লেবানন যুদ্ধবিরতির ‘অবিচ্ছেদ্য অংশ’, লেবানিজ ভাই-বোনদের ফেলে যাব না: ইরান
লেবাননে হামলা চালিয়ে ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করছে এবং ইরানের আঙুল এখনও ট্রিগারে আছে বলে হুঁশিয়ার করেছে তেহরান।
যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন একটি অবিচ্ছেদ্য অংশ বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ।
ওদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইসরায়েলের হামলার মুখে লেবানিজ ভাই-বোনদের একা ফেলে যাবে না তার দেশ।
ইরান শুরু থেকেই দাবি করে আসছে যে, তাদের ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধবিরতির আওতায় লেবাননও অন্তর্ভুক্ত। তবে ইসরায়েল ও হোয়াইট হাউজ এই দাবি নাকচ করেছে।
লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর ওপর হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এই হামলার প্রেক্ষাপটে ইরানের পার্লামেন্ট স্পিকার কালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েলের এই যুদ্ধবিরতি লঙ্ঘনের পরিণতি হবে ভয়াবহ।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে কালিবাফ বলেন, “ইরানের মিত্র হিসেবে লেবানন এবং পুরো ‘প্রতিরোধ অক্ষ’ যুদ্ধবিরতির একটি অবিচ্ছেদ্য অংশ।”
তিনি আরও বলেন, “যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য ইসরায়েলকে মূল্য চুকাতে হবে এবং তাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া হবে অত্যন্ত কঠোর।”
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান লেবাননে বুধ ও বৃহস্পতিবার চালানো ইসরায়েলের হামলাকে প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছেন।
তিনি বলেন, “ইরান তার লেবানিজ ভাই-বোনদের কখনওই একা ফেলে যাবে না।”
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ এক পোস্টে পেজেশকিয়ান ইসরায়েলের হামলাকে প্রতারণা এবং সম্ভাব্য সব চুক্তি না মানার বিপজ্জনক লক্ষণ বলে বর্ণনা করেন।
এ ধরনের কর্মকাণ্ড চলতে থাকলে আলোচনা অর্থবহ হবে না বলে উল্লেখ করেন ইরানের প্রেসিডেন্ট। একইসঙ্গে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “আমাদের আঙুল এখনও (বন্দুকের) ট্রিগারেই আছে।”
