গাজায় ইসরায়েলের হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত: ইসরায়েলি গণমাধ্যম
এই কমান্ডার দুই বছর আগে ইসরায়েলে চালানো হামাসের আক্রমণের অন্যতম স্থপতি বলে দাবি ইসরায়েলি গণমাধ্যমের।
ফিলিস্তিনি ছিটমহল গাজার বৃহত্তম শহর গাজা সিটিতে হামলা চালিয়ে ইসরায়েলি সামরিক বাহিনী হামাসের জ্যেষ্ঠ কমান্ডার রায়েদ সায়েদকে হত্যা করেছে বলে ইসরায়েলের বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে।
বিভিন্ন সূত্রকে উদ্ধৃত করে তারা জানায়, সায়েদ ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে চালানো হামাসের আক্রমণের অন্যতম স্থপতি।
গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ইসরায়েলের এই হামলায় চারজন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন।
এই নিহতদের মধ্যে সায়েদ আছেন কি না, হামাস বা গাজার স্বাস্থ্য কর্মীরা তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করেননি।
ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা গাজা সিটিতে হামাসের এক জ্যেষ্ঠ কমান্ডারকে লক্ষ্যস্থল করেছে। তবে তারা এই জ্যেষ্ঠ কমান্ডারের নাম বা বিস্তারিত জানায়নি।
রয়টার্স লিখেছে, যদি সায়েদ নিহত হয়ে থাকেন তাহলে অক্টোবরে গাজায় যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এটি হবে হামাসের সর্বোচ্চ পর্যায়ের একজন নেতার হত্যাকাণ্ডের ঘটনা।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, এই হামলায় সায়েদকে লক্ষ্যস্থল করা হয়েছে। তিনি সায়েদকে হামাসের উৎপাদক বাহিনীর প্রধান হিসেবে বর্ণনা করেছেন।
রয়টার্স জানিয়েছে, হামাসের সূত্রগুলোও তাকে ইয আল দীন আল-হাদ্দাদের পর সংগঠনটির সশস্ত্র শাখার দ্বিতীয় প্রধান হিসেবে বর্ণনা করেছে। সায়েদ হামাসের গাজা সিটি ব্যাটেলিয়নের প্রধান ছিলেন। এটি হামাসের বৃহত্তম ও সবচেয়ে সুসজ্জিত ব্যাটেলিয়ন।
ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, এর আগে ওই এলাকায় ফিলিস্তিনি যোদ্ধাদের একটি অবকাঠামো ‘পরিষ্কার করার অভিযান চালানোকালে’ একটি বোমা বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা আহত হন।
তবে এ দুটি ঘটনা পরস্পর সম্পর্কিত কি না, তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হতে পারেনি রয়টার্স।
দুই বছর আগে ইসরায়েলে হামাসের যোদ্ধাদের হামলায় প্রায় ১২০০ জন নিহত হওয়ার পর গাজায় ভয়াবহ পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এর মধ্য দিয়ে গাজা যুদ্ধ শুরু হয়ে পরবর্তী দুই বছর ধরে চলে। ওই সময় থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় ৭০ হাজার ৭০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে ছিটমহলটির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। নিহতদের অধিকাংশই বেসামরিক।
