২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তে লড়াই নিয়ে হিজবুল্লাহ ও লেবাননকে ইসরায়েলের হুঁশিয়ারি

উত্তর ইসরায়েলে জঙ্গিরা গুলি চালানো বন্ধ না করলে সেনাবাহিনী হস্তক্ষেপ করবে। কূটনৈতিক সমাধানের সময় ফুরিয়ে আসছে- বলেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তজ।

সীমান্তে লড়াই নিয়ে হিজবুল্লাহ ও লেবাননকে ইসরায়েলের হুঁশিয়ারি

ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2023, 08:15 PM

Updated : 28 Dec 2023, 08:15 PM

হামলা অব্যাহত রাখলে লেবাননের সীমান্ত থেকে হিজবুল্লাহকে সরিয়ে দিতে কাজ তৎপর হবে ইসরায়েলের সামরিক বাহিনী। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তজ বৃহস্পতিবার এই হুঁশিয়ারি দিয়েছেন।

তিনি বলেন, উত্তর ইসরায়েলে জঙ্গিরা গুলি চালানো বন্ধ না করলে সেনাবাহিনী হস্তক্ষেপ করবে। কূটনৈতিক সমাধানের সময় ফুরিয়ে আসছে।

এরই মধ্যে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) প্রধান বলেছেন, “উত্তরে আরও লড়াইয়ের জন্য সেনারা ‘খুব উচ্চ প্রস্তুতি’ নিয়ে রেখেছে।আমাদের প্রথম কাজ হল উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তা পুনরুদ্ধার করা। এতে সময় লাগবে।”

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে সীমান্তে গোলাগুলি বেড়েই চলেছে। ৮ অক্টোবরের পর বুধবার হিজবুল্লাহ একদিনে সবচেয়ে বেশি আন্তঃসীমান্ত হামলা চালিয়েছে। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স একথা জানিয়েছে।

সীমান্তে এমন হামলার কারণে গাজার সংঘাত পুরো অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়তে পারে বলে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

বুধবার রাতে একটি সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী গান্তজ বলেন, “ইসরায়েলের উত্তর সীমান্ত পরিস্থিতি পরিবর্তনের দাবি রাখে। একটি কূটনৈতিক সমাধানের সময় ফুরিয়ে যাচ্ছে। বিশ্ব ও লেবানন সরকার যদি ইসরায়েলের উত্তরাঞ্চলের বাসিন্দাদের উপর গুলিবর্ষণ ঠেকানো এবং হিজবুল্লাহকে সীমান্ত থেকে দূরে রাখতে কাজ না করে, তাহলে আইডিএফ ব্যবস্থা নেবে।”

পশ্চিমা রাষ্ট্র, ইসরায়েল, উপসাগরীয় আরব দেশ ও আরব লীগ শিয়া মুসলিম সংগঠন হিজবুল্লাহকে ‘সন্ত্রাসী’ গোষ্ঠী আখ্যা দিয়েছে। ইরানের অর্থায়নে এটি সবচেয়ে ভারি অস্ত্রসজ্জিত, অ-রাষ্ট্রীয় সামরিক বাহিনী।

হিজবুল্লাহ প্রাণঘাতী আন্তঃসীমান্ত অভিযান চালানোর কারণে ২০০৬ সালে ইসরায়েলের সঙ্গে তাদের একটি পুরোদস্তুর যুদ্ধ হয়েছিল। ইসরায়েলি সেনারা তখন দক্ষিণ লেবানন আক্রমণ করে।

লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ যোদ্ধা ও তার দুই আত্মীয় নিহত হয়েছে। ইসরায়েলের সীমান্ত থেকে প্রায় ২ কিলোমিটার দূরে অবস্থিত একটি শহর বিনতে জেবিলের একটি বাড়িতে হামলাটি চালানো হয়।

হিজবুল্লাহর এক বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের একজন ইব্রাহিম বাজ্জি। তিনি অস্ট্রেলিয়ার নাগরিক। পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি।

অক্টোবর থেকে লেবাননে ১০০’র বেশি মানুষ নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই হিজবুল্লাহ যোদ্ধা। কিন্তু নিহতদের মধ্যে তিনজন সাংবাদিক-সহ বেসামরিক নাগরিকও আছে।

হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ১১ সপ্তাহের লড়াইয়ে গাজায় ২১ হাজার ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।