১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সৌদি আরব ও হুতিদের পাল্টাপাল্টি হামলা, পালাচ্ছে ইয়েমেনিরা

সৌদি আরবের বাহিনীর সঙ্গে ইরান-সমর্থিত ইয়েমেনি হুতি যোদ্ধাদের লড়াই থেকে বাঁচতে লোহিত সাগর পাড়ি দিয়ে নৌকায় করে পালাচ্ছেন ইয়েমেনিরা।

সৌদি আরব ও হুতিদের পাল্টাপাল্টি হামলা, পালাচ্ছে ইয়েমেনিরা

তলপি-তলপা গুটিয়ে পালাচ্ছে ইয়েমেনিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Sep 2026, 12:33 AM

Updated : 19 Sep 2026, 12:33 AM

সৌদি আরব এবং ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের মধ্যে নতুন করে সীমান্তজুড়ে হামলা ও পাল্টাহামলা শুরু হয়েছে। এতে পশ্চিম এশিয়ায় সংঘাত ছড়িয়ে পড়ে বৈশ্বিক জ্বালানি তেল সরবরাহে বড় ধরনের হুমকি সৃষ্টি করেছে।

লড়াই থেকে প্রাণ বাঁচাতে লোহিত সাগর পাড়ি দিয়ে নৌকায় করে আফ্রিকার দেশগুলোতে পালিয়ে যাচ্ছে ইয়েমেনি নাগরিকরা।

সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, দেশটির তায়েফ শহরের ওপর একটি হুতি ড্রোন আকাশেই ধ্বংস করার পর তার ধ্বংসাবশেষের আঘাতে এক ইয়েমেনি নাগরিক নিহত হয়েছেন।

সম্প্রতিক সংঘাত বাড়ার পর সৌদি ভূখণ্ডে এটিই প্রথম প্রাণহানির ঘটনা। জবাবে ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত হজ্জাহ ও তাইজ এলাকায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে সৌদি আরবের বিমান বাহিনী।

তেল সরবরাহ ও হরমুজ প্রণালিতে হামলা:

জ্বালানি পরিবহনের প্রধান পথ পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার চেষ্টা করার সময় টোগোর পতাকাবাহী একটি তেলবাহী ট্যাংকারে আঘাত হেনেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। 'অবৈধভাবে প্রণালি অতিক্রমের' অভিযোগে চালানো এই হামলায় ট্যাংকারটিতে আগুন ধরে যায় এবং সেটি থেমে যেতে বাধ্য হয়।

হরমুজ প্রণালি অবরুদ্ধ হওয়ার পাশাপাশি লোহিত সাগরেও যুদ্ধ ছড়িয়ে পড়ায় বিশ্বজুড়ে তেলের বাজারে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম সামান্য কমলেও তা এখনও ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম রেকর্ড প্রতি গ্যালন ৬.৪০ ডলারে গিয়ে ঠেকেছে।

ট্রাম্পের সিদ্ধান্তহীনতা ও শরণার্থী সংকট:

হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে নতুন করে মার্কিন সামরিক সহায়তার জন্য সৌদি আরবের অনুরোধে আপাতত সাড়া দেননি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের মুখে যুক্তরাষ্ট্রে জ্বালানির রেকর্ড মূল্য বাড়ায় রাজনৈতিক চাপে রয়েছে তার দল রিপাবলিকান পার্টি।

ট্রাম্প জানিয়েছেন, ইরানে আবারও বড় আকারের সামরিক হামলা চালাবেন কি না, তা নিয়ে তিনি কঠিন এক সিদ্ধান্তহীনতায় রয়েছেন।

ওদিকে সংঘাত ইয়েমেনের সাধারণ মানুষকে চরম মানবিক সংকটে ফেলেছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, সাম্প্রতিক লড়াইয়ে ১ লাখের বেশি ইয়েমেনি বাস্তুচ্যুত হয়েছেন। বেশিরভাগই ইয়েমেনের ভেতরেই বাস্তুচ্যুত হয়েছেন।

ওদিকে, জনাকীর্ণ নৌকায় করে পালিয়ে গিয়ে আফ্রিকায় পৌঁছানো এক ইয়েমেনি আহমেদ হাসান আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে সাক্ষাৎকার দিয়েছেন।

তিনি বলেন, "সমুদ্র ছিল উত্তাল। শিশুরা অসুস্থ বোধ করছিল; সবাই তো আর সমুদ্রের সঙ্গে অভ্যস্ত নয়। হাসান তার গ্রাম ছেড়ে পালারন যখন সেখানে হুতি যোদ্ধারা হানা দিয়েছিল এবং বিমান হামলা শুরু হয়েছিল।

তিনি বলেন, “আমরা যত বেশি সময় ধরে সেখানে ছিলাম, পরিস্থিতি তত বেশি খারাপ হচ্ছিল, দোকানপাট বন্ধ হয়ে গিয়েছিল এবং কেনার মতো কোনও খাবার অবশিষ্ট ছিল না।”

প্রতিনিয়ত আক্রমণের মুখে লোহিত সাগরের সংকীর্ণ ‘বাব আল-মান্দেব’ প্রণালি পাড়ি দিয়ে আফ্রিকার দেশ জিবুতিতে আশ্রয় নিচ্ছেন সাধারণ মানুষ। খাবার ও আশ্রয়হীন এই শরণার্থীদের নিয়ে মানবিক বিপর্যয় আরও ঘনীভূত হচ্ছে।

অন্যদিকে, হুতিরা ইয়েমেনের লোহিত সাগর উপকূল নিজেদের দখলে নেওয়ার দাবি জানিয়ে অবিলম্বে সৌদি অবরোধ ও সামরিক আগ্রাসন বন্ধ করার আহ্বান জানিয়েছে।