১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হংকংয়ের অগ্নিদগ্ধ অ্যাপার্টমেন্টগুলোতে তল্লাশি চলছে, মৃত্যু বেড়ে ১৪৬

তল্লাশিকালে পুলিশ ভবনগুলোর সিঁড়িতে ও ছাদে মৃতদেহ পেয়েছে; এইসব হতভাগ্যরা আগুনের হাত থেকে বাঁচার চেষ্টা করেছিল।

হংকংয়ের অগ্নিদগ্ধ অ্যাপার্টমেন্টগুলোতে তল্লাশি চলছে, মৃত্যু বেড়ে ১৪৬
হংকং নগরীর উত্তরাংশের তাই পো এলাকার ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্স। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2025, 01:18 PM

Updated : 26 Aug 2026, 05:13 PM

হংকং নগরীর উত্তরাংশের তাই পো এলাকার ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সের অগ্নিদগ্ধ সাতটি বহুতল ভবনের মধ্যে চারটিতে তল্লাশি সম্পন্ন করেছে পুলিশ, বাকি তিনটি ভবনেও কাজ এগিয়ে চলছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। 

ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনায় সোমবার সকাল পর্যন্ত ১৪৬ জনের নিশ্চিত মৃত্যুর কথা জানা গেছে, এ সংখ্যা আরও বাড়তে পারে। এ ঘটনায় বাস্তুচ্যুত কয়েকশ মানুষ অস্থায়ী আশ্রয়কেন্দ্রের জীবনের সঙ্গে মানিয়ে নিচ্ছেন বলে রয়টার্স জানিয়েছে। 

৭৫ বছরেরও বেশি সময়ের মধ্যে এটা হংকংয় নগরীতে হওয়া সবচেয়ে প্রাণঘাতী অগ্নিকাণ্ড। তল্লাশিকালে পুলিশ ওই চারটি ভবনের সিঁড়িতে ও ছাদে মৃতদেহ পেয়েছে; এইসব হতভাগ্যরা আগুনের হাত থেকে বাঁচতে চেয়েছিল। 

অগ্নিদগ্ধ একটি ভবন থেকে মৃতদেহ সরিয়ে নিচ্ছেন পুলিশ কর্মকর্তারা। ছবি: রয়টার্স 

অগ্নিদগ্ধ একটি ভবন থেকে মৃতদেহ সরিয়ে নিচ্ছেন পুলিশ কর্মকর্তারা

যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ইন্দোনেশিয়া ও ফিলিপিন্স থেকে আসা নয় গৃহকর্মী রয়েছেন। প্রায় ৪০ জন এখনও নিখোঁজ রয়েছেন। 

গত বুধবার স্থানীয় সময় দুপুরে আগুনের সূত্রপাত হয়। এর কিছুক্ষণের মধ্যেই কমপ্লেক্সের সংস্কার কাজ চলতে থাকা পরস্পর সংলগ্ন আটটি ভবনের মধ্যে সাতটির বাইরের দিকে আগুন ছড়িয়ে পড়ে।   

রোববার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা অ্যামি লাম সাংবাদিকদের জানান, যে ভবনগুলোতে তল্লাশি বাকি আছে সেগুলো ‘কঠিন হবে’। তল্লাশি চূড়ান্তভাবে শেষ করতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে।  

পুলিশের শেয়ার করা ছবিচগুলোতে দেখা গেছে, মুখোশ, হেলমেট ও সুরক্ষা পোশাক পরা কর্মকর্তারা ভবনগুলোর বিভিন্ন ঘরে তল্লাশি চালাচ্ছেন, সেখানে দেয়ালগুলো কালো হয়ে গেছে আর আসবাবপত্র পুড়ে ছাইয়ে পরিণত হয়েছে। আগুন নেভাতে ব্যবহার করা পানিতে মেঝে ডুবে আছে।  

সোমবার স্থানীয় সময় সকালে অগ্নিদগ্ধ ভবনগুলো আবার তল্লাশি শুরু করতে বহু কর্মকর্তা এসে হাজির হন। 

এসব অ্যাপার্টমেন্ট ভবনে চার হাজারেরও বেশি মানুষ বসবাস করতেন। তাদের অনেকেই উদ্বাস্তু কেন্দ্র অথবা অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলোতে আছেন। 

মুখোশ, হেলমেট ও সুরক্ষা পোশাক পরা কর্মকর্তারা ভবনগুলোর বিভিন্ন ঘরে তল্লাশি চালাচ্ছেন, সেখানে দেয়ালগুলো কালো হয়ে গেছে আর আসবাবপত্র পুড়ে ছাইয়ে পরিণত হয়েছে। ছবি: রয়টার্স

মুখোশ, হেলমেট ও সুরক্ষা পোশাক পরা কর্মকর্তারা ভবনগুলোর বিভিন্ন ঘরে তল্লাশি চালাচ্ছেন, সেখানে দেয়ালগুলো কালো হয়ে গেছে আর আসবাবপত্র পুড়ে ছাইয়ে পরিণত হয়েছে

কর্তৃপক্ষ জানিয়েছে, ১১০০ জনের বেশি মানুষকে উদ্বাস্তু কেন্দ্র থেকে অস্থায়ী আবাসনে পাঠানো হয়েছে। আরও ৬৮০ জনকে ইয়থ হোস্টেল ও হোটেলগুলোতে রাখা হয়েছে।  

অনেক অ্যাপার্টমেন্টের বাসিন্দা আগুন থেকে বাঁচতে তাদের সবকিছু পেছনে ফেলে পালিয়ে গেছেন। আগুনে তাদের সবকিছু পুড়ে গেছে। কর্তৃপক্ষ প্রত্যেক পরিবারের জন্য ১০ হাজার হংকং ডলার বরাদ্দ করেছে এবং তাদের জন্য নতুন পরিচয়পত্র, পাসপোর্ট ও বিয়ে নিবন্ধনপত্র ইস্যু করেছে।

সম্ভাব্য দুর্নীতি ও ভবনগুলোর সংস্কার কাছে অনিরপদ উপাদান ব্যবহার করায় তদন্তকারীদের অভিযোগের ভিত্তিতে কর্তৃপক্ষ ১১ জনকে গ্রেপ্তার করেছে।