২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে বাদ্যযন্ত্র পোড়াল তালেবান

হেরাত প্রদেশে গিটার, হারমোনিয়াম, তবলা, ড্রামসহ শত শত ডলার মূল্যের বাদ্যযন্ত্র এমনকী স্পিকারও পোড়ানো হয়েছে।

আফগানিস্তানে বাদ্যযন্ত্র পোড়াল তালেবান

ছবি: ইউটিউব ভিডিও।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2023, 07:38 PM

Updated : 31 Jul 2023, 07:38 PM

সংগীতকে ‘অনৈতিক’ আখ্যা দিয়ে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে জব্দ করা বেশ কিছু বাদ্যযন্ত্র পুড়িয়ে দিয়েছে তালেবান।

বিবিসি জানায়, গত শনিবার গিটার, হারমোনিয়াম, তবলা, ড্রামসহ শত শত ডলার মূল্যের বাদ্যযন্ত্র আগুনে পুড়িয়ে ছাই করা হয়েছে। কিছু অ্যামপ্লিফায়ার এবং স্পিকারও পোড়ানো হয়েছে।

বেশির ভাগ বাদ্যযন্ত্রই নগরীর বিয়ে অনুষ্ঠানস্থলগুলো থেকে জব্দ করা হয়েছে। অনলাইনে দেখা গেছে সেগুলো পোড়ানোর দৃশ্য।

হেরাতের প্রাদেশিক পুণ্যের প্রচার ও পাপ প্রতিরোধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রধান শেখ আজিজ আল রেহমান আল মুহাজির বলেছেন, “সঙ্গীত ‍যুবকদেরকে বিপথগামী করে এবং সমাজের ধ্বংস ডেকে আনে।” সংগীত নৈতিক স্খলন ঘটায় বলেও তিনি উল্লেখ করেন।

২০২১ সালের অগাস্টে আফগানিস্তানে ক্ষমতা দখলের পর থেকেই তালেবান নানা বিধিনিষেধ জারি করে আসছে। প্রকাশ্যে গানবাজনার ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে তারা।

আফগানিস্তানের ‘ন্যাশনাল ইন্সটিটিউট অব মিউজিক’ এর প্রতিষ্ঠাতা আহমেদ সারমাস্ত বিবিসি-কে বলেন, “আফগানিস্তানের মানুষকে শিল্পকলা চর্চার স্বাধীনতা দেওয়া হচ্ছে না… হেরাতে বাদ্যযন্ত্র পোড়ানোর ঘটনা তালেবানের নেতৃত্বাধীন আফগানিস্তানে সংস্কৃতির টুটি চেপে ধরার একটি ছোট্ট উদাহরণ।”

আফগানিস্তানে ৯০ এর দশকের মাঝামাঝি থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবান শাসন চলার সময় সামাজিক অনুষ্ঠানসহ রেডিও কিংবা টিভি সবখানেই সব ধরনের সঙ্গীত নিষিদ্ধ ছিল। এরপর তালেবান-পরবর্তী দুই দশকে দেশটিতে আবার সঙ্গীতের প্রসার ঘটে।

কিন্তু ২০২১ সালে তালেবান আবার আফগানিস্তানের ক্ষমতা দখলের পর অনেক সঙ্গীত শিল্পীই দেশ ছেড়ে পালিয়েছে। দেশে যেসব সঙ্গীতশিল্পী কিংবা বাদ্যযন্ত্রী রয়ে গেছেন, তারা মারধর কিংবা হুমকি-ধামকির শিকার হচ্ছেন বলে খবর পাওয়া যাচ্ছে।

গত দুবছরে ইসলামিক বিধান পরিপন্থি সব ধরনের কার্যকলাপে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শরিয়া আইনের কড়াকড়ি চালু হয়েছে।

তালেবান সরকারের জারি করা বিধিনিষেধের কারণে নারীরা বেশি ভুক্তভোগী হচ্ছে। তাদের হিজাব এবং পুরুষ আত্মীয় ছাড়া ঘরের বাইরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আছে।

কিশোরী এবং নারীদের স্কুল, বিশ্ববিদ্যালয়ে যাওয়াও নিষিদ্ধ করা হয়েছে। এমনকী তাদের পার্ক, খেলার মাঠ এবং জিমে যাওয়াও নিষিদ্ধ। গত সপ্তাহে আফগানিস্তানজুড়ে বিউটি পারলাগুলোও ‘ব্যয়বহুল এবং অনৈসলামিক’ উল্লেখ করে বন্ধ করে দেওয়া হয়।