Published : 30 Oct 2023, 05:20 PM
গাজা উপকণ্ঠে দক্ষিণ প্রান্তে ইসরায়েলি ট্যাংক ঢুকে পড়েছে। এতে অবরুদ্ধ গাজার উত্তর থেকে দক্ষিণাঞ্চলে যাওয়ার গুরুত্বপূর্ণ একটি সড়ক বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শীরা গাজার দক্ষিণ প্রান্তের শহর জায়তুনে সোমবার ইসরায়েলের ট্যাংক দেখতে পাওয়ার কথা জানিয়েছে।
বিবিসি-র যাচাই করা একটি ভিডিওতে উত্তরের সালাহ-আল-দীন সড়কে যাওয়ার পথে থাকা গাড়ির ওপর ট্য্যাংকের গোলাবর্ষণ দেখতে পাওয়া গেছে।
স্থানীয় এক বাসিন্দা বলেন, ট্যাংক ঢুকে পড়ায় সালাহ আল দীন সড়ক বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ওই সড়কে যাওয়া যে কোনও গাড়ির ওপর ট্যাংক থেকে গোলা বর্ষণ করা হচ্ছে। বিবিসি নিরপেক্ষ সূত্রে এ খবরের সত্যাসত্য যাচাই করতে পারেনি।
গত শুক্রবার থেকে গাজায় অভিযান জোরদার করেছে ইসরায়েলি বাহিনী।
ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) জানায় গত ২৪ ঘণ্টায় তারা ৬০০’র বেশি লক্ষ্যবস্তুতে হামলা করেছে। তার আগে ৪৫০টি নিশানায় হামলা চালানোর কথা জানিয়েছিল আইডিএফ।
গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এর জবাবে সেদিন থেকেই গাজায় অবিরাম হামলা চালিয়ে আসছে ইসরায়েল।
এতে রোববার পর্যন্ত ৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়মিত ব্রিফিংয়ে জানিয়েছে।