৎসা সরঞ্জাম, চিকিৎসক-নার্সদের সময়মতো কর্মস্থলে না আসাসহ নানা অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল।

এসব ঘটনায় তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

শনিবার দুপুরে আকস্মিক পরিদর্শনে গিয়ে হাসপাতালের নতুন ভবনের নিচতলায় ময়লা- আবর্জনা পড়ে থাকতে দেখেন স্বাস্থ্যমন্ত্রী।

এ ছাড়া ব্যবহৃত চিকিৎসা সরঞ্জাম ময়লার ভাগাড়ে পাওয়ার ঘটনায় তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলেন তিনি।

পরিদর্শনের সময় হাসপাতালের লেবার ওয়ার্ড, হাম আইসোলেশন ওয়ার্ড ও ডেঙ্গু ওয়ার্ড ঘুরে দেখেন মন্ত্রী। রোগীদের চিকিৎসা, ওয়ার্ডের পরিবেশ ও শৌচাগারের অবস্থাও দেখেন তিনি।

হাসপাতালের গাইনি ওয়ার্ডে এক রোগীকে বাইরে থেকে স্যালাইন কিনতে হয়েছে কেন, তা জানতে চান স্বাস্থ্যমন্ত্রী। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি ওই রোগীকে স্যালাইন কেনার জন্য ওই রোগীকে এক হাজার টাকা দেন তিনি।

হাসপাতালে অগ্নিকাণ্ডের এক মাস পেরিয়ে গেলেও তদন্ত প্রতিবেদন জমা না হওয়ায় অসন্তোষ জানান মন্ত্রী। প্রতিবেদন দিতে দেরির কারণ জানতে চাইলে তাকে বলা হয়, ছুটির কারণে দেরি হয়েছে।

এর আগে সকালে ফুলপুর ও তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, হাসপাতাল দুটি ১৫১ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে দেশের স্বাস্থ্য খাতে প্রায় ১৬ হাজার কোটি টাকার দরপত্র আহ্বানের পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া ক্যানসার চিকিৎসায় রেডিওথেরাপি মেশিন সরবরাহ, পাঁচটি রোবটিক সার্জারি ব্যবস্থা স্থাপন, পাঁচ হাজার নার্স নিয়োগে এবং পুরোনো ছাড়া কমিউনিটি ক্লিনিকগুলোকে ফ্যামিলি ওয়েলবিং সেন্টারে রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।