২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

যৌনতা সুন্দর: পোপ

“ঈশ্বর মানুষকে যা দিয়েছেন, তার মধ্যে যৌন সংসর্গ অন্যতম সুন্দর বিষয়।”

যৌনতা সুন্দর: পোপ

পোপ ফ্রান্সিস।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2023, 01:22 PM

Updated : 08 Apr 2023, 07:55 PM

যৌনতার ভালো দিকগুলোর প্রশংসা করে একে ‘সুন্দর’ হিসেবে বর্ণনা করেছেন পোপ ফ্রান্সিস।

রয়টার্স জানিয়েছে, বুধবার মুক্তি পাওয়া ‘দ্য পোপ অ্যানসার্স’ নামের এক ডকুমেন্টারিতে ৮৬ বছর বয়সী ক্যাথলিক ধর্মগুরু এ কথা বলেন।

ডিজনিপ্লাস প্রোডাকশনের ওই ডকুমেন্টারিতে ১০ তরুণের সঙ্গে একটি বৈঠক করেন পোপ, গত বছর রোমে সেই ভিডিও ধারণ করা হয়।

বৈঠকে সেই তরুণরা ক্যাথলিক চার্চের মধ্যে এলজিবিটি অধিকার, গর্ভপাত, পর্ন, যৌনতা, বিশ্বাস ও যৌন নির্যাতনসহ বিভিন্ন বিষয়ে পোপকে প্রশ্ন করেন।

এসবের জবাবের এক পর্যায়ে পোপ বলেন, “ঈশ্বর মানুষকে যা দিয়েছেন, তার মধ্যে যৌন সংসর্গ অন্যতম সুন্দর বিষয়।”

হস্তমৈথুনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “যৌনতার মাধ্যমে নিজেকে প্রকাশ করা মূল্যবান। তাই প্রকৃত যৌন অনুভূতি থেকে বিচ্যুত যে কোনো কিছু আপনাকে দমিয়ে ফেলে এবং আপনার ঐশ্বর্যকে কমিয়ে দেয়।”

পোপ ফ্রান্সিসকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি ‘নন-বাইনারি’ (নারীও নয়, পুরুষও নয়) ব্যক্তি সম্পর্কে জানেন কিনা; জবাবে ইতিবাচক সাড়া দেন তিনি। এছাড়া ক্যাথলিক চার্চে এলজিবিটিদের স্বাগত জানানোর বিষয়টিও উল্লেখ করেন।

Image

‘দ্য পোপ অ্যানসার্স’ ডকুমেন্টারির পোস্টার।

ব্যাপকভাবে প্রচলিত নারী-পুরুষ সম্পর্কের বাইরে লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল ও ট্রান্সজেন্ডারদের সংক্ষেপে ‘এলজিবিটি’ বলা হয়। এরা নিজেদের ‘নন-বাইনারি’ বলেও পরিচয় দেন।

পোপ বলেন, “সকলেই ঈশ্বরের সন্তান, সকল ব্যক্তিই। ঈশ্বর কাউকে প্রত্যাখ্যান করেন না, তিনি একজন পিতা। তাই চার্চ থেকে কাউকে বাদ দেওয়ার অধিকার আমার নেই।”

গর্ভপাতের বিষয়ে তিনি বলেন, গর্ভপাত করা নারীদের প্রতি যাজকদের ‘সদয়’ হওয়া উচিত। তবে এই চর্চা অগ্রহণযোগ্য।

“প্রত্যেককে তাদের সঠিক নামেই অবহিত করা উত্তম। যার গর্ভপাত হয়েছে তার পাশে থাকা এক জিনিস, আর আইনকে নায্যতা দেওয়া আরেক জিনিস।”

রয়টার্স জানিয়েছে, ভ্যাটিক্যানের সরকারি ‘লোসেরভাতুরে রোমানো’ সংবাদপত্রে পোপের এসব মন্তব্য ছাপা হয়েছে, যেখানে তরুণদের সঙ্গে পোপের সেই আলাপকে ‘উন্মুক্ত ও আন্তরিক সংলাপ’ হিসেবে বর্ণনা করা হয়েছে।

আরও পড়ুন-

পুরানো খবর:

এমনকি নানরাও এখন পর্ন দেখছে, সতর্ক করলেন পোপ

পুরানো খবর:

হাসপাতাল ছেড়েছেন পোপ ফ্রান্সিস

পুরানো খবর:

নারীদের জন্য সমান সুযোগ উন্নততর বিশ্ব গড়ার চাবিকাঠি: পোপ

পুরানো খবর:

সম্পদ আর ক্ষমতার লোভে মানুষ গ্রাস করছে প্রতিবেশীকেও: পোপ