২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিব্বতে হোটেলে বিছানার নিচে লাশ, ভয়ে এখনও ঘুমাতে পারেন না অতিথি

পুলিশ জানায়, বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তারা একজনকে গ্রেপ্তার করেছেন।

তিব্বতে হোটেলে বিছানার নিচে লাশ, ভয়ে এখনও ঘুমাতে পারেন না অতিথি

ছবি: বিবিসি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2023, 11:23 PM

Updated : 02 May 2023, 11:23 PM

চীনের এক ব্যক্তি গিয়েছিলেন তিব্বতে। হোটেলে নিজের কক্ষে ঢোকার সঙ্গে সঙ্গে ‘তীব্র দুর্গন্ধ’ পান। বুঝতে পারছিলেন না কোথা থেকে গন্ধ আসছে।

গন্ধ উপেক্ষা করেই বিছানায় ঘুমিয়ে পড়েছিলেন। তিন ঘণ্টা পর ভাঙে ঘুম। তখনও দুর্গন্ধ আছে। পর হোটেল কর্তৃপক্ষকে অভিযোগ করলে তাকে অন্য কক্ষ দেওয়া হয় এবং গন্ধের উৎস খুঁজতে গিয়ে বিছানার নিচে আবিষ্কার হয় পচা লাশ।

 গত ২১ এপ্রিল তিব্বতের লাসায় এ ঘটনা ঘটেছে বলে জানায় বিবিসি। পরে ওই রাতেই পুলিশ তাকে জানায়, বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তারা একজনকে গ্রেপ্তার করেছেন।

 স্থানীয় সংবাদমাধ্যমে চীনা ওই ব্যক্তির নাম জ্যাং বলে জানানো হয়। তিনি পরদিনই লাসা ছেড়ে চলে যান।  

 জ্যাং যে হোটেলে উঠেছিলেন সেটির নাম গুজাং সুহুয়া ইন। উষ্ণ বাতি আর কাঠের বারান্দার কারণে হোটেলটি বেশ জনপ্রিয়। বিশেষ করে ছবি তোলার জন্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই হোটেলে বেড়াতে যাওয়ার প্রচুর ছবি দেখতে পাওয়া যায়।

জ্যাংও ওই হোটেলে তার অবস্থানের অভিজ্ঞতার কথা জানিয়ে অনলাইনে একটি রিভিউ পোস্ট করেছিলেন। কিন্তু শুরুতে ওই পোস্ট অত মানুষের মনযোগ আকর্ষণ করতে পারেনি।

তবে গত ২৮ এপ্রিল অন্য একজন ওই রিভিউর স্ক্রিনশট নিয়ে তা নিজের একাউন্টে পোস্ট করেন। বিষয়টি নিয়ে হইচই পড়ে যায়। হোটেল কর্তৃপক্ষ পোস্টের নিচে মন্তব্যের ঘরে এমন ঘটনা ঘটার কথা পুরোপুরি অস্বীকার করে।

তারপর জ্যাং চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে আবারও তার অভিজ্ঞার কথা শেয়ার করেন। সঙ্গে প্রমাণ হিসেবে তিনি ওই হোটেলে অবস্থানের একটি রশিদের ছবিও পোস্ট করেন।

স্থানীয় সংবাদমাধ্যম তার ওই পোস্টটি লুফে নেয় এবং তার সাক্ষাৎকার নিতে দ্রুত তার সঙ্গে যোগাযোগ করে।

৩০ এপ্রিল প্রকাশিত এক সাক্ষাৎকারে জ্যাং বলেন, ‘‘আমি খুবই ভয় পেয়েছি এবং এখনো আমি আতঙ্কে ঠিকমত ঘুমাতে পারি না।”

তিনি জানান, হোটেল কক্ষে প্রবেশ করার পর তিনি কয়েক ঘণ্টা বিশ্রাম নেন, এমনকী বিছানায় কিছুক্ষণ ঘুমিয়েও নিয়েছিলেন। তারপর তিনি উঠে বাইরে যান এবং কয়েক ঘণ্টা পর রাতের খাবার খেতে যাওয়ার আগে পোশাক পরিবর্তন করতে রুমে ঢোকেন।

রুমে ঢোকার পর আবারও তিনি পচা গন্ধ পান। প্রথমে তার মনে হয়েছিল, সিঁড়ির নিচের বেকারি থেকে ওই গন্ধ আসছে বা ঘর গরম রাখার ব্যবস্থা থেকেও গন্ধ আসতে পারে। এমনকী তার পা থেকে গন্ধ ছড়াচ্ছে কিনা তিনি সেটাও ভেবে দেখেছিলেন।

রাতের খাবার খেয়ে ফেরার পরও রুমে দুর্গন্ধ থেকে যাওয়ায় তিনি তার কক্ষ পরিবর্তনের সিদ্ধান্ত নেন।

গভীর রাতে হোটেলের একজন কর্মী তাকে ডেকে তোলেন এবং সিঁড়ি পেরিয়ে তিনি যে কক্ষ ছেড়ে এসেছেন সেখানে যেতে বলেন।

সেখানে গিয়ে তিনি দেখেন পুলিশ তার বিবৃতি নিতে সেখানে অপেক্ষা করছে। তার ডিএনএ নমুনাও পুলিশ সংগ্রহ করে।

পুলিশ তাকে দুঃশ্চিন্তা করতে নিষেধ করেছিল বলেও জানান তিনি। বলেন, ‘‘তারা আমাকে বলেছিল, তারা এরই মধ্যে এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে।”

পুলিশ এ মামলায় আর কোনো তথ্য দেয়নি। তবে তারা একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে সন্দেহভাজন এক ব্যক্তিকে ভিন্ন একটি প্রদেশের লানঝোউ নগরী থেকে গ্রেপ্তার করা হয়েছে।

জ্যাং বলেন, তিনি যে অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন সেটা তার প্রকাশ করার ইচ্ছা ছিল না। কিন্তু যেহেতু হোটেল কর্তৃপক্ষ পুরো ঘটনা অস্বীকার করেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উপরই অভিযোগের আঙ্গুল তুলেছে তাই তিনি বাধ্য হয়ে সব সত্য সামনে এনেছেন।

জ্যাং এর পরের পোস্টটি রীতিমত ভাইরাল হয়ে যায়।