Published : 22 Feb 2026, 05:13 PM
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যাওয়ার আগে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা ওয়াশিংটন যেন বিশ্বের সব দেশকে সমান চোখে দেখে সে আহ্বান জানিয়ে বলেছেন, তার দেশ ‘নতুন স্নায়ু যুদ্ধ’ চায় না।
“আমি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে বলতে চাই, আমরা নতুন স্নায়ু যুদ্ধ চাই না। আমরা অন্য কোনো দেশে হস্তক্ষেপ করতে চাই না, আমরা চাই সব দেশকে সমান চোখে দেখা হোক,” ভারতে তিনদিনের সফরের শেষ প্রান্তে নয়া দিল্লিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ওয়াশিংটনে মার্চের প্রথম সপ্তাহে ট্রাম্পের সঙ্গে বৈঠক হবে বলে আশা প্রকাশ করে লুলা বলেন, বৈঠকে তার আলোচ্যসূচির মধ্যে থাকবে বাণিজ্য, অভিবাসন, বিনিয়োগ ও বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অংশীদারিত্ব তৈরি।
রিপাবলিকান ট্রাম্পের শুল্ক নীতি থেকে শুরু করে গাজায় ইসরায়েলের যুদ্ধ, ভেনেজুয়েলা থেকে নিকোলাস মাদুরোকে অপহরণ ও শান্তি পর্ষদসহ অনেক বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে লাতিন আমেরিকার বাম ঘরানার প্রভাবশালী নেতা লুলার দৃষ্টিভঙ্গির ফারাক প্রকট।
শুক্রবার মার্কিন সুপ্রিম কোর্ট বিশ্বের বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রের যাওয়া অনেক পণ্যে ট্রাম্পের আরোপ করা শুল্ক বাতিল করে দেয়। এতে ক্ষুব্ধ ট্রাম্প পরে জানান, তিনি অন্য আইনে বিশ্বের সব দেশ থেকে আমদানি পণ্যে ১৫% শুল্ক বসাতে যাচ্ছেন।
এ প্রসঙ্গে মন্তব্য চাইলে লুলা কিছু বলতে রাজি হননি। এর পরিবর্তে বলেছেন, “যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের মধ্যে সম্পর্ক ভালো জায়গায় যাবে বলে আমি মনে করি।”