শুল্ক আরোপে ‘অর্থনৈতিক জরুরি অবস্থা’ জারির ভাবনায় ট্রাম্প
ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি পাওয়ারস অ্যাক্টের আওতায় জারি করা জাতীয় জরুরি অবস্থায় ট্রাম্প নিতে পারবেন নতুন এক শুল্ক কর্মসূচি।
ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি পাওয়ারস অ্যাক্টের আওতায় জারি করা জাতীয় জরুরি অবস্থায় ট্রাম্প নিতে পারবেন নতুন এক শুল্ক কর্মসূচি।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বিভিন্ন মিত্র ও প্রতিপক্ষ দেশের পণ্যে ঢালাওভাবে দফায় দফায় শুল্ক আরোপ করতে ‘জাতীয় অর্থনৈতিক জরুরি অবস্থা’ জারির চিন্তাভাবনা করছেন। শুল্ক আরোপের পদক্ষেপকে আইনি বৈধতা দিতেই ট্রাম্প এ পথে হাঁটতে চাইছেন।
বিষয়টি সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন এ খবর জানিয়েছে। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতা নেওয়ার পর ট্রাম্প বিশ্ব বাণিজ্যের ভারসাম্য ঢেলে সাজাতে চান।
পানামা খাল, গ্রিনল্যান্ড এবং কানাডা গায়ের জোরে দখল করে নিতেও ট্রাম্প হুমকি-ধামকি দেওয়া বাড়িয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রস্তাব না মানলে তাদের ওপর চড়া শুল্ক আরোপ করা হবে বলে হুমকি দিয়েছেন তিনি।
গতবছর নভেম্বরে নির্বাচনি প্রচারের সময় ট্রাম্প বিশ্বজুড়ে বিভিন্ন দেশের পন্য আমদানির ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা এবং চীনের পণ্যের ওপর ৬০ শতাংশ শুল্ক আপের অঙ্গীকার করেছিলেন।
জরুরি অবস্থা জারি করলে ট্রাম্প যে বাড়তি ক্ষমতা পাবেন, তাতে বিভিন্ন দেশের ওপর তার এই শুল্ক চাপানোর লক্ষ্য পূরণ করা সহজ হয়ে যাবে।
ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি পাওয়ারস অ্যাক্টের (আইইইপিএ) আওতায় ট্রাম্প নিতে পারবেন নতুন এক শুল্ক কর্মসূচি। এই আইনবলে ট্রাম্প জাতীয় জরুরি অবস্থা জারি থাকার সময়ে আমদানি ব্যবস্থা পরিচালনার এখতিয়ার পাবেন।
আইইইপিএ- আইনের আওতায় জরুরি অবস্থা জারির বিষয়টি গুরুত্বপূর্ণ একটি আইনি হাতিয়ার হিসাবে অনেক দিন থেকেই বিবেচিত হয়ে আসছে। সেটিই ট্রাম্প কাজে লাগাতে পারেন যুক্তরাষ্ট্রে সব ধরনের পণ্য আমদানিতে ঢালাওভাবে অন্তত ১০ শতাংশ শুল্ক আরোপের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের জন্য তড়িৎ ব্যবস্থা নিতে।
নভেম্বরের নির্বাচনে জয় পাওয়ার তিন সপ্তাহ পরই ট্রাম্প স্যোশাল মিডিয়ায় বলেছিলেন, আগামী ২০ জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পরই তিনি মেক্সিকো এবং কানাডার পণ্য আমদানিতে ২৫ শতাংশ শুল্ক চাপানোর জন্য প্রয়োজনীয় সব কাগজপত্রই সই করবেন।
দেশ দুটি অবৈধ অভিবাসীর ঢল এবং ফেন্টানিল মাদক যুক্তরাষ্ট্রে পাচার ঠেকাতে না পারলে ট্রাম্প এই শুল্ক আরোপের হুমকি দেন। এই শুল্ক চাপাতে ট্রাম্প প্রয়োজনীয় কাগজপত্র সই করার যে কথা বলছেন, সেটি হয়ত আইইইপিএ’র জরুরি অবস্থা ঘোষণার মধ্য দিয়েই ট্রাম্প করতে পারেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
২০১৯ সালে ট্রাম্প একবার এ আইনের আশ্রয় নেওয়ার ঘোষণাও দিয়েছিলেন মেক্সিকোর পণ্যের ওপর ৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি বাস্তাবায়নের জন্য। তবে মেক্সিকো তখন সীমান্ত নিরাপত্তায় কড়াকড়ির পদক্ষেপ নিতে রাজি হওয়ায় ওই পদক্ষেপ থেকে সরে আসেন ট্রাম্প।
