Published : 16 Jan 2026, 02:31 PM
ফিলিস্তিনি ভূখণ্ড গাজা পরিচালনায় আলি শাথের নেতৃত্বে বানানো ‘টেকনোক্র্যাট সরকারকে’ সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
ওয়াশিংটন গত বছরের অক্টোবর থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণা দেওয়ার পর বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এই সমর্থনের কথা জানান।
“অন্তর্বর্তীকালীন সময়ে গাজা পরিচালনায় নবনিযুক্ত ফিলিস্তিনি টেকনোক্র্যাটিক গভর্নমেন্ট, দ্য ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজাকে সমর্থন জানাচ্ছি, এই কমিটি আন্তর্জাতিক বোর্ডের উচ্চপদস্থ প্রতিনিধির সহায়তায় পরিচালিত হবে,” সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ট্রাম্প এমনটাই লিখেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী মিশর, কাতার ও তুরস্ক জানিয়েছে, গাজার এই নতুন টেকনোক্র্যাট কর্তৃপক্ষ ১৫ সদস্যের হবে। এর নেতৃত্বে থাকবেন আলি শাথ, পশ্চিমা সমর্থিত ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাবেক এ সহকারী মন্ত্রী শিল্পাঞ্চল উন্নয়নের দায়িত্বে ছিলেন।
কমিটির বাকি সদস্যের নাম জানা যায়নি।
“এই ফিলিস্তিনি নেতারা একটি শান্তিপূর্ণ ভবিষ্যতের জন্য অবিচলভাবে প্রতিশ্রুতিবদ্ধ,” বলেছেন ট্রাম্প।
আরেক পোস্টে মার্কিন এ প্রেসিডেন্ট জানান, তার নেতৃত্বে গাজার জন্য ‘পিস অব বোর্ড’ গঠিত হয়েছে এবং শিগগিরই এর বাকি সদস্যদের নাম ঘোষণা করা হবে।
ইসরায়েল-হামাস যুদ্ধবিরতির লক্ষ্যে গত বছর ট্রাম্প যে পরিকল্পনা হাজির করেছিলেন, তাতে অক্টোবরেই স্বাক্ষর করেছিল যুদ্ধরত দুই পক্ষ।
ওই পরিকল্পনা অনুযায়ী, ফিলিস্তিনি টেকনোক্র্যাট প্যানেল বা পরিচালনা কমিটি একটি আন্তর্জাতিক ‘বোর্ড অব পিস’-এর অধীনে পরিচালিত হবে, তারা অন্তর্বর্তীকালীন সময়ে গাজার শাসনব্যবস্থার তদারকিতে থাকবে।
যুদ্ধবিরতি শুরু হওয়ার পর এ পর্যন্ত গাজায় শতাধিক শিশুসহ সাড়ে চারশর মতো ফিলিস্তিনি ও ৩ ইসরায়েলি সেনার নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
হামাস ও ইসরায়েল উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের একাধিক অভিযোগ এনেছে।
বাকি থাকা এক ইসরায়েলি জিম্মির দেহাবশেষ উদ্ধার না হওয়া, মিশর সীমান্ত খুলতে ইসরায়েলের বিলম্ব এবং নিরস্ত্রীকরণে হামাসের অস্বীকৃতিতেও ট্রাম্পের এ যুদ্ধবিরতি বারবার পরীক্ষার মুখে পড়েছে।
এখন গাজার শাসন তদারকির জন্য গঠিত বোর্ডে ট্রাম্প নিজেই চেয়ারম্যান হলেন। এ পুরো প্রক্রিয়াকে অনেক বিশেষজ্ঞই ‘উপনিবেশবাদী কাঠামোর’ সঙ্গে তুলনা দিচ্ছেন।
ট্রাম্প বলেছেন, হামাসের সঙ্গে একটি ‘ব্যাপক নিরস্ত্রীকরণ চুক্তি’ করতে মিশর, কাতার এবং তুরস্ক সহায়তা করবে।
২০২৩ সালের শেষ দিক থেকে গাজায় শুরু হওয়া ইসরায়েলি আক্রমণে দুই বছরে ৫০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে, অসংখ্য মানুষ অনাহারের মুখে পড়েছে এবং গাজার প্রায় পুরো জনসংখ্যা অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে।
জাতিসংঘ ও মানবাধিকার বিশেষজ্ঞরা একে ‘গণহত্যা’ হিসেবে অভিহিত করেছেন। তবে ইসরায়েল বলছে, ২০২৩ সালে ইসরায়েলে হামলা চালিয়ে হামাস হাজারের বেশি মানুষকে হত্যা ও আড়াইশ জনকে জিম্মি করার পর আত্মরক্ষার্থে তারা ওই হামলা চালিয়েছিল।