২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

হাউজ ডেমোক্র্যাটিক লিডার হাকিম জেফ্রিসের সঙ্গে কুশনারের গোপন বৈঠক

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের আগে দিয়ে এই বৈঠকে দেশের আবাসন সমস্যা, অভিবাসন এবং উচ্চ জীবনযাত্রা ব্যয় সংকট নিয়ে আলোচনা করেছেন দুইজন।

হাউজ ডেমোক্র্যাটিক লিডার হাকিম জেফ্রিসের সঙ্গে কুশনারের গোপন বৈঠক
হাকিম জ্রেফ্রিস। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2026, 11:53 PM

Updated : 16 Sep 2026, 12:59 PM

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) ডেমোক্র্যাটিক দলের নেতা হাকিম জেফ্রিস এবং প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জামাতা ও সাবেক ঊর্ধ্বতন উপদেষ্টা জ্যারেড কুশনারের মধ্যে এক গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

দ্য নিউ ইয়র্ক টাইমস এ খবর জানিয়েছে।নিউ ইয়র্ক সিটির একটি ব্যক্তিগত বাসভবনে দুইজনের পরিচিত এক বন্ধুর আয়োজনে এই বৈঠক হয়।

যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আইনগত কোন কোন বিষয়ে একমত হতে পারে, তা নিয়ে আলোচনা করতে এই বৈঠকে বসেন তারা।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা হাউজের সংখ্যাগরিষ্ঠতা ফিরে পেলে হাকিম জেফরিস পরবর্তী হাউজ স্পিকার হওয়ার দৌড়ে এগিয়ে থাকবেন।

সেই সম্ভাব্য পরিস্থিতি মাথায় রেখেই ট্রাম্প শিবিরের প্রধান ব্যক্তিত্বরা আগেভাগেই একটি কার্যকরী কর্মসম্পর্ক গড়ে তোলার প্রাথমিক ধাপ হিসেবে এই বৈঠক করেছেন বলে মনে করা হচ্ছে।

বৈঠকে যুক্তরাষ্ট্রের আবাসন সমস্যা, অভিবাসন এবং জীবনযাত্রার উচ্চ ব্যয় সংকটের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন জেফরিস এবং কুশনার। এসব ক্ষেত্রে দুই পক্ষের সমঝোতার সুযোগ খোঁজা ছিল আলোচনার অন্যতম লক্ষ্য।

বৈঠক চলাকালে জ্যারেড কুশনার ডেমোক্র্যাট নেতা জেফ্রিসকে হোয়াইট হাউজের বর্তমান চিফ অব স্টাফ সুজি ওয়াইলসের সেঙ্গে সরাসরি বৈঠক করারও পরামর্শ দিয়েছেন।

ট্রাম্পের প্রথম প্রেসিডেন্সির মেয়াদের সময় ফৌজদারি বিচার ব্যবস্থার সংস্কার নিয়ে একসঙ্গে কাজ করার পর থেকে দুই নেতা যোগাযোগ বজায় রেখেছেন।

নেপথ্যে বা গোপনে জেফরিসের সঙ্গে ট্রাম্প জামাতার বৈঠক হলেও বাইরে মধ্যবর্তী নির্ববচনি প্রচারণায় তারা যে রাজনৈতিক বক্তব্য রাখছেন তা সম্পূর্ণ বিপরীত।

নির্বাচনি প্রচারণায় জেফ্রিসকে 'গুন্ডা' আখ্যা দিয়েছেন ট্রাম্প এবং জেফ্রিস প্রশাসনের ওপর কঠোর নজরদারির অঙ্গীকার করেছেন।

উভয় পক্ষের সহযোগীরা আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। অন্যদিকে, জেফ্রিস একটি বিবৃতি প্রকাশ করে জোর দিয়ে বলেছেন, যে কোনও সহযোগিতা নির্ভর করছে রিপাবলিকানদের অর্থনৈতিক নানা উদ্বেগ তুলে ধরার ওপর।